কুষ্টিয়ায় পুলিশের অভিযানে পদ্মার দুর্গম চর থেকে ২৫ জন আটক

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ দখল ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেন।

শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। চরের জমি ও বালুমহাল দখল, মাদক ও অস্ত্র চোরাচালান এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব এলাকায় প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এতে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অপরাধীদের শনাক্ত ও আটকের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতেও অভিযান পরিচালনা করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সন্ত্রাসী ও মাদককারবারিদের তৎপরতা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।’

পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, চরাঞ্চলে অপরাধ নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী তৎপরতা দমনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সময়ে রাজশাহী, পাবনা, নাটোর জেলা পুলিশ পদ্মা নদীর চরাঞ্চলে এই অভিযান চালায় বলে জানা যায়। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ