কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন মালিক

প্রতিবেদন:

·

, ,

চীনে নিজের প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতের কষ্টের কথা ভেবে কয়েকজন কর্মীকে নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক রেস্তোরাঁমালিক। চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন মা ইয়ানলি। তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা বৈদ্যুতিক স্কুটারে কাজে যাতায়াত করেন।

শীত, বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ায় তাঁদের ভোগান্তি দেখে তিনি এই উদ্যোগ নেন।গত ২৪ সেপ্টেম্বর কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে বিএমডব্লিউর একটি শোরুমে যান মা ইয়ানলি। কর্মীদের বলা হয়েছিল, সেখানে একটি বৈঠক হবে। কিন্তু শোরুমে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, তাঁদের নতুন গাড়ি উপহার দেওয়া হচ্ছে।

প্রতিটি গাড়ির দাম প্রায় ৩ লাখ চীনা ইউয়ান বা ৫৫ লাখ ৭০ হাজার টাকা। কর্মীদের উপহার দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগেই গাড়িগুলো কিনেছিলেন মা ইয়ানলি।

উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে বলেন, ‘আমি ভীষণ আনন্দিত! আগে কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবতেও সাহস করিনি।’ তিনি জানান, বিএমডব্লিউর শোরুমে যাওয়ার পথে মা ইয়ানলি তাঁকে বলেছিলেন, একটি বড় খেলনা উপহার দেবেন।

কর্মীর লাল হয়ে যাওয়া মুখ দেখে উদ্যোগ

কর্মীদের এমন উপহার দেওয়ার পেছনের কারণও জানিয়েছেন মা ইয়ানলি। একদিন ঠান্ডার মধ্যে যাতায়াত করে কাজে ফেরার পর এক কর্মীর মুখ লাল হয়ে যেতে দেখেছিলেন তিনি। ঘটনাটি তাঁকে ভাবিয়ে তোলে।

মা ইয়ানলি প্রশ্ন তোলেন, তিনি নিজে যখন আরামে যাতায়াত করতে পারেন, তখন কর্মীদের কেন এমন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। কর্মীদের প্রতি তাঁর এই মনোভাব থেকেই গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত আসে।

ব্যবসার সাফল্যে কর্মীদের অবদান

নিজের প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কর্মীদের সম্মিলিত অবদান রয়েছে বলে মনে করেন মা ইয়ানলি। তাঁর বিশ্বাস, ব্যবসা ভালো করলে কর্মীদেরও সেই সাফল্যের সুফল পাওয়া উচিত। কর্মীদের গাড়ি উপহার দেওয়াকে সেই ভাবনারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কর্মীদের প্রতি মালিকের উদারতা ও তাঁদের ভোগান্তি নিয়ে ভাবনার প্রশংসা করেছেন। পাশাপাশি কর্মীদের পরিশ্রমের স্বীকৃতি দেওয়া এবং প্রতিষ্ঠানের সাফল্যে তাঁদের অংশীদার করার উপায় নিয়েও আলোচনা শুরু হয়েছে।