চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় জোসনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর এলাকায় রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত জোসনা বেগম গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের বাসিন্দা বেলাল হোসেন মতির স্ত্রী। তাঁর বয়স পঞ্চাশোর্ধ।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মাধাইপুর এলাকায় সড়ক পার হচ্ছিলেন জোসনা বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাঁকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাঁকে রাজশাহীতে নেওয়ার পথে রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় মামলা হয়নি। এ কারণে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে জোসনা বেগমকে দাফন করা হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
