রাজধানীর বাজারে কমেছে সবজি-মাছের দাম, অপরিবর্তিত ডিম-মুরগি

প্রতিবেদন:

·

,

রাজধানীর বাজারে কমেছে সবজি ও মাছের দাম। মৌসুমি ও শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। মাছের বাজারেও রুই, কাতলা, তেলাপিয়া ও কৈয়ের দাম কমেছে। তবে মুরগি ও ডিমের দাম আগের মতোই রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৩০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ২০ টাকায়।

এ ছাড়া পটল ৩০ টাকা, কচু ৫০ টাকা, শিম ৫০ টাকা, ফুলকপি ২৫ টাকা ও বাঁধাকপি ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, বাজারে মৌসুমি ও শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে।

সরবরাহ স্বাভাবিক থাকায় গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।

সবজি বিক্রেতা রহমান বলেন, ‘এখন বাজারে সবজির সরবরাহ ভালো। মৌসুমি সবজিও বেশি আসছে। তাই গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।

সবজি কিনতে আসা ক্রেতা করিম বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এবার সবজির দাম কিছুটা কম। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিমের মতো সবজি কম দামে পাওয়া যাচ্ছে। এতে বাজারের খরচ কিছুটা কমবে। তবে সব পণ্যের দাম আরও কমলে সাধারণ মানুষের জন্য ভালো হতো। ’

মাছের বাজারেও দাম কমেছে কয়েক ধরনের মাছের। বর্তমানে তেলাপিয়া বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা এবং কৈ মাছ ২০০ টাকায়। গত সপ্তাহের তুলনায় তেলাপিয়া ও কৈ মাছের দাম কেজিতে ২০ টাকা করে কমেছে। রুই ও কাতলার দামও আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

মাছ বিক্রেতারা জানান, বাজারে মাছের সরবরাহ ভালো থাকায় দাম কমেছে।

অন্যদিকে, মুরগির বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। বর্তমানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা, সোনালী মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দামও অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘সবজি ও মাছের দাম কমেছে, এটা স্বস্তির বিষয়। তবে মুরগি ও ডিমের দাম আগের মতোই রয়েছে। বাজারের সবকিছু মিলিয়ে কেনাকাটা করতে হয়, তাই সব পণ্যেই কমা দরকার। ’

Read this report in English · ইংরেজি সংস্করণ