জামালপুরের মেলান্দহ উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) এবং এনজিওকর্মী ফাতেমা আক্তার (৫২)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
Read this report in English · ইংরেজি সংস্করণ
