বিডি গ্লোবাল ডেস্ক,
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) কাঁচপুরের
চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম হাবিবুল্লাহ শেখ নাসিম (২৩)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, গত মঙ্গলবার রাত থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন।
সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, এশিয়ান হাইওয়ের চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
তিনি জানান, উদ্ধার হওয়া ওই যুবকের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
পুলিশ আরো জানায়, লাশের পকেট থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে নিহতের ছোট বোন মিলি আক্তার লামটি শনাক্ত করেন।
নিহতের ভাগিনা সিফাত বলেন, হাবিবুল্লাহ দেওভোগ এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সাথে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে বাসার কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ,আর
