গাজার মানবিক পরিস্থিতি অবনতি হচ্ছে: ইইউ

প্রতিবেদন:

·

, ,

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। এ অবস্থায় উপত্যকাটিতে আরো বেশি দিন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে এবং সহায়তা সরবরাহের ক্ষেত্রে স্পষ্ট ও পূর্বা নুমানযোগ্য নিয়ম চালুর জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার হাজা লাহবিব।

সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। লাহবিব বলেন, গাজায় মানবিক বিপর্যয় চলছে। শীতের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে।

তিনি জানান, গাজায় প্রায় ৭০ হাজার তাঁবু বন্যার পানিতে ডুবে গেছে। প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী তাঁবুতে দিন কাটাতে হচ্ছে বাস্তুচ্যুত পরিবারগুলোকে। শীতজনিত হাইপোথার্মিয়ায় শিশুরা মারা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

লাহবিব বলেন, গাজায় আশ্রয় উপকরণ, ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন অয়েল ও যন্ত্রাংশসহ জরুরি মানবিক সামগ্রীর প্রবেশ আরো সহজ করতে হবে। বিশেষ করে বেসামরিক ও সামরিক—উভয় কাজে ব্যবহারযোগ্য হিসেবে বিবেচিত কিছু পণ্য (ডুয়াল-ইউজ) সপ্তাহে মাত্র এক দিন প্রবেশের অনুমতি পাচ্ছে।

তিনি বলেন, ত্রাণ প্রবেশের জন্য সপ্তাহের আরো বেশি দিন অনুমতি দিতে হবে এবং এ বিষয়ে নির্ভরযোগ্য ও পূর্বা নুমানযোগ্য নিয়ম থাকতে হবে। বর্তমানে এ ধরনের সরবরাহের ক্ষেত্রে লিখিত নিয়মও নেই বলে মন্তব্য করেন তিনি। ইইউ কমিশনার ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও আহ্বান জানান।

বন্যায় বিপর্যস্ত বাস্তুচ্যুত পরিবারগুলো

গাজায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বেড়েছে। বহু পরিবার জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে। পর্যাপ্ত আশ্রয়, গরম কাপড় ও শীত থেকে সুরক্ষার ব্যবস্থা না থাকায় শিশু ও বয়স্করা বিশেষ ঝুঁকিতে রয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) ১৩ নভেম্বরের প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃষ্টিতে গাজার প্রায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে পরিস্থিতি পর্যালোচনা অব্যাহত থাকায় এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

এর আগে ১৪ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে ইইউ গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়া এবং মানবিক সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রমের জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছিল। সংস্থাটি বলেছে, প্রয়োজনীয় আশ্রয়, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর ঘাটতি এবং প্রবেশে বিধিনিষেধের কারণে গাজার মানুষ এখনো মানবিক জীবনযাপনের উপযুক্ত পরিবেশ পাচ্ছে না।

ইউক্রেন ও সিরিয়ার পরিস্থিতিও তুলে ধরলেন লাহবিব

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের পরিস্থিতিও তুলে ধরেন লাহবিব। তিনি অভিযোগ করেন, রাশিয়া দেশটির তাপ, পানি ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে এবং শীতকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে ইইউ ৫০০টি জেনারেটর, আশ্রয় উপকরণ ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করবে বলে জানান তিনি। এর পাশাপাশি সেপ্টেম্বরের শুরুতে বরাদ্দ দেওয়া ২ কোটি ইউরোর জরুরি সহায়তাও অব্যাহত থাকবে। নরওয়ে চারটি অস্থায়ী সেতু এবং ফ্রান্স ২০০টি বাস সরবরাহ করবে বলেও জানান তিনি।

সিরিয়া প্রসঙ্গে লাহবিব বলেন, চলতি বছর দেশটির জন্য রেকর্ড ২১ কোটি ইউরো মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। সিরিয়ায় প্রায় দেড় কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এবং ৮০ লাখ মানুষ এখনো বাস্তুচ্যুত রয়েছেন।

এ ছাড়া ইয়েমেনে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কারণে ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানান তিনি। এতে সংকটাপন্ন মানুষের কাছে ত্রাণ পৌঁছানো আরো কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে ইইউর একটি মানবিক সহায়তা বিমান সেতুর মাধ্যমে সানা ও এডেনে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন লাহবিব।

Read this report in English · ইংরেজি সংস্করণ