যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন, কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, এসএম মমিনুর রহমান, হবিবর রহমান হবি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।
সভায় গত মাসে উপজেলার বিভিন্ন মামলা ও অপরাধের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় সর্বসম্মতিক্রমে সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিজিবি কর্মকর্তাকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।
এ ছাড়া শহরের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
