গাছই শিক্ষক কাজিমের সঙ্গী

প্রতিবেদন:

·

, , , ,

হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ার পর জীবন নিয়ে শঙ্কায় দিন কাটছিল শিক্ষক মো. কাজিম উদ্দিনের। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তার হার্টে তিনটি রিং পরানো হয়। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। সেই কঠিন সময়ে চিকিৎসকের দেওয়া একটি পরামর্শ বদলে দেয় তার জীবনের গতিপথ। ফুল ও ফলের বাগান করার সেই পরামর্শ থেকেই শুরু। কয়েকটি ফলগাছ দিয়ে শুরু করা উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে প্রায় পাঁচ একর জমিতে। গড়ে উঠেছে দেশি-বিদেশি ফলের এক ব্যতিক্রমী সংগ্রহশালা।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে কাজিম উদ্দিনের বাড়ি। বাড়িটির নাম ‘মাস্টারবাড়ি’। তিনি বাবুগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিজের বাড়ি ও আশপাশের জমিতে গড়ে তোলা বাগানটির নাম দিয়েছেন ‘মাস্টারবাড়ি মিশ্র ফলবাগান’।

বর্তমানে প্রায় পাঁচ একর জমিতে তার বাগানে রয়েছে দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাতের আড়াই থেকে তিন হাজার গাছ। এসব গাছের মধ্যে রয়েছে মাল্টা, লেবু, কাঁঠাল, আম, আঙুরসহ নানা পরিচিত ও দুর্লভ ফলের জাত। শখের বশে শুরু করা বাগানটি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি বাণিজ্যিকভাবেও পেয়েছেন সাফল্য।

কাজিম উদ্দিন জানান, ২০১৯ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকেরা পরীক্ষা করে তার হার্টে পাঁচটি ব্লক শনাক্ত করেন। এর মধ্যে তিনটিতে রিং পরানো হয়। এরপর থেকে সব সময় মৃত্যুভয় কাজ করত। মনে হতো, হয়তো আর বেশিদিন বাঁচবেন না। এ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আবদুস সাত্তার ভূঁইয়া তাকে ফুল ও ফলের বাগান করার পরামর্শ দেন। সহনীয় পর্যায়ে বাগানের কাজ করলে মন ভালো থাকবে বলে জানান তিনি।

চিকিৎসকের পরামর্শ মেনে বাড়ির আঙিনার পতিত জমিতে কয়েকটি ফলগাছ লাগান কাজিম উদ্দিন। গাছের পরিচর্যা করতে গিয়ে ধীরে ধীরে মানসিক প্রশান্তি ফিরে পান। নিজের প্রতি তৈরি হয় নতুন আত্মবিশ্বাস। শুরুতে দুই বিঘা জমিতে মাল্টা চাষ করলেও পরে বাড়তে থাকে বাগানের পরিধি।

২০২১ সাল থেকে বাণিজ্যিকভাবে ভিয়েতনামি বারোমাসি মাল্টার আবাদ শুরু করেন তিনি। বর্তমানে প্রায় পাঁচ একর জমির মধ্যে তিন একরজুড়ে রয়েছে মাল্টাবাগান। এক একর জমিতে চাষ করছেন কলম্বো ও সিডলেস লেবু। ১৫ শতক জমিতে রয়েছে ভিয়েতনামি ও বারি-৪ জাতের কাঁঠাল। অবশিষ্ট জমিতে বিভিন্ন জাতের ফলগাছ লাগিয়েছেন।

গত ১৯ নভেম্বর সরেজমিনে দেখা যায়, পাকা সড়কের পাশে পাহাড়ি লাল মাটির ওপর টিনশেড বাড়ি। বাড়ির চারপাশে নানা জাতের ফল ও ফুলের গাছ। কোথাও থোকায় থোকায় ফল, কোথাও বাহারি ফুল, আবার কোথাও নতুন পাতার সমারোহ। বাড়ির আঙিনা ছাড়িয়ে পাশের জমিতেও ছড়িয়ে পড়েছে বাগান।

বাগানে রয়েছে থাইল্যান্ডের বারোমাসি আঠাবিহীন কাঁঠাল, অস্ট্রেলিয়ার হলুদ মাল্টা, সাদা জাম, রামবুটান, মিষ্টি তেঁতুল, সৌদি খেজুর, রুবি লংগান, অ্যাভোকাডো, মিসরীয় ও পাকিস্তানি আনার। এ ছাড়া রয়েছে ফিলিপাইনের লাল ও কালো আখ, চেরি, শরিফা, করমচা, বারোমাসি কদবেল ও আমড়ার গাছ।

আমের সংগ্রহও বেশ সমৃদ্ধ। বাগানে রয়েছে মিয়াজাকি, কিউজাই, কিং অব চাকাপাত, আম্রপালি, হাঁড়িভাঙা, কাটিমন ও বারি-৪সহ ২০টির বেশি জাতের আমগাছ। আঙুরের জাত রয়েছে ৩০টির বেশি। দেশের বিভিন্ন এলাকা থেকে এসব গাছের চারা সংগ্রহ করেছেন তিনি। কোনো কোনো চারা কিনতে নিজেই ছুটে গেছেন বিভিন্ন অঞ্চলে। আবার কিছু চারা সংগ্রহ করেছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

শুধু বিদেশি ও নতুন জাত সংগ্রহেই সীমাবদ্ধ নন কাজিম উদ্দিন। হারিয়ে যেতে বসা দেশি ফলের জাত সংরক্ষণেও রয়েছে তার বিশেষ আগ্রহ। বাগানে ‘তাহানপুরা’ বা ‘দশবেল’ নামে পরিচিত একটি দুর্লভ ফলের দুটি গাছ রয়েছে। গাছ দুটিতে ফলও ধরেছে।

শখের বাগানকে বাণিজ্যিক উদ্যোগেও রূপ দিয়েছেন কাজিম উদ্দিন। বিশেষ করে ভিয়েতনামি বারোমাসি মাল্টা চাষে তার আগ্রহ বেশি। তার মতে, এ ফল উৎপাদনে খরচ তুলনামূলক কম, অন্যদিকে বাজারে চাহিদাও রয়েছে।

কাজিম উদ্দিন বলেন, একটি মাল্টাগাছ পরিণত হতে প্রায় চার বছর সময় লাগে। তবে রোপণের পর থেকেই কিছু ফল আসতে শুরু করে। প্রথম বছর অবশ্য তিনি গাছে ফল রাখতে চান না। পরিণত একটি গাছ থেকে বছরে ১২০ থেকে ১৩০ কেজি পর্যন্ত মাল্টা পাওয়া সম্ভব। পাইকারি বাজারে প্রতি কেজি মাল্টা বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায়।

নিজের বাগানের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে তিনি বলেন, ৩০০টি মাল্টাগাছে বছরে জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক বাবদ খরচ হয় প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। বিপরীতে এসব গাছের ফল বিক্রি করে আয় হয় চার থেকে পাঁচ লাখ টাকা। নিজের গরুর গোবর থেকেই অধিকাংশ জৈব সারের চাহিদা পূরণ করেন তিনি।

মাল্টাবাগানে আন্তফসল হিসেবেও চাষের সুযোগ রয়েছে। মাল্টাগাছের ফাঁকা জায়গায় পেঁপে, বেগুন ও সিডলেস লেবু চাষ করা যায় বলে জানান তিনি।

উদ্যোগ দেখে আগ্রহী হচ্ছেন আশপাশের কৃষকেরা

বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কাজিম উদ্দিনের। এরই মধ্যে নতুন করে এক একর জমিতে ফলগাছ লাগিয়েছেন। আরও এক একর জমিতে বাগান করার প্রস্তুতি নিচ্ছেন। তার আশা, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পাহাড় অনন্তপুর গ্রামে মাল্টা চাষের ব্যাপক বিস্তার ঘটবে।

তিনি জানান, বাগান করার শুরুর দিকে তার উদ্যোগ নিয়ে অনেকে হাসাহাসি করতেন। তবে এখন পরিস্থিতি বদলেছে। আশপাশের কৃষকেরাও তার বাগান দেখে ফল চাষে আগ্রহী হচ্ছেন।

শিক্ষকতার ব্যস্ততার মধ্যেও অবসর পেলেই গাছের কাছে ছুটে যান কাজিম উদ্দিন। কখনো গাছের পরিচর্যা করেন, কখনো বসে থাকেন গাছের ছায়ায়। তার কাছে বাগান কেবল আয়-রোজগারের মাধ্যম নয়, মানসিক প্রশান্তিরও ঠিকানা।

কাজিম উদ্দিন বলেন, আমি যখন বাগানে ঢুকি, কোনো গাছের কাছে যাই, তখন মনে হয় গাছটি আমাকে ডাকছে। আমার সঙ্গে কথা বলতে চাইছে, একটু আদর করতে চাইছে। গাছের পরিচর্যা করলে আমার মন ভালো হয়ে যায়। পাঁচ মিনিট সময় পেলেও কোনো না কোনো গাছের নিচে গিয়ে বসি। এখন গাছ ছাড়া আর কিছু ভাবতেও পারি না।

গাছের প্রতি ভালোবাসা থেকে অন্যদেরও গাছ লাগানোর আহ্বান জানান তিনি। তার মতে, গাছ শুধু ফল দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন জোগায় এবং চারপাশের সৌন্দর্য বাড়ায়।

গবেষকদেরও আগ্রহের কেন্দ্র বাগান

কাজিম উদ্দিনের ব্যতিক্রমী ফলবাগান দেখতে বিভিন্ন সময়ে আসছেন কৃষক, শিক্ষক ও গবেষকেরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও বাগানটি পরিদর্শন করেছেন। সম্প্রতি কৃষিপণ্যের বাজারজাতকরণ নিয়ে বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি দলও বাগানটি ঘুরে দেখে।

ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, কাজিম উদ্দিন ব্যতিক্রমী একজন কৃষক। নিজের শখকে কাজে লাগিয়ে তিনি দেশি-বিদেশি নানা জাতের ফলগাছের সংগ্রহ গড়ে তুলেছেন। আমরা তার বাগানে গিয়ে দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের গাছ দেখতে পেয়েছি। এর বাইরেও অনেক সংগ্রহ রয়েছে। কিছু দেশি ফলের জাত এখন মাঠপর্যায়ে খুব একটা দেখা যায় না, তিনি সেগুলোও সংরক্ষণ করছেন। ভবিষ্যতে কৃষি গবেষণার জন্য এ ধরনের সংগ্রহশালা গুরুত্বপূর্ণ হতে পারে।

কৃষি কর্মকর্তা আরও জানান, কৃষি বিভাগ বিভিন্ন সময়ে কাজিম উদ্দিনকে প্রদর্শনী ও নতুন জাতের চারা দিয়ে সহযোগিতা করেছে। তবে তার এই উদ্যোগের পেছনে ব্যক্তিগত আগ্রহ ও প্রচেষ্টাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।