কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বড় ভাইয়ের লাশ উদ্ধার

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলার আসামি বড় ভাই নুরুল ইসলাম হাওলাদারের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ মহিষকান্দি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম হাওলাদার দক্ষিণ মহিষকান্দি গ্রামের মরহুম মমিন উদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন-চার বছর আগে আপন ছোট ভাই বেল্লাল হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে নুরুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনায় নিহতদের বোন ফিরোজা বেগম কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় প্রায় দুই বছর কারাভোগের পর এক বছর আগে জামিনে মুক্তি পেয়েছিলেন নুরুল ইসলাম।

স্বজনরা জানান, শুক্রবার (১৬ অক্টোবর) মামলার বাদী ও নিহতের বোন ফিরোজা বেগম জমি বিক্রি করার উদ্দেশ্যে নুরুল ইসলামের বাড়িতে আসেন। এ সময় নুরুল ইসলাম মামলাটি তুলে নেয়ার অনুরোধ জানালে দুই ভাই বোনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

স্বজনরা আরো জানান, আজ (শনিবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় বসতবাড়ির দক্ষিণ পাশে এক প্রতিবেশীর আমগাছের ডালের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন নুরুল ইসলাম। পরে স্থানীয় বাসিন্দারা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতের ছেলে অটোচালক সাকিব হাওলাদার ও স্ত্রী পাখি বেগম জানান, দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা ও পারিবারিক মানসিক চাপের কারণে হয়তো নুরুল ইসলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এ, আর

Read this report in English · ইংরেজি সংস্করণ