ফের আলোচনা চায় যুক্তরাষ্ট্র : কাতার

ইরানের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছে কাতার। এ লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ ও মধ্যস্থতার কাজ চালিয়ে যাচ্ছে দোহা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নিউইয়র্কে কাতার অর্থনৈতিক ফোরমের এক অনুষ্ঠানের ফাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতাকারী দল আলোচনা পুনরায় শুরুর উপায় খুঁজছে। গত কয়েক সপ্তাহে দুই পক্ষের সঙ্গে বিভিন্ন প্রস্তাব ও ধারণা নিয়ে আলোচনা হয়েছে।

আল-আনসারি বলেন, ‘আমরা তেহরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মধ্যস্থতাকারী দলের মাধ্যমে আবার আলোচনা শুরু করা যায় কি না, সে বিষয়ে কাজ করছি। অনেক প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।’

তিনি বলেন, কাতারের লক্ষ্য হলো দুই পক্ষের মধ্যে দূরত্ব কমিয়ে আলোচনায় ফেরার উপযুক্ত সময় ও পথ খুঁজে বের করা।

কাতারের এই কর্মকর্তা আরও বলেন, মার্কিন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার প্রকাশ্য বক্তব্যে তারা একটি সমঝোতায় পৌঁছাতে চায়, এমন বার্তা পাওয়া গেছে। একই সঙ্গে যুদ্ধের অবসানে একটি সমাধান খুঁজে বের করতেও ওয়াশিংটন আগ্রহী বলে জানান তিনি।