ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা অসহায় ও নিঃস্ব প্রবীণ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ। বিভিন্ন গণমাধ্যমে ওই দম্পতির অর্থ সঙ্কটের সচিত্র সংবাদ প্রচার হওয়ার পর প্রশাসন এ উদ্যোগ নেয়। ঢাকা- ২০ আসনের সংসদ সদস্য (এমপি) তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন ভুক্তভোগী পরিবারটির কাছে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা হস্তান্তর করেন।

সোমবার (২ নভেম্বর) ভুক্তভোগী পরিবারটির বাড়িতে গিয়ে এ পুনর্বাসন ও আর্থিক অনুদান হস্তান্তর করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ছেলে ও পুত্রবধূকে হারিয়ে এতিম নাতিকে নিয়ে ৮৯ বছর বয়সি হানেছ আলী ও ৭৯ বছর বয়সি সুফিয়া আক্তার দম্পতি বিদ্যুৎ, শৌচাগার ও পানির নলকূপহীন একটি ঘরে অত্যন্ত মানবেতর জীবন কাটাচ্ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে তাদের এই সঙ্কটের সচিত্র সংবাদ প্রচার হওয়ার পর তাদেরকে সহায়তার উদ্যোগ নেন উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে ঘর মেরামতের জন্য টিন, নগদ অর্থ ও একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।

সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ঘর মেরামতের জন্য দুই বান টিন, জীবিকা নির্বাহের জন্য একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ছয় হাজার টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সহ-সভাপতি রকিবুর রহমান ফরহাদ, দফতর সম্পাদক মিকাইল হোসেন ও ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম প্রমুখ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ হানেছ আলী বলেন, ‘দুইটা ছেলে আর বউকে হারিয়ে এতিম নাতিটাকে নিয়ে খুব কষ্টে দিন পার করছিলাম। ঘরে আলো নাই, পানি নাই, টয়লেট নাই। সাংবাদিকরা আমাদের এ কষ্টের কথা তুলে ধরায় আজ সরকার আমাদের দিকে তাকিয়েছে। এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি, এটা নাতিটা চালিয়ে সংসার চালাতে পারবে। আমরা খুব খুশি।’

বৃদ্ধ হানেছ আলীর নাতি বলেন, ‘বাবা-মা মারা যাওয়ার পর দাদা-দাদি ভিক্ষা করে আমাকে বড় করেছেন। উপার্জনের জন্য প্রশাসন থেকে দেয়া এই ভ্যান গাড়িটি এখন আমার বেঁচে থাকার বড় সম্বল হলো। আমি এখন কাজ করে আমার দাদা-দাদিকে খাওয়াতে পারব।’

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন বলেন, ‘গণমাধ্যমে এ অসহায় বৃদ্ধ দম্পতির মানবিক সঙ্কটের বিষয়টি আমাদের নজরে আসে। সংবাদটি দেখার পরপরই আমরা তাৎক্ষণিকভাবে পরিবারটির জরুরি প্রয়োজন মেটাতে এই আর্থিক ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা করেছি।’ এ,আর