চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা তুলে ধরলেন মাহ্দী আমিন

প্রতিবেদন:

·

,

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, দুর্যোগকবলিত মানুষের সহায়তায় সরকার দ্রুত ও সমন্বিতভাবে কাজ করছে।

শুক্রবার (১০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে মাহ্দী আমিন জানান, কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসক, ইউএনও, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের সমন্বিতভাবে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদেরও মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মাহ্দী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্ত এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

সরকার জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জন্য ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিশুখাদ্য ও তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

উদ্ধার কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীও কাজ করছে। বিভিন্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিচ্ছেন।

ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কিলোমিটার রেলপথ ৫ ফুট উঁচু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের পরিকল্পনাও সরকারের রয়েছে।

ফেসবুক পোস্টের শেষাংশে মাহ্দী আমিন বলেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত, সমন্বিত উদ্যোগ ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ