বিডি গ্লোবাল ডেস্ক,
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাকিল সরকার (২৬) ও রুহুল আমিন (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার রাশেদ মিয়া ওরফে রাশেদুল (৩০), রবিউল প্রধান ওরফে রুবেল (৩৫), সাজু মিয়া (৫৩), আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান (৪২), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাহিন মিয়া (৩০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার মিরাজ মিয়া (২৬)। রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর রাত ২টা ১৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের জামালপুর এলাকায় গাছ কেটে অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটে। এতে আটকা পড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপভ্যান ও মুরগিবাহী একটি গাড়ি।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়। পরে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের আট সদস্যকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে দুটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, ইনফিনিক্স, অপফো ভিভো, অনার ও স্যামসাং ব্র্যান্ডের পাঁচটি স্মার্টফোন এবং একটি ম্যাক্সটেল বাটন ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া গাছ কাটার কাজে ব্যবহৃত একটি করাত ও একটি কাস্তে উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে জেলা পুলিশ। এ,আর
