ফিলিপাইনের কাছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের বিক্রি বাড়াতে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে ভারত। ২০২২ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহ প্রায় শেষ পর্যায়ে পৌঁছানোর পর নতুন এই চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ভারতের দুটি সূত্রের মতে, নতুন চুক্তির আওতায় ফিলিপাইন প্রায় পাঁচটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে পারে। এতে মোট প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র থাকবে। সম্ভাব্য চুক্তির মূল্য ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার হতে পারে।
ভারতের এক সূত্র বলেন, ‘ম্যানিলা আবারও ব্রহ্মসের প্রায় পাঁচটি ব্যবস্থা কেনার আগ্রহ দেখিয়েছে। এখন তারা ভারতকে অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করছে।’
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ফিলিপাইন তার সামরিক বাহিনী আধুনিকায়ন এবং উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করছে। এ অবস্থায় ভারতের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তিটি আগের ৩৭৫ মিলিয়ন ডলারের ব্রহ্মস ক্রয়াদেশের তুলনায় অনেক বড়। আগের চুক্তিটি ছিল নৌবাহিনীর ব্যবহারের জন্য।
ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি স্থল, সমুদ্র ও আকাশ—তিন ধরনের প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপ করা যায়।
ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও অ্যান্ডোলং রয়টার্সকে জানান, দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অতিরিক্ত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংগ্রহের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
বুধবার দিল্লি ডিফেন্স ডায়ালগে ভার্চুয়ালি বক্তব্য দেয়ার সময় ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো বলেন, তার দেশ আরও ব্রহ্মস ইউনিট সংগ্রহের আশা করছে। এ ব্যবস্থাকে ফিলিপাইনের পরিবেশ ও প্রয়োজনের সঙ্গে আরও উপযোগী করে তুলতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি চাহিদাপত্রও দেয়া হয়েছে।
চুক্তির সম্ভাব্য পরিমাণ ও মূল্য নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ম্যানিলা বেইজিংয়ের সঙ্গে দক্ষিণ চীন সাগরের একাধিক জলসীমা নিয়ে বিরোধের মধ্যে ফিলিপাইন সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে দুই দেশের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রহ্মস অ্যারোস্পেস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
গত বছর ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। ওই সংঘাতে ভারত প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে এই অস্ত্র ব্যবহার করে।
আরও কয়েকটি দেশের সঙ্গে ক্ষেপণাস্ত্র বিক্রির আলোচনা
জুলাই মাসে ইন্দোনেশিয়াকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় ভারত। ভিয়েতনামের সঙ্গেও এ বিষয়ে চুক্তি করেছে দেশটি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে ব্রহ্মস নিয়ে আলোচনা চলছে।
ভারতের প্রতিরক্ষা রপ্তানিও দ্রুত বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে শেষ হওয়া অর্থবছরে দেশটির প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৪.২৪ বিলিয়ন রুপি বা ৪.১১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি ৬২ শতাংশের বেশি বেড়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
