উগান্ডায় নরখাদক গ্রেপ্তার, ৩৮ জনকে হত্যা করে খাওয়ার অভিযোগ

প্রতিবেদন:

·

, ,

উগান্ডার নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গত ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খাওয়ার অভিযোগ রয়েছে। দেশটির সামরিক প্রধান এই তথ্য জানান। অভিযুক্তের নাম মুজুরিজি মোসেস।

২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির মাসাকা, ইবান্দা এবং কাজো জেলায় তিনি এসব অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি মোসেসকে দেশের ইতিহাসের অন্যতম জঘন্য সিরিয়াল কিলার এবং নরখাদক হিসেবে বর্ণনা করেছেন। অভিযুক্তের প্রকাশ্যে বিচার করা হবে বলেও তিনি জানান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এক্সে এক পোস্টে জেনারেল কাইনেরুগাবা লেখেন, আমি দেশের নাগরিকদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নিরাপত্তা বাহিনী ভয়ংকর মুজুরিজি মোসেসকে গ্রেপ্তার করেছে। সে উগান্ডার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সিরিয়াল কিলার এবং নরখাদক। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে সে মাসাকা, ইবান্দা ও কাজোতে ৩৮ জনকে হত্যা করে খেয়েছে। আমরা প্রকাশ্যে তার বিচার করব।

বছরের পর বছর ধরে ধারাবাহিক নৃশংস হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে মোসেসের বিরুদ্ধে। স্থানীয় তদন্তকারীদের মতে, সে পুরো পরিবারকে লক্ষ্যবস্তু বানাতো। মানুষের বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালাতো সে।

সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, সবচেয়ে নৃশংস ঘটনাটিতে তার সহযোগীরা পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে ঢুকে ভেতরে থাকা সবাইকে কুপিয়ে হত্যা করে।

অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়ে সে শিকারকে প্রলুব্ধ করতো এবং এরপর তাদের হত্যা করতো। অতীতে মোসেসকে কয়েকবার ধরা হলেও সে পালিয়ে যায় বা বিতর্কিত পরিস্থিতিতে মুক্তি পেয়ে যায়।

গ্রেপ্তারের পর কর্তৃপক্ষের লোকজন অভিযুক্তের বাড়ি থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে। এ অঞ্চলের অমীমাংসিত নিখোঁজ ও হত্যাকাণ্ডের রেকর্ডগুলোও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা, যাতে এসব ঘটনার সঙ্গে মোসেসের কোনো যোগসূত্র আছে কি না তা নিশ্চিত হওয়া যায়।

Read this report in English · ইংরেজি সংস্করণ