বিডি গ্লোবাল ডেস্ক,
জয়পুরহাটের কালাইয়ে থানার ভেতর কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে
বুধবার (২১ অক্টোবর) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক কালাই থানা কম্পাউন্ডের ভেতর কাঠের বাটাম দিয়ে পুলিশকে মারধর করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা, এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম নামে ওই যুবক। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো: মাহমুদুল হাসান রকিকে আঘাত করেন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে সে কনস্টেবল মো: মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য এগিয়ে আসলে তার ডান হাতের আঙুলে আঘাত লাগে।
পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে সে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।
আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক আহসান হাবীব থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করেন। এজাহারে অভিযুক্ত আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় আমি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলাম। পুলিশ সদস্যদের প্রতিরোধের মুখে হামলাকারী যুবক দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে আসলামকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’ এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
