হরিপুরে নিমগাছে ‘অক্সিজেন রোড’

প্রতিবেদন:

·

, , ,

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তবর্তী তোররা-বশালগাঁও সংলগ্ন একটি সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে প্রায় ৩০০ নিমের চারা। পরিবেশবান্ধব সড়ক গড়ে তোলা, ঔষধি বৃক্ষের গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় এলাকায় সবুজায়ন বাড়াতে এ উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’।

‘সবুজে ঘেরা পথ, নির্মল বাতাসের প্রত্যাশা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিমগাছকে ঘিরে গড়ে উঠছে ব্যতিক্রমী উদ্যোগ—যা পরিচিতি পাচ্ছে ‘অক্সিজেন রোড’ নামে।

স্থানীয় গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এ সড়কের দুই পাশে সারিবদ্ধ নিমের চারাগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। সড়কজুড়ে গাছের এই বিন্যাস একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বাড়াচ্ছে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে স্থানীয় মানুষকে উৎসাহিত করার সম্ভাবনাও তৈরি করছে।

চারাগুলো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সড়কটিতে সবুজের বিস্তার আরও বাড়বে বলে আশা করছেন উদ্যোগসংশ্লিষ্টরা।

নিম বাংলাদেশের পরিচিত ঔষধি বৃক্ষগুলোর একটি। ঐতিহ্যগত চিকিৎসায় নিমের পাতা, ছাল, বীজসহ বিভিন্ন অংশ ব্যবহৃত হয়ে আসছে। ঔষধি বৃক্ষ হিসেবে নিমের পরিচিতি থাকলেও কোনো রোগের চিকিৎসায় এর ব্যবহার বৈজ্ঞানিক প্রমাণ ও বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী হওয়া প্রয়োজন। সড়কের পাশে নিমের চারা রোপণের মাধ্যমে এ ধরনের বৃক্ষের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়ানোও উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য।

স্থানীয় বাসিন্দা ও অক্সিজেন রোড সংলগ্ন বসলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির হিমেল বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশদূষণ বড় উদ্বেগের বিষয়। এমন পরিস্থিতিতে সড়কের পাশে বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে রাস্তার পাশে পর্যাপ্ত গাছ থাকলে পথচারী ও স্থানীয় বাসিন্দারা ছায়া পাওয়ার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ পান।

হাকীম আব্দুল হাই নামের একজন বলেন, হরিপুরে নিমগাছ দিয়ে ‘অক্সিজেন রোড’ গড়ে তোলার এই উদ্যোগকে আমি অত্যন্ত ইতিবাচক ও পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে দেখি। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশদূষণ মোকাবিলায় বৃক্ষরোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই। নিমগাছের বহুবিধ ঔষধি গুণাগুণ রয়েছে, পাশাপাশি গাছগুলো সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও ছায়া প্রদানে ভূমিকা রাখতে পারে।

অক্সিজেনের সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন কালবেলাকে বলেন, আমরা চাই, বৃক্ষরোপণ শুধু কোনো নির্দিষ্ট দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মানুষের দৈনন্দিন জীবন ও পরিবেশ রক্ষার সংস্কৃতির অংশ হয়ে উঠুক। এর গুরুত্ব বিবেচনায় নিয়ে আমরা এমন একটি সড়ক গড়ে তুলতে চেয়েছি, যা পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে। চারাগুলোকে বাঁচিয়ে রাখা ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলাই এখন আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, আমরা আশা করি, ‘অক্সিজেন রোড’ স্থানীয় মানুষের কাছে বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণের একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠবে।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর কালবেলাকে বলেন, নিম গাছে রোপন করে একটি সড়কের নাম অক্সিজেন রোড করা হয়েছে এটা আমি শুনেছি, চমৎকার উদ্যোগ। নিম গাছের বহুবিধ ব্যবহার আমরা সকলেই জানি। আমি চাই এই ধরনের উদ্যোগ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক

Read this report in English · ইংরেজি সংস্করণ