কম রাজস্ব আদায়, অনুন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি খাতে ভর্তুকির চাপের কারণে বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে যাচ্ছে। অর্থনীতির এই দুর্বলতা কাটাতে জরুরি ভিত্তিতে রাজস্ব ও ভর্তুকি ব্যবস্থায় সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি করতে হবে।
পাশাপাশি ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহায়তা দিতে হবে।
বাংলাদেশের অর্থনীতির পাঁচটি বড় দুর্বলতা চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। এর মধ্যে প্রথমটি কর্মসংস্থানে স্থবিরতা। তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না।
কর্মক্ষম প্রতি পাঁচ নারীর মধ্যে তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে, দেশের মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন।
দ্বিতীয় দুর্বলতা রাজস্ব আদায়ে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর আদায়ের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ৬ দশমিক ৮ শতাংশ।
একই পর্যায়ের অন্যান্য দেশের তুলনায় এই হার অর্ধেকেরও কম।
তৃতীয়ত, উন্নয়ন ও শিক্ষা খাতে ব্যয় কমে যাওয়া। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। একই সময়ে শিক্ষায় ব্যয় নেমে এসেছে জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে।
চতুর্থ দুর্বলতা ঋণের সুদ পরিশোধের চাপ। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। সরকার দেশের ব্যাংকগুলো থেকে বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাওয়ার আশঙ্কাও জানিয়েছে সংস্থাটি।
পঞ্চমত, জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ বেড়েছে। বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি ২০১৭-১৮ অর্থবছরে জিডিপির ০ দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশ হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে এ খাতে সরকারের ব্যয়ের চাপ আরও বাড়তে পারে।
রাজস্ব আয় বাড়াতে বিশ্বব্যাংক পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। প্রথমত, কর প্রশাসন আধুনিক করতে হবে। করনীতি প্রণয়ন ও কর প্রশাসনের কাজ আলাদা করার পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
দ্বিতীয়ত, কর অব্যাহতি কমাতে হবে। ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই সময়ে আদায় করা মোট কর রাজস্বের প্রায় সমান। এ জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য শুল্ক ব্যবস্থায় সংস্কার এবং অপ্রয়োজনীয় কর ছাড় কমানোর সুপারিশ করা হয়েছে।
তৃতীয়ত, জ্বালানির দাম নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। এ জন্য স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গঠন এবং উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মতান্ত্রিকভাবে দাম নির্ধারণের কথা বলা হয়েছে।
চতুর্থত, ভর্তুকি সুনির্দিষ্ট করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশ হয়েছে। এ অবস্থায় ঢালাও ভর্তুকির পরিবর্তে শক্তিশালী সামাজিক নিবন্ধন ও ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থার মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে সরাসরি সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
পঞ্চমত, রাজস্ব সংস্কারের মাধ্যমে বাড়তি যে অর্থ পাওয়া যাবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে ব্যয়ের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।
