প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, নিম্ন আয়ের পেশাজীবী, ছোট ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো সম্পত্তি বন্ধক বা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতার পাশাপাশি সর্বোচ্চ দুজন ব্যক্তিগত জামিনদার থাকতে হবে।
এ ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে কেন্দ্রীয় ব্যাংকের ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ তহবিলের কার্যক্রম সার্কুলার জারির দিন থেকে আগামী পাঁচ বছর চালু থাকবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কাজে যুক্ত করা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।
কারা পাবেন এই ঋণ?
নতুন নীতিমালা অনুযায়ী, জেলে, ছুতোর, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ এ ঋণ নিতে পারবেন। পাশাপাশি ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, আচার-পিঠা প্রস্তুতকারক, ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিকরাও এ সুবিধার আওতায় থাকবেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনোহারি দোকানদার, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট, খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং শাকসবজি, ফল ও ফুলের ব্যবসায়ীরা ঋণ পাবেন।
এ ছাড়া হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্য ও চিংড়ি চাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, ফ্রিল্যান্সার এবং উদ্ভাবনী কাজে জড়িতরাও এ ঋণের জন্য যোগ্য বিবেচিত হবেন।
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ অগ্রাধিকার রাখা হয়েছে। বিতরণ করা মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহকদের দিতে হবে। এ ক্ষেত্রে প্রান্তিক ও অতিক্ষুদ্র নারী উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন।
কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ নিতে পারবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও সাধারণ কৃষকেরা এ সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও মহামারিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য ঋণ নিতে পারবেন।
প্রবাসীদের রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশফেরত কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে।
শিক্ষার্থীদের ক্ষেত্রে ২৫ বছরের কম বয়সী সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল শিক্ষার্থীরা এ ঋণ পাবেন। কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের জন্য অভিভাবকের জামিনে ঋণ নেওয়া যাবে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করতেও ঋণের সুযোগ রয়েছে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় এবং শিক্ষা উপকরণ কেনার জন্য অভিভাবকের জামিনে ঋণ গ্রহণে অগ্রাধিকার পাবেন শিক্ষার্থীরা।
একক ও দলগত ঋণের পরিমাণ কত?
নীতিমালা অনুযায়ী, একজন একক গ্রাহক বা অতিক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণের পরিমাণ নির্ধারিত হবে তাঁর প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে।
পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো সম্পত্তি বন্ধক বা জামানত লাগবে না। তবে সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি দিতে হবে।
দলগতভাবে ঋণ নিতে চাইলে দুই থেকে পাঁচজন মিলে একটি দল গঠন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা এবং পুরো দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবে। তবে ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের প্রত্যেক সদস্য যৌথ ও ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন।
অনুমোদিত ঋণের অর্থ ১০, ৫০ অথবা ১০০ টাকার নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করা হবে। যাঁদের এ ধরনের হিসাব নেই, তাঁদের নতুন করে হিসাব খুলতে হবে।
সুদের হার ও পরিশোধের মেয়াদ
বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও মুনাফার হার ৭ শতাংশের বেশি হতে পারবে না।
ঋণ পরিশোধ শুরুর আগে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি পাওয়া যাবে। এ বিরতিসহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ৬০ মাস বা পাঁচ বছর।
গ্রেস পিরিয়ড শেষ হলে ব্যাংকগুলো মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক কিস্তিতে ঋণের আসল ও মুনাফা আদায় করতে পারবে।
যাঁরা ঋণ পাবেন না
ঋণখেলাপিরা এ স্কিমের আওতায় ঋণ নিতে পারবেন না। এ ছাড়া সরকার বা বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ পরিশোধ বা সমন্বয় না করলে নতুন ঋণ পাওয়া যাবে না।
ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর আগের ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেওয়া যাবে না।
ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, এমএফএস এবং অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় করতে পারবে। নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত কোনো সার্ভিস ফি নেওয়া যাবে না। ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে তদারকি করতে হবে এবং প্রতি তিন মাসে এ-সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
