কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুলাহাজারার পূর্ব মাইজপাড়া এলাকার যতীন্দ্র মোহনের ছেলে বাবুল কান্তি দে (৬৫) এবং খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মনিরুল খালেদ (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ব্রিজের কাছে একটি বাস বাবুল কান্তিকে চাপা দেয়। এ সময় পেছনে থাকা তার মোটরসাইকেল আরোহী ছেলে রনি দে, বাবা বাবুল কান্তিকে রাস্তার ওপর ছটফট করতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, খুটাখালী এলাকায় আরেক দুর্ঘটনায় মনিরুল খালেদ নামে মোটরসাইকেলচালক নিহত হন।
ডুলাহাজারার মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই মোটরসাইকেল চালক মারা যান। এঘটনায় দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
