নোয়াখালীতে মেঘনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

বিডি গ্লোবাল ডেস্ক,

নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো: এরশাদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।

নিহত এরশাদ উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক।

নিহতের ভগ্নিপতি (বোনের স্বামী) মো: নুর উদ্দিন বলেন, এরশাদ কৃষি কাজ করত। পাশাপাশি মেঘনা নদীতে জাল দিয়ে চিংড়িসহ অন্যান্য মাছ ধরত। মঙ্গলবার এরশাদ মাছ ধরার জন্য জাল নিয়ে সন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীতে যায়। এরপর থেকে তার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ তার লাশ ভাসতে দেখেন।

নুর উদ্দিনের ভাষ্য, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় জোয়ারের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে। ঘটনাস্থল থেকে তারা লাশ নিয়ে ঘাটে আসছে। সেখানে লাশ দেখে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে।