পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি

প্রতিবেদন:

·

,

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবের পদ্ধতি ও তথ্যগত ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে চিঠি পাঠিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও পাল্টা পরিসংখ্যান তুলে ধরেছে সংগঠনটি।

চিঠিতে বিজিএমইএ বলেছে, শ্রমিকদের পরিবারের সদস্য এবং উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মধ্যক বা মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র উঠে আসেনি। একই সঙ্গে পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যৌক্তিক নয়।

কারণ, বিজিএমইএর হিসাবে ঢাকা-আরবান এলাকার কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।

এ ছাড়া সিপিডির প্রস্তাবে খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত আবাসন ব্যয় যুক্ত করায় একই খরচ দুবার গণনার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ।

চিঠিতে পোশাকশিল্পের আর্থিক পরিস্থিতিও তুলে ধরেছে সংগঠনটি। বিজিএমইএর দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ।

বিপরীতে একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া ব্যাংক ঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে দাঁড়িয়েছে এবং রপ্তানি প্রণোদনাও কমেছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। অন্যদিকে ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ।

একই সময়ে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় মজুরি বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।

চিঠিতে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেওয়া ৯ শতাংশ ইনক্রিমেন্টের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেছে বিজিএমইএ।

সংগঠনটির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি মজুরি নির্ধারণে শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও বিবেচনা করা প্রয়োজন। এ কারণে সিপিডির প্রস্তাবের পদ্ধতি ও তথ্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।