বৈরী আবহাওয়া উপেক্ষা করেও ঈদ উদযাপনে প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ।বুধবার (২৭ মে) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত চাপ। অনেক যাত্রী অভিযোগ করেছেন, টিকিট কেটে নির্ধারিত আসন না পাওয়ায় তাদের দাঁড়িয়ে কিংবা অস্বস্তিকর অবস্থায় ভ্রমণ করতে হচ্ছে। পাশাপাশি ঝুঁকি নিয়ে কিছু যাত্রীকে ট্রেনের ছাদেও ভ্রমণ করতে দেখা গেছে। রেলওয়ে সূত্র জানায়, সকাল ১০টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে মোট ১৮টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা বিলম্বে স্টেশন ছাড়ে। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রেন ধীরগতিতে চলেছে। একইসঙ্গে যাত্রী ওঠানামায় অতিরিক্ত সময় লাগায় কিছু ট্রেন বিলম্বিত হয়েছে। তিনি আরও জানান, ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যাত্রীচাপের কারণে অনেক ক্ষেত্রে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, দুপুরের পর থেকে যাত্রীচাপ কিছুটা কমে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
