বিষ প্রয়োগে আধাপাকা ধান নষ্ট, কৃষকের সর্বনাশ

প্রতিবেদন:

·

, , , ,

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ঘাস মারার বিষ প্রয়োগে এক কৃষকের আধাপাকা ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় ১৬ জনকে বিবাদী করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক মো. জব্বের ফকির।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের মৃত কালু ফকিরের ছেলে জব্বের ফকিরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। পৈতৃক সূত্রে প্রাপ্ত মালিকানা ও নাদাবি দলিলের ভিত্তিতে বিরোধপূর্ণ জমিতে বোরো ধানের চারা রোপণ করেন তিনি। বর্তমানে ধানগুলো আধাপাকা অবস্থায় ছিল। আর মাত্র ১৫ দিন পরই ধান কেটে ঘরে তোলার কথা ছিল।

কৃষক জব্বের ফকিরের অভিযোগ, জমি নিয়ে আদালতে একটি মিসকেস মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা দীর্ঘদিন ধরে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর রাতের আঁধারে বিবাদীরা আদ্রা মৌজার ২২৭০ নম্বর দাগের ১৭ দশমিক ৮৩ শতাংশ জমিতে ঘাস মারার বিষ প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে জমির সব ধান নষ্ট হয়ে যায়। ফলে প্রায় ১৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শান্তি ভঙ্গের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা করা হবে।’

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Read this report in English · ইংরেজি সংস্করণ