রায়পুরে সাফল্যের স্বীকৃতি পেল জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

বিডি গ্লোবাল ডেস্ক,

লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো: আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।