গৃহবন্দি সোনম ওয়াংচুক

প্রতিবেদন:

·

, ,

জলবায়ু বিষয়ক আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করা হয়েছে। একই সঙ্গে তাকে জনসভা, সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। লেহর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক আদেশে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এর একদিন আগে লাদাখি গোষ্ঠীগুলো বিক্ষোভের স্থান থেকে সরিয়ে নেয় ওয়াংচুককে। আগামী ৪ঠা ডিসেম্বর সেখানে হিল কাউন্সিলের নির্বাচন করতে চাইছে সরকার।

তার বিরোধিতা করে আয়োজন করা হয়েছিল ওই বিক্ষোভ। লাদাখ প্রশাসন জানিয়েছে, পুলিশের প্রতিবেদন এবং লেহর পুলিশ প্রধানের একটি চিঠির ভিত্তিতে ওয়াংচুকের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা ও বিধিনিষেধ আরোপের আদেশ জারি করা হয়েছে। তার চলাচলে বিধিনিষেধ আরোপ করতে ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা প্রয়োগ করেছেন। বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

৪ঠা ডিসেম্বর লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (এলএএইচডিসি) নির্বাচনের আগে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াংচুক ও অন্যান্য স্থানীয় নেতারা নির্বাচনের সময়সূচির বিরোধিতা করছেন। তাদের যুক্তি, শীতকালীন পরিস্থিতি ও মৌসুমি অভিবাসনের কারণে লাদাখের বহু ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন। ওয়াংচুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার আদেশ জারির কয়েক ঘণ্টা আগে এই জলবায়ু আন্দোলনকর্মী জানিয়েছিলেন, তাকে গৃহবন্দি করা হয়েছে এবং তার বাড়ির চারপাশে কয়েক ডজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি গৃহবন্দি। কয়েক ডজন সশস্ত্র নিরাপত্তারক্ষী আমার বাড়ি ঘিরে রেখেছেন।

অথচ সরকারের ভাষ্য, আমাকে ‘বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে’। সবকিছুই ঘটছে অস্বস্তিকর প্রশ্ন তোলার কারণে। যেমন, গত বছরের লেহতে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশে বিলম্ব কেন? আর শীতের মাঝামাঝি সময়ে মানুষের ওপর রকেটগতিতে একটি ভুয়া কাউন্সিল নির্বাচন চাপিয়ে দেয়া হচ্ছে কেন? পুরো লাদাখ প্রতিবাদে উত্তাল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে আমার এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্রচার-প্রসার ব্যাপকভাবে কমিয়ে দেয়া হয়েছে। দয়া করে এই বার্তাটি ছড়িয়ে দিতে সাহায্য করুন।

২০১৯ সালে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের পর প্রথম বড় ধরনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে প্রশাসন। শীতকালে নির্বাচন আয়োজনের প্রতিবাদ এবং বয়কটের আহ্বানের মধ্যেই লাদাখের আটটি স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের (এলএএইচডিসি) নির্বাচন ৪ঠা ডিসেম্বর হওয়ার কথা। আটটি পরিষদের মোট ১০০টি আসনে নির্বাচন হবে। এর মধ্যে ৩৬টি আসন নারীদের জন্য সংরক্ষিত।

লাদাখ প্রশাসনের ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৭ই নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১৮ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীরা ২০শে নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ৮ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। লেহ ও কারগিলে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের মধ্যেই এ নির্বাচন হতে যাচ্ছে।

রাজনৈতিক ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়ে আসছে। লাদাখের মুখ্য সচিব আশিষ কুন্দ্রা জানিয়েছেন, সাবেক লেহ ও কারগিল জেলায় ২৬টি করে নির্বাচনী আসন ছিল। আটটি নতুন জেলা গঠনের পর আসনসংখ্যা বাড়িয়ে প্রতিটি জেলায় ৫০টি করে করা হয়েছে। ফলে মোট আসন দাঁড়িয়েছে ১০০টি। শীতকালে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে কুন্দ্রা বলেন, আবহাওয়ার কারণে যাতে ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত না হন, সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, ভোটকেন্দ্রগুলোতে হিটার রাখা হবে। বয়স্ক ভোটারদের জন্য পৃথক সারির ব্যবস্থা করা হবে। ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। কুন্দ্রা বলেন, লাদাখের স্কুলগুলো সাধারণত ১৫ বা ১৬ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকে। এই সময়ে শিশুরা যদি স্কুলে যেতে পারে, তাহলে প্রাপ্তবয়স্কদের ভোট দিতে বাইরে আসতে অসুবিধা হওয়ার কথা নয়।

নির্বাচিত পরিষদগুলো দ্রুত গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, নতুন নির্বাচিত পরিষদগুলো আগামী অর্থবছরের বাজেট প্রস্তুতির জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস সময় পাবে। পুনর্গঠিত পরিষদগুলোর ক্ষমতা সম্পর্কে মুখ্য সচিব স্পষ্ট করেছেন, নতুন নির্বাচিত এলএএইচডিসিগুলো তাদের বিদ্যমান আইনগত ক্ষমতা বজায় রাখবে। পাশাপাশি ৭৩তম সাংবিধানিক সংশোধনীর আওতায় জেলা পর্যায়ের পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত অতিরিক্ত দায়িত্বও পালন করবে।

কুন্দ্রা জানান, জেলার জনসংখ্যা এবং বিজ্ঞাপিতে এলএএইচডিসি বিধিমালা অনুসারে সীমানা পুনর্নির্ধারণের কাজ করা হয়েছে। এসব বিধি অনুযায়ী, কোনো নির্বাচনী এলাকা গঠনের জন্য পঞ্চায়েত হালকা বা পৌরসভার ওয়ার্ডকে ভাগ করা যাবে না। তবে দুই বা তার বেশি পঞ্চায়েতকে একত্রিত করে একটি নির্বাচনী এলাকা গঠন করা যেতে পারে। পার্বত্য পরিষদ, পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা একই সময়ে করার সম্ভাবনাও খতিয়ে দেখছে প্রশাসন। কুন্দ্রা বলেছেন, একটি নির্বাচনের ফলাফল যেন অন্য নির্বাচনের ওপর প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সুপারিশ করা হবে।

এদিকে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনও চলছে। লাদাখে মোট ১৯২টি পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে ৫৫টি পঞ্চায়েতের সরপঞ্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং তাদের নির্বাচনী সনদ দেয়া হয়েছে। বাকি ১৩৭টি সরপঞ্চ পদে ভোট হবে। পঞ্চায়েত সদস্য পদেও বেশ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোতে নির্বাচন হবে। লেহ পৌরসভায় ২১টি ওয়ার্ডে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কারগিল পৌর পরিষদে রয়েছে ১৭টি ওয়ার্ড। এর মধ্যে চারটি ওয়ার্ডে প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে।