বাংলাদেশকে আর আমিত্বের দেশ বানাতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

বাংলাদেশকে আর ‘আমিত্বের দেশ’ বানাতে দেওয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব-২০২৬’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশকে আর কখনো আমিত্বের দেশ আমরা বানাতে চাই না। এই দেশ আমাদের। কেউ যেন বলতে না পারে—আমি এই করেছি, আমার বাবা এই করেছে। কোনো একক ব্যক্তির মাধ্যমে এই স্বাধীনতা আসেনি।

গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমাদের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকার—এখানে ‘আমাদের’ কথাটা আনতে হবে, ‘আমার’ নয়। আমিত্ব বাংলাদেশে আর চলবে না।

দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি; আর নয়, এবার জেগে ওঠার সময় হয়েছে। এ সময় বিপথগামীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যারা এখনো বিপথে আছেন, তাদের প্রতি অনুরোধ—আসুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, গান ও সংস্কৃতি তুলে ধরা হয়।

নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, বিএনপির কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি এম. এ. খায়ের, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।

Read this report in English · ইংরেজি সংস্করণ