ডনবাস ছাড়লে ন্যাটো পাওয়া যাবে: জেলেনস্কি

প্রতিবেদন:

·

, ,

ন্যাটো সদস্যপদের বিনিময়ে পূর্ব ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন মধ্যস্থতাকারীরা এই ধারণাটি সামনে এনেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান। তবে যুক্তরাষ্ট্র এই মন্তব্যের সত্যতা নিশ্চিত করেনি। একজন মার্কিন কর্মকর্তা জানান, চূড়ান্ত চুক্তিতে উভয় পক্ষকেই সম্মত হতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শেষ করতে মার্কিন উদ্যোগের অংশ হিসেবে এই প্রস্তাব আসে। মার্কিন দূতেরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সাথে দেখা করার পর তিনি এই মন্তব্য করেন। ইউক্রেন দীর্ঘকাল ধরে এই সামরিক জোটের সদস্যপদ চেয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ এর আগে এর বিরোধিতা করেছিল। অন্যদিকে রাশিয়াও তাদের সীমান্তে ন্যাটোর আরেকটি সদস্য মেনে নিতে অস্বীকৃতি জানায়। ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া শিল্পাঞ্চল ডনবাসের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে।

শনিবার এক মন্তব্যে জেলেনস্কি জানান, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে ডনবাস থেকে সরে আসবে কিনা, আমেরিকানরা এমন প্রশ্ন তুলেছিল। তিনি আরও জানান, যদি তিনি নিরাপত্তা গ্যারান্টি এবং দেশ পুনর্গঠনের তহবিলসহ নির্দিষ্ট প্রস্তাব পান, তবে তিনি এ বিষয়ে গণভোটে দেবেন। মার্কিন দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সাথে এক দফা আলোচনার পর বৃহস্পতিবার ডাবলিনে জেলেনস্কির সাথে দেখা করেন।

ক্রেমলিনের কর্মকর্তাদের মন্তব্য থেকে বোঝা যায়, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এর আগে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা এবং ভূখণ্ড ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল তারা। ইউক্রেন তা প্রত্যাখ্যান করে। জেলেনস্কি জানান, মার্কিন মধ্যস্থতাকারীরা বিশ্বাস করেন, শান্তি অর্জনের জন্য কিয়েভকে কেবল ভূখণ্ড ছেড়ে দিতে হবে।

জেলেনস্কির মন্তব্যের পর জ্যারেড কুশনার এই সংবেদনশীল প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানান। তিনি জানান, ভয়ানক যুদ্ধ শেষ করার বিষয়ে নতুন ধারণা অন্বেষণের লক্ষ্যে ব্যক্তিগত আলোচনা চলছে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। রাশিয়া জানায়, চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে না। এদিকে রাশিয়ার অভ্যন্তরে তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলার জেরে কিয়েভ এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জেলেনস্কি এর আগে জানান, শান্তি চুক্তিতে পৌঁছানোর কয়েক মাসের মধ্যে তিনি নির্বাচন করতে ইচ্ছুক এবং ন্যাটোর সদস্যপদের বিনিময়ে তিনি প্রেসিডেন্টের পদ ছেড়ে দেবেন।