সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

বিডি গ্লোবাল ডেস্ক,

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনু আকন্দ (৬৫) ও শাহাব উদ্দিন আকন্দ (৬৩)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উত্তর পাশে কৃষিজমিতে কাজ করতে যান খারুয়ালী গ্রামের মৃত মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ।

এ সময় জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে একই বাড়ির চাচাতো ভাই মৃত আজিজ আকন্দের ছেলে শাহাব উদ্দিন আকন্দ তাকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকাল ৯টার দিকে তিনি পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন।

বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হলেও তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. নাসির উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে অফিসের কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ,আর