বোয়ালমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ (৩) নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ছোলনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত আবিদ শেখ ছোলনা পূর্বপাড়া গ্রামের হাসেম শেখের নাতি এবং সৌদি আরবপ্রবাসী কামাল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে দাদার সাথে ছোলনা এলাকার সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল করতে যায় আবিদ। গোসল শেষে দাদার সাথে বাড়িতে ফেরে সে। পরে বাড়িতে দাদাকে না পেয়ে তাকে খুঁজতে আবার ওই পুকুরপাড়ে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে।

এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে কুশাডাঙ্গা গ্রামের আলতাব হোসেন শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তিনি দ্রুত পুকুরে নেমে আবিদকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা: সাদ বিন মেহের জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বজনেরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আবিদের বাবা কামাল শেখ জীবিকার প্রয়োজনে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ,আর