১৬ লাখ টন ছাড়াল দেশের সারের মজুত, কৃত্রিম সংকট ঠেকাতে মাঠ প্রশাসনকে নির্দেশ

প্রতিবেদন:

·

,

দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়েছে। বর্তমানে দেশে মোট ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টন সার মজুত রয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট ঠেকাতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সারের প্রকৃত চাহিদা নিরূপণ, সঠিক বরাদ্দ এবং মজুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে মোট সারের মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে।

বর্তমানে দেশে ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন ইউরিয়া, ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন টিএসপি, ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন ডিএপি এবং ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন এমওপি সার মজুত রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে মোট সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন ইউরিয়া, ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন টিএসপি, ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন এমওপি সার রয়েছে। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনা ঠিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কয়েকটি নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে, ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদা অনুযায়ী বরাদ্দ উত্তোলন নিশ্চিত করা, আগের চাহিদা ও মজুতের সঙ্গে তুলনা করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলা চিহ্নিত করা এবং আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নিরূপণ করে আগাম সরবরাহ পরিকল্পনা তৈরি করা।

এ ছাড়া উপপরিচালকদের মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা যাচাই করে যথাসময়ে তথ্য পাঠাতে বলা হয়েছে। অতিরিক্ত কিংবা কম চাহিদার তথ্য পাঠানো থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ডিলারদের দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।

প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের পাশাপাশি শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার বন্ধে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন, মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠানো এবং কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর কথা বলা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাঠ প্রশাসন তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে।

তিনি বলেন, কৃষকদের মধ্যে বিভ্রান্তি ও কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে উপপরিচালকসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে মজুত না করার জন্য কৃষকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব কৃষকই প্রয়োজনীয় সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সে জন্য কঠোর নজরদারি চলছে।

আবদুর রহিম আরও জানান, সারের সরবরাহ ও ব্যবস্থাপনা তদারকিতে সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করবেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক। কৃষকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি করছে।

তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর নজরদারির কারণে এবার আমনেরও বাম্পার ফলন হয়েছে।

কৃষি সচিব আরও বলেন, দেশের উত্তরাঞ্চল কৃষি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র এবং জাতীয় খাদ্যনিরাপত্তায় এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন ও সমন্বিত উদ্যোগের ফলে আসন্ন রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না। কৃষকরা ন্যায্যমূল্যে সময়মতো প্রয়োজনীয় সার পাবেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ