শিক্ষা ডেস্ক:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রীদের হয়রানি ও বহিরাগতদের উৎপাত বন্ধে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। শিক্ষার্থীরা ছাত্রীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।
এর আগে শুক্রবার এক ছাত্রীর অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন বহিরাগতের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপদ ক্যাম্পাস, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও ছাত্রীদের নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, অভিযুক্তদের অভিভাবকদের সঙ্গে কথা বলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানো হয়েছে। অভিযুক্তরা ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর লিখিত মুচলেকাও দিয়েছে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
