তৈরি পোশাক খাতে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে বাড়তি উৎপাদন ব্যয় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি কারখানার আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিজিবিএ। শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার মান এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার, শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তবে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কারখানাগুলোর আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছে সংগঠনটি। বিশেষ করে সীমিত মুনাফা ও আর্থিক সক্ষমতার কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে চাপের মুখে পড়তে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবিএর মতে, মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা জরুরি। এ জন্য তৈরি পোশাকশিল্পের প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি, ক্রেতাদের চাহিদা, উৎপাদন ব্যয় ও সরবরাহব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিদেশি ক্রেতা ও উৎপাদনকারী কারখানার মধ্যে সমন্বয়কারী হিসেবে বায়িং হাউসগুলো নতুন মজুরি কাঠামোর কারণে সৃষ্ট অতিরিক্ত উৎপাদন ব্যয়ের যৌক্তিক মূল্য সমন্বয়ে ভূমিকা রাখতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবিএ সভাপতি বলেন, মজুরি কাঠামো বাস্তবায়নে কারখানা ও বায়িং হাউসের মধ্যে ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাস্তবসম্মত ও যৌক্তিক অবস্থান গ্রহণের মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করা প্রয়োজন। বিজিবিএর সদস্যরা এ সমন্বয় ও সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করবেন। তার মতে, সরকার, শ্রমিক, মালিকপক্ষ, বায়িং হাউস ও আন্তর্জাতিক ক্রেতারা সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে তৈরি পোশাকশিল্পকে শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই করে গড়ে তোলা সম্ভব।
Read this report in English · ইংরেজি সংস্করণ
