চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক জাহিদ হাসানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।
রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঘোষণা করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষক জাহিদ হাসানকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাইট মডেল স্কুলের শিক্ষক জাহিদ হাসান সম্প্রতি ওই প্রতিষ্ঠানের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা।
এরই ধারাবাহিকতায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ অভিভাবক ও সাধারণ নাগরিকরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান নেন। এ সময় তারা অপরাধী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে এ জঘন্য অপরাধের সাথে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি অত্যন্ত জরুরি।
Read this report in English · ইংরেজি সংস্করণ
