জাতীয়

  • সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী

    সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী

    সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।

    সোমবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

    বিএনপির এই নেতা জানান, গতকাল ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কর্মকাণ্ডের কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন বলে দাবি করেন তিনি।

    রিজভী বলেন, দেশে সামাজিক অস্থিরতা তৈরির নানা অপচেষ্টা চলছে। তবে দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করা বিএনপি সহনশীলতার নীতিতে বিশ্বাস করে। চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এসব অপরাধের ক্ষেত্রে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

    তিনি আরো বলেন, ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের বিষয়টি মানুষের জানা। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিভিন্ন নেতাকে কীভাবে ফাঁসির মুখোমুখি করেছে, সেটিও সবার জানা। তাই রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে বিএনপিকে বিপাকে ফেলার চেষ্টা সফল হবে না।

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চায়। ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও তার জোট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। চোরাইপথে কিংবা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা জনগণ মেনে নেবে না।

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে রিজভী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনা করে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন। যাঁর জনপ্রিয়তা বেশি এবং নির্বাচনে জয়ের সম্ভাবনা রয়েছে, তাকেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

    তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরো জোরদার হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারিত হলে সে অনুযায়ী দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

    মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

  • রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: সালাহউদ্দিন

    রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: সালাহউদ্দিন

    নবীন কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও কর্মজীবনে এর কোনো প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়।

    রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নব-যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

    নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সমুন্নত রাখা এবং এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন ও সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে আপনাদের কার্যক্রমের ওপর নির্ভর করে।’

    তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ‘সার্ভিস লাইফে সর্বদা শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ প্রতিপালন করতে হবে।’

    মন্ত্রী বলেন, পুলিশ ও আনসার অন্যান্য ক্যাডার সার্ভিসের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে। এখানে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, যেখানে বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও প্রেজেন্স অব মাইন্ড অত্যন্ত জরুরি। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় সে বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

    উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় বিসিএস (পুলিশ) ক্যাডারে ৮০ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন এবং পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির পর আজ (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

  • মন্ত্রী-এমপিদের তদবির বদলি-পদোন্নতিতে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    মন্ত্রী-এমপিদের তদবির বদলি-পদোন্নতিতে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    মন্ত্রী-এমপিদের তদবির বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের বদলি ও পদোন্নতিতে এই তদবির বন্ধে কঠোর অবস্থান নিচ্ছে সরকার।

    সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক সহকারী প্রকৌশলীকে ঢাকায় বদলির সুপারিশ করে মাত্র এক দিনের ব্যবধানে একই সচিবের কাছে ডিও লেটার দিয়েছেন একজন সংসদ সদস্য ও একজন প্রতিমন্ত্রী।

    অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের চার যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী। সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নে সুবিধা পাইয়ে দিতে মন্ত্রী-এমপিসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের এমন তদবিরের ঘটনা নিয়মিতই ঘটছে। এমন পরিস্থিতিতে চাকরিসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত তদবিরকে অসদাচরণ হিসেবে গণ্য করে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বিভিন্ন দপ্তরে পছন্দমতো বদলি ও পদায়ন পেতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ জনপ্রতিনিধিদের মাধ্যমে সুপারিশ করাচ্ছেন। কখনো মৌখিক, আবার কখনো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের ডিও লেটারের মাধ্যমে এসব তদবির করা হচ্ছে। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ের নজরে আসার পর এ প্রবণতা বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে দায়িত্বপালনকারী অনেক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করে অন্তর্বর্তী সরকার। অনেক ক্ষেত্রে ঢাকা বা বিভাগীয় শহরে কর্মরত অনেক কর্মকর্তাকে জেলা পর্যায়ে বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের বড় অংশই ছিল আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী-এমপিঘনিষ্ঠ। বিএনপি সরকার গঠনের পরও ক্ষমতাচ্যুত সরকারঘনিষ্ঠ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দপ্তর থেকে সরানো হয়। তবে সম্প্রতি ওইসব কর্মকর্তার অনেকেই বিএনপির মন্ত্রী-এমপিদের আনুকূল্য পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই আবার বদলি পদায়নের জন্য মন্ত্রী-এমপিদের ব্যবহার করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠাচ্ছেন।

    গত ২ সেপ্টেম্বর নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনিকে ঢাকায় বদলির সুপারিশ করেন। পরদিন একই কর্মকর্তার বদলির সুপারিশ করে একই সচিবকে চিঠি দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুই চিঠির বক্তব্যও প্রায় অভিন্ন।

    চিঠিতে মনিরুজ্জামানকে সৎ ও দক্ষ প্রকৌশলী উল্লেখ করে বলা হয়, তিনি ও তার পরিবার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। সরকারি দায়িত্ব পালনের সময় একটি নির্মাণাধীন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে পড়ে মাথায় আঘাত পান তিনি। এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বর্তমানে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও নিয়মিত ফলোআপ চলছে। শারীরিক ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় তাকে ঢাকা মেট্রো এলাকায় বদলির সুপারিশ করা হয়।

    এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সম্প্রতি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে চিঠি দিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের ২১তম ব্যাচের চার যুগ্ম সচিবের পদোন্নতি বিবেচনার অনুরোধ জানান। তারা হলেন—জাহিদুল ইসলাম, ড. আমজাদ হোসেন, মল্লিকা খাতুন ও মাহফুজুর রহমান। মন্ত্রী তাদের সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির সুপারিশ করেন। পরে উপদেষ্টা সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

    মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এ বিষয়ে সরকার খুবই কঠোর। ইতিমধ্যে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে সরকার ব্যবস্থা নেবে।

    গত ১৭ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের চাকরিসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত তদবির বন্ধে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২০ বিধি অনুযায়ী এ ধরনের তদবিরকে বিধিমালার লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়। তদবিরের ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ বিষয়ক বিস্তারিত তথ্য তার ডসিয়ারে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

    তবে চাকরিসংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করতে হবে। এ নির্দেশনা অনুসারে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা সরকারের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়নসহ চাকরিসংক্রান্ত নানা বিষয়ে তদবির করছেন। এ ধরনের প্রবণতা বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের আচরণবিধি প্রতিপালনে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকারি কর্মচারীদের আচরণবিধি অবশ্যই প্রতিপালন করতে হবে। সুপারিশের মাধ্যমে চাকরিসংক্রান্ত সুবিধা নেওয়ার চেষ্টা শৃঙ্খলাপরিপন্থি ও আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • কলেজের ১২ শিক্ষকের একমাত্র শিক্ষার্থী, তবুও এইচএসসিতে ফেল

    কলেজের ১২ শিক্ষকের একমাত্র শিক্ষার্থী, তবুও এইচএসসিতে ফেল

    রংপুরের পীরগাছা উপজেলায় একমাত্র পরীক্ষার্থীকে পাস করাতে পারলেন না ১২ শিক্ষক। কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি। কলেজ শাখায় ১২ জন শিক্ষক পাঠদান করালেও একমাত্র পরীক্ষার্থীর পাস করতে না পারার ঘটনায় শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

    জানা গেছে, এ বছর মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী সঞ্জীব বর্মন একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। গত বছরও এ প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি। বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা হয়। সে সময় তৎকালীন অধ্যক্ষ আগামীতে ভালো ফলাফলের আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষার্থীশূন্য হয়ে পড়া প্রতিষ্ঠানটি নিয়ে মামলা-মোকদ্দমা ও পদ নিয়ে নানা জটিলতার ঘটনাও ঘটে।

    কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী জানান, ২০১১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এটি এমপিওভুক্ত হয়নি। বর্তমানে অফিস সহায়কসহ কলেজে ১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

    অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে।

    কলেজটি প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীসংকটের সমাধান হয়নি। ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও একমাত্র পরীক্ষার্থীরও উত্তীর্ণ হতে না পারার ঘটনা স্থানীয় শিক্ষাব্যবস্থায় প্রতিষ্ঠানটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

  • রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়? নাসির উদ্দিন পাটওয়ারী

    রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়? নাসির উদ্দিন পাটওয়ারী

    ভিডিওবার্তায় সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    শনিবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর হাতে সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?’

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংবাদপত্রের কোনো প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ করার অধিকার সবার আছে। প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে খণ্ডন করুন, প্রতিবাদলিপি পাঠান, প্রয়োজনে আইনের আশ্রয় নিন।

    ‘কিন্তু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ-এর কপি ছিঁড়ে ফেলার দৃশ্যটি মোটেও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ নয়।’

    রাশেদ খাঁনের সমালোচনা করে তিনি আরও বলেন, একটি সংবাদপত্রের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, সম্পাদকের সঙ্গে বিরোধ থাকতে পারে, কোনো প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র আপত্তিও থাকতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আমরা আরও সংযম, পরিশীলিত আচরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রত্যাশা করি।’

    ‘মনে রাখতে হবে, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়; আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার যেমন আছে, তেমনি সরকারের সমালোচনা সহ্য করার সক্ষমতাও থাকতে হবে’, যোগ করেন এনসিপির এই নেতা।

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রের শক্তি সংবাদপত্র ছিঁড়ে ফেলার মধ্যে নয়, বরং সংবাদপত্রে প্রকাশিত সমালোচনার জবাব তথ্য, যুক্তি ও সত্য দিয়ে দেওয়ার সক্ষমতার মধ্যে।

    ‘আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি, যেখানে ক্ষমতাবানদের সমালোচনা করা অপরাধ হবে না, সাংবাদিকদের স্বাধীনতা সংকুচিত হবে না এবং রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিরা তাদের আচরণে গণতান্ত্রিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করবেন। আমি মনে করি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এই আচরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। গণতন্ত্রে ক্ষমতার দম্ভ নয়, জবাবদিহিই হোক রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।’

  • শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

    শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। ভর্তি পরীক্ষা ৯ দিন এগিয়ে এনে ১৭ ও ১৮ জানুয়ারি (শনিবার ও রোববার) পুনঃনির্ধারণ করা হয়েছে।

    রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    নতুন সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

  • এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

    এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগিরই তাদের এ বেতনকাঠামোর অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে নতুন বেতনকাঠামো কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি তিনি।

    রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

    শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, সুযোগ-সুবিধা বাড়ানো এবং দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। মন্ত্রীর ঘোষণায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হলেও বর্ধিত বেতন কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

    বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

    নতুন বেতনকাঠামো কার্যকর হলে তাদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে। শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন, স্তর ও বিষয় অনুযায়ী শিক্ষকদের বেতন গ্রেডে পার্থক্য রয়েছে। নতুন কাঠামোতে প্রত্যেকে নিজ নিজ চাকরির গ্রেড অনুযায়ী বেতন পাবেন।

    উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত পরিপত্র জারির পর সরকারি কর্মচারীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়াও পেয়েছেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতনকাঠামো কার্যকরের প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।

  • গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন—এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

    গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন—এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

    হয় ডাকসু, রাকসু, জাকসু ও জকসু নির্বাচন দেবেন, নয়তো ক্ষমতা ছাড়ার পথ নিজ দায়িত্বে বেছে নেবেন। যেকোনো একটি করতে হবে। শিক্ষার্থীদের ভোটাধিকার নষ্ট করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন—এ বক্তব্য আমরা মেনে নেব না।

    শনিবার রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

    ছাত্র সংসদগুলোর মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচনের তফসিল ঘোষণা না করার বিষয়ে তিনি বলেন, ডাকসু, রাকসু, জাকসু ও জকসুর মেয়াদ শেষ হলো, কিন্তু তফসিল দেওয়া হচ্ছে না। কারণ, তারা জানে, তাদের চাঁদাবাজ বাহিনী, তাদের রক্ষীবাহিনী এই নির্বাচনে আগের মতো গোহারা হারবে। সুতরাং, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটমেন্ট নিতে হবে যে, ক্ষমতায় যে-ই থাকুক বা না থাকুক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই দিতে হবে।

    সরকারি নিয়োগপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সরকার দলীয় লোক নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে, তার প্রথম কয়েকটি ধাপে তারা ব্যর্থ হয়েছে। সর্বশেষ বিসিএসে অসংখ্য শিক্ষার্থীকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু চাকসু, জাকসু, ডাকসু ও রাকসু যখন রাস্তায় নেমেছে, তখন তারা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। এখন তারা পাঁয়তারা করছে, কীভাবে নানা কারিকুলামের মাধ্যমে সেখানে দলীয় লোক নিয়োগ দেওয়া যায়।

    তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর এই সিদ্ধান্ত নিতে হবে যে, এখানকার ছাত্র সংসদ নির্বাচন দিতেই হবে। বিএনপি ১৯৯০ সালে ক্ষমতায় এসে পাঁচ বছর বাংলাদেশে কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। কেন দেয়নি? কারণ, তারা শিক্ষার্থীদের ভোটকে ভয় পায়। শিক্ষিত জনগোষ্ঠীর ভোটকে তারা ভয় পায়, তরুণ প্রজন্মের ভোটকে তারা ভয় পায়।

    এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি আবু সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনি, ঢাকা ৪-এর এমপি সৈয়দ জয়নুল আবেদীন, চুয়াডাঙ্গা ১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু মুসা, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি

    বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি

    বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।

    রোববার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ।

    তিনি জানান, আগামী ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এ সম্মেলন ছাড়াও সফরকালে আরো কয়েকটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

    শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এ সম্মেলনে আরো উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীর। তিনি খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।

  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি

    রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি

    রাজপথে নয়, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত জাতীয় সংসদকে কেন্দ্র করে—এমন মত দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে হটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন এই অর্জনকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে।

    রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

    তিনি বলেন, কেবল রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি দেশের অগ্রগতি নিশ্চিত করা যায় না। পরিবর্তনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার কাজও করতে হয়। এ ক্ষেত্রে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

    রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই বিশাল জনগোষ্ঠীকে জনমিতিক লভ্যাংশ হিসেবে কাজে লাগানো গেলে জাতীয় উন্নয়নে বড় ধরনের অগ্রগতি সম্ভব। তবে সে জন্য তরুণদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা জরুরি। উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে।

    তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষিত ও দক্ষ কর্মী বিদেশে পাঠানো গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

    তরুণদের উদ্যোক্তা হওয়ার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান তৈরির চেষ্টা করতে হবে। এ জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ঋণ ও প্রয়োজনীয় মূলধন দিয়ে সহযোগিতা করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

    অনুষ্ঠানে তরুণ ও নারী উদ্যোক্তাদের সাফল্যের প্রশংসা করেন তিনি। স্বল্প পুঁজি নিয়ে অনেক তরুণ-তরুণী নিজস্ব পণ্য উৎপাদন করছেন এবং দেশের বাজারের পাশাপাশি বিদেশেও সাফল্য পাচ্ছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তাদের উদ্যোগকে আরও উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

    যুবসমাজের মধ্যে মাদকাসক্তি ছড়িয়ে পড়াকে উদ্বেগজনক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বেকারত্ব ও হতাশা থেকে তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে। এই প্রবণতা ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর কর্মসূচি নিতে হবে।

    এ ছাড়া নারীর প্রতি সহিংসতা, যৌতুক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তরুণদের সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি। সমাজের অনিয়ম ও নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সংগঠন গড়ে তুলে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার কথাও বলেন।

    জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তার মতে, দেশজুড়ে পরিবেশবান্ধব এই জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদার একটি অংশ পূরণ করা সম্ভব।

    অনুষ্ঠানে যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি।

    অনুষ্ঠানে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে যুব পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন রাষ্ট্রপতি। পরে জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী চাকরি মেলা এবং দেশব্যাপী স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্টগুলোর উদ্বোধন ঘোষণা করেন তিনি।