জাতীয়

  • সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

    সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

    ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

    ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে এ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

    শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন পুলিশের সাবেক ডিআইজি হারুন-অর রশীদ। তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হারুন-অর রশীদ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনকালে কর্মস্থলে অনুপস্থিত হন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইল ঠিকানায় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কাজে যোগ দেননি।

    এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ সদর দপ্তর। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি। সময় বাড়ানোর আবেদনও করেননি।

    পরে ২২ জুন অভিযোগ তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ৬ আগস্ট দাখিল করা প্রতিবেদনে হারুন-অর রশীদের বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

    তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না কেন, তা জানতে ২০ আগস্ট দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশেরও কোনো জবাব দেননি তিনি।

    এরপর প্রস্তাবিত গুরুদণ্ডের বিষয়ে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। ১ অক্টোবর কমিশন তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মতামত দেয়। সবশেষে ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এ বিষয়ে অনুমোদন দেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী পলায়নের তারিখ, অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে হারুন-অর রশীদকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড কার্যকর করা হয়েছে।

  • এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

    এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

    হাজারো মানুষের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের পর দেশে এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন আরেক স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে বলে কঠোর মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধসহ চার দফা দাবিতে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জাতীয় নির্বাচনের পর হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছিলাম। কিন্তু আজ দুঃখজনকভাবে দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখতে পাচ্ছি। তবে আমাদের স্পষ্ট ওয়াদা—পতিত স্বৈরাচার এবং এই নব্য স্বৈরাচার, এই দুই অপশক্তিকেই ঐক্যবদ্ধভাবে রাজপথে পরাজিত করা হবে।’

    সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিদ্যুৎ নেই, গ্যাস নেই, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং চারদিকে সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ, দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন আজ পুরোপুরি নাজেহাল। জনগণের জানমালের নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এ ব্যর্থতার মূল দায় বর্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ওপর।’

    তিনি আরো অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল না দিয়ে উল্টো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান কাটাছেঁড়া করতে ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যর্থতার দায় নিয়ে অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি। একই সঙ্গে গঠিত সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিল করে জুলাই সনদ ও গণভোটের প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান।

    নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি সরকার তাদের নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের সব প্রতিশ্রুতি ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই ভঙ্গ করছে। দাবি পূরণ না হলে সারাদেশে আন্দোলন জোরদার করা হবে এবং গণমিছিল নিয়ে সরকারপ্রধানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে।

    এ সমাবেশ থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নাহিদ ইসলাম।

  • তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

    তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

    তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার সঙ্গে থাকা কথিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ।

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে দীপ জানান, ঘটনার দিন তারা দুজন রাজাবাড়ী ঘাট এলাকায় কথা বলছিলেন। এ সময় কয়েকজন লোক তাদের ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর দীপ সেখান থেকে পালিয়ে যান।

    তদন্ত কর্মকর্তারা শুরু থেকেই দীপকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়।

    এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তার ব্যবহৃত নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

    পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন, দীপের দেওয়া বক্তব্য ও উদ্ধার করা মোটরসাইকেলের বিষয়ে গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পিবিআই নৌ পুলিশকে সার্বিক সহায়তা দিচ্ছে।

    এর আগে গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার বাবা।

  • রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

    রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

    পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে এ কার্যক্রম শুরু হয়।

    এর আগে বৃহস্পতিবার প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধাপ ‘পাওয়ার স্টার্টআপ’ শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

    এই পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালু করা হবে। এর মাধ্যমে পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত ও ধারাবাহিকভাবে তাপশক্তি উৎপাদনের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে এই তাপশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটে একাধিক ধাপে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। সর্বশেষ ‘স্টেজ বি-১’ পর্যায়ের কার্যক্রমও প্রায় সফলভাবে শেষ হয়েছে। এ ছাড়া স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে।

    এরপর শুরু হবে ‘স্টেজ বি-২’ পর্যায়ের কার্যক্রম। এ ধাপে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। পরবর্তী সময়ে শুরু হয় ‘ক্রিটিক্যালিটি’ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় চুল্লির ভেতরে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন রিঅ্যাকশন প্রতিষ্ঠা করা হয়।

    পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। তবে এ জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

    এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

  • স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা (Toyota Motomachi Factory) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটি পরিদর্শনে যান তিনি। এসময় টয়োটার প্রথম প্রাইভেট কার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

    কারখানায় পৌঁছানোর পর টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এসময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা (Masahiko Moeda), টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা (Shigeru Harada) এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ (Shinichiro Otsuka) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যরা।

    ১৯৩৫ সালে তৈরি হয় টয়োডা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ টয়োডা মডেল এ১। আর এই ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি হয় টয়োডা মডেল এএ, যা টয়োটার প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে গাড়িটির প্রতিরূপ। চার দিনের রাষ্ট্রীয় সফরে এখন জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

    এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

    নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল হত্যার বিচার, অভিযুক্ত এমপিপুত্র মিন্টুর ফাঁসি এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা শাকিল হত্যার বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    শাকিলের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টু ও তার এক সহযোগীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

    কর্মসূচিতে বক্তব্য দেন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ হাসান সোহাগ। তিনি বলেন, এমপিপুত্র মিন্টুর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদল থেমে থাকবে না। সংসদ সদস্য আব্দুল আজিজের সংসদ সদস্যপদ বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ ছাত্রদল প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করবে, তা ১০ মিনিটের জন্য হলেও।

    কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আলী, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার, উপজেলা ছাত্রদল নেতা আহসান হাবীব কুইকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অবস্থান কর্মসূচি থেকে শাকিল হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

    উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল। অভিযোগ, প্রথমে তাকে গুলি করা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

  • তাহসিফ সাউরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

    তাহসিফ সাউরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

    বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষ হয়।

    এরপর স্বজনেরা তাহসিফের মরদেহ নিয়ে উত্তরার বাসার উদ্দেশে রওনা হন।

    এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেন।

    পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাহসিফের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মরদেহের পেট ফোলা ছিল বলেও প্রতিবেদনে জানানো হয়।

    বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় তাহসিফের খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।

    তবে তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

  • কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের মৃত্যুদণ্ড

    কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের মৃত্যুদণ্ড

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

    প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

    হানিফ ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

    গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

    এর আগে, ১০ জুন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

    ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

    উল্লেখ্য, ২০২৫ সালের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ওই বছরের ৫ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৬ অক্টোবর অভিযোগ আমলে নেওয়া হয়।

    মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

  • তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে: জামায়াত

    তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে: জামায়াত

    বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।

    বিবৃতিতে তিনি নিহত তাহসিফ সাউরির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদ থেকে উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে একজন সাবেক সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ’

    তিনি অভিযোগ করেন, তাহসিফ সাউরির নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।

    অথচ এসব সংস্থা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার পর এমন কর্মকাণ্ডকে তিনি হাস্যকর বলে মন্তব্য করেন।

    জামায়াতের এই নেতা বলেন, ‘একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাই তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ, কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।

    তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটন এবং তার পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। ’

  • মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

    মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

    পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন ও তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটন ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, মানিক পশারীর মৃত্যু, দাফন ও তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটিকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে ঘটনার বিস্তারিত বিবরণ, মানিক পশারীর মৃত্যু এবং তার মুক্তিযোদ্ধা সনদ-সংক্রান্ত বিষয়গুলো তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাতিলের বিষয়ে তারা কাজ করছে। একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও মন্ত্রণালয় সচেতন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মুক্তিযোদ্ধা অনৈতিক কাজে জড়িত হলে কিংবা কোনো সংগঠন বা গোষ্ঠীর হয়ে ব্যবহৃত হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে রাষ্ট্রকে সংকটে ফেলতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয় সতর্ক রয়েছে।

    মানিক পশারী ২০০৯ সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। সাঈদীর বিরুদ্ধে মামলায় তিনি রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী ছিলেন। চলতি মাসের ২৪ অক্টোবর মানিক পশারীর মৃত্যুর পর পিরোজপুরে তার গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন জামায়াত নেতারা।