সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) উদ্ধার করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। পরে দুই লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করে স্বর্ণগুলো যাত্রীদের ফেরত দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটে এ অভিযান চালানো হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও ওসমানী বিমানবন্দর কাস্টমস যৌথভাবে ফ্লাইটটিতে অভিযান পরিচালনা করে। এ সময় আট যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়। যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে স্বর্ণগুলো আটকে রাখা হয়। পরবর্তীতে দুই লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করে স্বর্ণগুলো যাত্রীদের ফেরত দেয়া হয়।
এনএসআই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি জোরদার এবং শুল্ক ফাঁকি রোধে কাস্টমসের তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টাকালে কয়েকজন যাত্রীর স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক প্রদান করায় তাদের স্বর্ণ ফেরত দেয়া হয়েছে।’
