মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে জীর্ণ ও পুরোনো পবিত্র কোরআনের যথাযথ মর্যাদা রক্ষা এবং সম্মানজনকভাবে দাফনের জন্য পরিবেশবান্ধব বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম দ্য বোর্নিও পোস্ট জানায়, সম্প্রতি রাজ্যটির কর্মকর্তারা ১ হাজার ৮০২ কিলোগ্রাম কোরআনের ছাই ২১২টি বিশেষ ‘একিউ-০১’ জৈব-বিয়োজ্য কাগজের ব্যাগে ভরে কুচিং উপকূলসংলগ্ন দক্ষিণ চীন সাগরের নির্ধারিত স্থানে নিক্ষেপ করেন।
সারাওয়াকের বিভিন্ন জীর্ণ কোরআন নিষ্পত্তি কেন্দ্র থেকে সংগ্রহ করে এসব ছাই প্রক্রিয়াজাত করার পর এই বিশেষ ব্যাগে সংরক্ষণ করা হয়। প্রতিটি ব্যাগের ওজন প্রায় সাড়ে আট কিলোগ্রাম এবং পানিতে ফেলার পর চার মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে গিয়ে স্বাভাবিকভাবে বিলীন হয়ে যায়।
সারাওয়াক ইসলামিক ধর্মীয় দপ্তরের (জেইস) কোরআন ইউনিটের প্রধান আব্দুল রহিম রশিদ জানান, জাতীয় ফতোয়া কমিটির নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কোরআনের মর্যাদা রক্ষা করে ইসলামী বিধান অনুসরণ করেই এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “সারাওয়াকের এই পদ্ধতি দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ভিন্ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করায় এটি ধর্মীয় ও পরিবেশগত—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
দক্ষিণ সারাওয়াকে এ ধরনের এটিই প্রথম বৃহৎ কর্মসূচি। এতে সারাওয়াক মুফতি দপ্তর, উপকূলীয় প্রহরী বাহিনী, নৌ-পুলিশ, মৎস্য অধিদপ্তর, নদী বোর্ডসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ এম
Read this report in English · ইংরেজি সংস্করণ
