রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তুলা শহরে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
অঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়েভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রাতে তুলা শহরের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে।
এর আগে গত শুক্রবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের সুজেমকা এলাকায় ইউক্রেনের গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত এবং দুইজন আহত হওয়ার খবর জানিয়েছিলেন ভারপ্রাপ্ত গভর্নর ইগর কোভালচুক।
একই দিনে রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাতারস্তানে পৃথক ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত তিনজন আহত হন।
এদিকে ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। স্থানীয়ভাবে কিছু পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ সীমিত করা হয়েছে এবং কিছু নিত্যপণ্যের ঘাটতির খবরও পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংকটের কথা স্বীকার করেনি মস্কো।
Read this report in English · ইংরেজি সংস্করণ
