নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই কিশোর নিহত এবং হাসপাতালে একজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতদের মধ্যে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো: আবু তাহেরের ছেলে মো: শাহাদাত হোসেন এবং একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো: কামালের ছেলে মো: আব্দুল করিম (১৭)।
যেভাবে ঘটে দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাতসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেলে তিন আরোহীই গুরুতর আহত হয়।
আহত কিশোরের অবস্থা ও চিকিৎসা
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশের বক্তব্য
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
