বিডি গ্লোবাল ডেস্ক,
নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে নয় হাজার লিটার পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
এক প্রেস রিলিজে তিনি বলেন, হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় আজ সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দিয়ে আনা নয় হাজার ৫০০ লিটার অবৈধ ও অপরিশোধিত পামওয়েল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিসিজি স্টেশন দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত পামওয়েল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
