চৌগাছায় ছয় দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে যশোরের চৌগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের গ্রাহকরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংকের চৌগাছা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, চৌগাছা, যশোর-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা আজাদ হোসাইন, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, মাস্টার আব্দুস সালাম, রবিউল ইসলাম, আবুল খায়ের, সহকারী প্রভাষক দিরাজুল ইসলাম ও শাহিনুর রহমান প্রমুখ। এতে ব্যাংকের নারী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।

কর্মসূচি থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া, অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করা, দালালচক্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্যাংকসংক্রান্ত অনিয়মের বিচার ও আইনি ব্যবস্থা নিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

গ্রাহক ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। চলমান সংকটে গ্রাহকদের মধ্যে যেন আমানত নিয়ে অনিশ্চয়তা তৈরি না হয় এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বিবেচনার আহ্বান জানান তারা। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ