মাউশির ডিজির নামে ভুয়া কল!

প্রতিবেদন:

·

,

শিক্ষা ডেস্ক:

শিক্ষার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বদলি, নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের ছবি ও পরিচয় ব্যবহার করে একটি নম্বর থেকে দেয়া হচ্ছে ভুয়া কল। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকা এবং কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশি অধিদপ্তর এ বিষয়ে গণমাধ্যমকে অবগত করেছে।

মোবাইল নম্বরটি হলো ০১৯৪২-১৯১৯৫৮।

এর আগেও ৬ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বদলি, নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করার তথ্য জানানো হয়। সে সময় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয় মাউশি।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নাম ব্যবহার করে পদোন্নতি, নিয়োগ, প্রশিক্ষণ ও বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে। কোনো কোনো ক্ষেত্রে এই অসাধু চক্রটি কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজের মাধ্যমেও অর্থ দাবি করছে বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাউশির আওতাধীন কোনো কর্মকর্তা বা অন্য কোনো পরিচয় দিয়ে কাজ করিয়ে দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে, তবে সঙ্গে সঙ্গে ওই প্রতারকের ফোন নম্বর নিকটস্থ থানায় অবহিত করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে মাউশি।

Read this report in English · ইংরেজি সংস্করণ