টাকা ভর্তি হারানো ব্যাগ ফিরিয়ে দিয়েছে অটোরিকশা চালক শরীফ, সততার দৃষ্টান্ত

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া টাকাসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশাচালক মো: শরীফ ইসলাম। ট্রাফিক পুলিশের সহযোগিতায় ব্যাগটি ফিরে পেয়ে চালক শরীফ ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালিক মিলন বালা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার সিপাহীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা মিলন বালা অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত টাকাসহ ব্যাগটি গাড়িতে ফেলে চলে যান।

পরে অটোরিকশাচালক মো: শরীফ ইসলাম ব্যাগটি দেখতে পেয়ে প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। মালিককে খুঁজে না পেয়ে তিনি মুক্তারপুর ট্রাফিক দায়িত্বে নিয়োজিত এটিএসআই হাবিবুর রহমানকে বিষয়টি জানান। পরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে জেলা পুলিশের সহযোগিতায় ব্যাগের প্রকৃত মালিক মিলন বালাকে শনাক্ত করা হয়।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রমাণ যাচাই শেষে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএম মিলন বালার হাতে টাকাসহ ব্যাগটি তুলে দেন।

হারানো ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মিলন বালা। এ সময় তিনি অটোরিকশাচালক শরীফ ইসলাম এবং মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।

অটোরিকশাচালক শরীফ ইসলামের এমন সততা ও দায়িত্বশীলতা সমাজে মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ