সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে সেটি শনাক্ত ও উদ্ধার করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) ভোরে ঘাতক ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামস তাহির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামস তাহির নিজের মোটরসাইকেল চালিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারে যাচ্ছিলেন। এ সময় জাফলংগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী তাহির মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক শনাক্ত ও উদ্ধারে অভিযান শুরু করে।
শনিবার ভোর ৬টার দিকে জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ঘাতক ট্রাকটি উদ্ধার করা হয়। বর্তমানে ট্রাকটি তামাবিল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল শাহেল বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ ও রক্তের চিহ্নের সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে। ট্রাক উদ্ধারের পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ তুলে নেন এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
