কৃষি

  • যশোর জুড়ে লাল টমেটো

    যশোর জুড়ে লাল টমেটো

    শীতের শুরুতেই যশোরের মাঠজুড়ে পাকা টমেটোর লালিমা। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল ও আধাপাকা টমেটো। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যায় এ বছর জেলায় টমেটোর ভালো ফলন হয়েছে। ক্ষেত থেকে টমেটো তোলা, বাছাই ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ফলন ও বাজারদর নিয়ে তাঁদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি।

    যশোর সদর, চৌগাছা, ঝিকরগাছা, শার্শা ও মণিরামপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে টমেটোর আবাদ হয়েছে। কোথাও কৃষকেরা গাছ থেকে টমেটো তুলছেন, কোথাও ঝুড়ি ও ক্যারেটে ভরে বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। পাইকারেরা অনেক ক্ষেত থেকেই সরাসরি টমেটো কিনে নিচ্ছেন।

    সদর উপজেলার আমদাবাদ গ্রামের কৃষক আমির আলী বলেন, ‘চলতি শীত মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাইয়ের প্রকোপ কম হওয়ায় ফলন বেশ ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবার দামও কিছুটা ভালো পাচ্ছি। পাইকাররা ক্ষেত থেকেই সরাসরি টমেটো কিনে নিয়ে যাচ্ছেন। ফলে পরিবহন খরচ ও ভোগান্তি দুটোই কম হচ্ছে।’

    চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম বলেন, ‘এ বছর বিঘাপ্রতি জমিতে টমেটো চাষে খরচ কিছুটা বেশি হলেও বাম্পার ফলন ও বর্তমান বাজারদর দেখে সব কষ্ট দূর হয়ে গেছে। ক্ষেতের টমেটো দেখতে যেমন সুন্দর, তেমনি বাজারেও এর চাহিদা অনেক।’

    চুরামনকাটি বাজারের আড়তদার আলমগীর হোসেন বলেন, ‘এ বছর টমেটোর আমদানি অনেক বেশি। যশোরের টমেটো রং, স্বাদ ও আকারে ভালো হওয়ায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন। প্রতিদিন শত শত মণ টমেটো এখান থেকে ট্রাকে করে চলে যাচ্ছে। কৃষক ও ব্যবসায়ী উভয়েই এবার লাভবান হচ্ছেন।’

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের সূত্রে জানা যায়, জেলার মাটি ও আবহাওয়া শীতকালীন সবজি চাষের জন্য উপযোগী। টমেটো চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

    যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘যশোরের মাটি ও আবহাওয়া টমেটো চাষের জন্য খুবই উপযোগী। এবার আমরা কৃষকদের উন্নত জাতের বীজ, সঠিক সময়ে সার ও সেচ প্রয়োগ এবং পোকা দমনে জৈব পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছি। ফলে ফলন ভালো হয়েছে এবং উৎপাদন খরচও কমেছে। কৃষকেরা যাতে ন্যায্য দাম পান, সে জন্য বাজার সংযোগের বিষয়েও আমরা কাজ করছি।’
    স্থানীয় বাজারগুলোতে দেশি ও হাইব্রিড জাতের টমেটোর সরবরাহ বেড়েছে। যশোরে উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে পাঠানো হচ্ছে।

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর ইসলাম বলেন, ‘টমেটো শুধু তরকারির উপকরণ নয়, এটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে ভিটামিন সি, ভিটামিন এ, লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান শরীরের জন্য উপকারী। টমেটো ত্বক ও চোখের জন্যও ভালো। তবে পুষ্টিগুণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে নিরাপদ পদ্ধতিতে টমেটো উৎপাদন করা জরুরি।’

    যশোরের মাঠে টমেটোর এই উৎপাদন মৌসুমি সবজি চাষে জেলার সম্ভাবনাকে তুলে ধরছে। তবে উৎপাদনের পাশাপাশি কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা এবং নিরাপদ সবজি বাজারজাত করতে পারলে এ খাতের অর্থনৈতিক সুফল আরও বাড়বে।

  • হরিপুরে নিমগাছে ‘অক্সিজেন রোড’

    হরিপুরে নিমগাছে ‘অক্সিজেন রোড’

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তবর্তী তোররা-বশালগাঁও সংলগ্ন একটি সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে প্রায় ৩০০ নিমের চারা। পরিবেশবান্ধব সড়ক গড়ে তোলা, ঔষধি বৃক্ষের গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় এলাকায় সবুজায়ন বাড়াতে এ উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’।

    ‘সবুজে ঘেরা পথ, নির্মল বাতাসের প্রত্যাশা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিমগাছকে ঘিরে গড়ে উঠছে ব্যতিক্রমী উদ্যোগ—যা পরিচিতি পাচ্ছে ‘অক্সিজেন রোড’ নামে।

    স্থানীয় গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এ সড়কের দুই পাশে সারিবদ্ধ নিমের চারাগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। সড়কজুড়ে গাছের এই বিন্যাস একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বাড়াচ্ছে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে স্থানীয় মানুষকে উৎসাহিত করার সম্ভাবনাও তৈরি করছে।

    চারাগুলো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সড়কটিতে সবুজের বিস্তার আরও বাড়বে বলে আশা করছেন উদ্যোগসংশ্লিষ্টরা।

    নিম বাংলাদেশের পরিচিত ঔষধি বৃক্ষগুলোর একটি। ঐতিহ্যগত চিকিৎসায় নিমের পাতা, ছাল, বীজসহ বিভিন্ন অংশ ব্যবহৃত হয়ে আসছে। ঔষধি বৃক্ষ হিসেবে নিমের পরিচিতি থাকলেও কোনো রোগের চিকিৎসায় এর ব্যবহার বৈজ্ঞানিক প্রমাণ ও বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী হওয়া প্রয়োজন। সড়কের পাশে নিমের চারা রোপণের মাধ্যমে এ ধরনের বৃক্ষের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়ানোও উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য।

    স্থানীয় বাসিন্দা ও অক্সিজেন রোড সংলগ্ন বসলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির হিমেল বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশদূষণ বড় উদ্বেগের বিষয়। এমন পরিস্থিতিতে সড়কের পাশে বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে রাস্তার পাশে পর্যাপ্ত গাছ থাকলে পথচারী ও স্থানীয় বাসিন্দারা ছায়া পাওয়ার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ পান।

    হাকীম আব্দুল হাই নামের একজন বলেন, হরিপুরে নিমগাছ দিয়ে ‘অক্সিজেন রোড’ গড়ে তোলার এই উদ্যোগকে আমি অত্যন্ত ইতিবাচক ও পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে দেখি। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশদূষণ মোকাবিলায় বৃক্ষরোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই। নিমগাছের বহুবিধ ঔষধি গুণাগুণ রয়েছে, পাশাপাশি গাছগুলো সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও ছায়া প্রদানে ভূমিকা রাখতে পারে।

    অক্সিজেনের সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন কালবেলাকে বলেন, আমরা চাই, বৃক্ষরোপণ শুধু কোনো নির্দিষ্ট দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মানুষের দৈনন্দিন জীবন ও পরিবেশ রক্ষার সংস্কৃতির অংশ হয়ে উঠুক। এর গুরুত্ব বিবেচনায় নিয়ে আমরা এমন একটি সড়ক গড়ে তুলতে চেয়েছি, যা পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে। চারাগুলোকে বাঁচিয়ে রাখা ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলাই এখন আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    তিনি আরও বলেন, আমরা আশা করি, ‘অক্সিজেন রোড’ স্থানীয় মানুষের কাছে বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণের একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠবে।

    হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর কালবেলাকে বলেন, নিম গাছে রোপন করে একটি সড়কের নাম অক্সিজেন রোড করা হয়েছে এটা আমি শুনেছি, চমৎকার উদ্যোগ। নিম গাছের বহুবিধ ব্যবহার আমরা সকলেই জানি। আমি চাই এই ধরনের উদ্যোগ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক

  • যশোরে খেজুর গুড়ের মৌসুম শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

    যশোরে খেজুর গুড়ের মৌসুম শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

    যশোরের ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলাটিতে অন্তত ১০০ কোটি টাকার খেজুরের রস ও গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ মৌসুমে গাছ থেকে রস সংগ্রহ, গুড় তৈরি ও বিপণন ঘিরে প্রায় ৩০ হাজার নারী-পুরুষের মৌসুমি কর্মসংস্থান হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোরে খেজুর গুড়ের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরোনো।

    তবে বাণিজ্যিকভাবে খেজুরের গুড় উৎপাদন এবং তা থেকে চিনি তৈরির প্রচলন শুরু হয় ১৭৯০ সালের দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে খেজুর গুড় থেকে উৎপাদিত চিনি ইউরোপে রপ্তানি শুরু করে।

    সে সময় ব্রিটিশ ব্যবসায়ী মিস্টার নিউ হাউজ চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুরে ভৈরব ও কপোতাক্ষ নদের সংযোগস্থলে একটি বড় চিনিকল স্থাপন করেন। এখনো সেখানে নদীর পাড়ে চিনিকলের ধ্বংসাবশেষ রয়েছে।

    ১৮৬০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত খেজুর গুড় থেকে চিনি উৎপাদন ও রপ্তানির স্বর্ণযুগ ছিল। এ সময় চৌগাছার চিনিকলে উৎপাদিত চিনি কলকাতা বন্দর দিয়ে ইউরোপে রপ্তানি করা হতো।

    তবে আখ থেকে চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে চিনি তৈরির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সময়ের সঙ্গে হারিয়ে যেতে থাকে এ অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প। বর্তমানে আখের উৎপাদন কমে যাওয়া এবং খেজুর গুড়ের চাহিদা বাড়ায় আবারও এ পণ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে খেজুর গুড়ের চাহিদা বাড়ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    খেজুর গুড়ের উৎপাদন বাড়াতে গাছিদের গাছ কাটার সরঞ্জাম দেওয়া, বিনামূল্যে প্রশিক্ষণ, খেজুরের চারা বিতরণ এবং অনলাইনে গুড় বিক্রির জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।

    যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রধানমন্ত্রী যশোরের খেজুর গুড় উৎপাদনের বিষয়ে খোঁজখবর রাখছেন। কৃষিমন্ত্রী চৌগাছা উপজেলাকে বিশেষ কৃষি অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। চলতি মৌসুম থেকে খেজুর গুড় বিদেশে রপ্তানির বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে।

    তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে চলতি মৌসুমেই বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।

    কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, খেজুর গুড় যশোর জেলার একটি জিআই পণ্য। শীত মৌসুমে এ অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়। মধ্যপ্রাচ্যে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সরকার গুড় রপ্তানির উদ্যোগ নিচ্ছে। বিদেশে রপ্তানি করা সম্ভব হলে গাছিরা আরও বেশি লাভবান হবেন।

    চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের গুড় উৎপাদনকারী গাছি মিজানুর রহমান বলেন, শীতকাল তার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে আসে। এ সময় রস ও গুড় বিক্রি করে সংসারের খরচ মেটানোর পাশাপাশি ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন।

    তিনি জানান, বিশেষ পদ্ধতিতে পরিশ্রম করে এক ধরনের সাদা গুড়ের পাটালি তৈরি করেন তিনি। বাজারে প্রতি কেজি এ গুড় ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়। এই গুড় বিদেশে রপ্তানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

    চলতি মৌসুমে নতুন গাছি হিসেবে কাজ শুরু করেছেন জামলতা গ্রামের শিমুর সরদার। তিনি বলেন, এ বছর প্রায় ৮০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন। মৌসুমের শুরুতেই গুড় ও পাটালির ভালো অর্ডার পাচ্ছেন। এতে ভালো আয়ের আশা করছেন তিনি।

    সিংহঝুলি গ্রামের গাছি রবিউল ইসলাম খান বলেন, খেজুরগাছ একটি লাভজনক কৃষিসম্পদ। এ গাছের পরিচর্যায় তেমন খরচ হয় না। অথচ একটি গাছ থেকে প্রতি মৌসুমে অন্তত ৩ হাজার টাকার রস ও গুড় পাওয়া সম্ভব।

    স্নাতক পাস করা এই গাছি আরও বলেন, সরকার বৃহত্তর যশোর অঞ্চলের খেজুরের রস ও গুড়কে শিল্প হিসেবে বিবেচনা করে সঠিক পরিকল্পনা নিলে চিনি আমদানিতে বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব।

    চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা আতাউর রহমান বলেন, তিনি গাছিদের কাছ থেকে গুড় সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করেন। কয়েক বছর ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। পুরো শীত মৌসুমে এ ব্যবসা থেকে ভালো আয় হয়।

    চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, খেজুর গুড় উৎপাদনকারী গাছিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ-বিদেশে এ পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণে প্রতি বছর গুড় মেলার আয়োজন করা হয়।

    চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন জানান, উপজেলায় প্রায় দুই লাখ খেজুরগাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। একটি গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। এই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব।

    তিনি বলেন, এ হিসাবে চৌগাছা উপজেলায় প্রতি মৌসুমে প্রায় ৯ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হয়। আর পুরো যশোর জেলায় চলতি মৌসুমে অন্তত ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

    খেজুর গুড়কে যশোরের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনের সঙ্গে যুক্ত ছিলেন চৌগাছা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এবং বর্তমানে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা। তিনি বলেন, খেজুর গুড় যশোরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ পণ্যের জিআই স্বীকৃতি অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

    তিনি আরও বলেন, এ স্বীকৃতি যশোরের ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি খেজুরগাছি ও গুড় উৎপাদনকারীদের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াবে। এই ঐতিহ্য সংরক্ষণ, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়ানো এখন গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত।

    খেজুর গুড়ের চাহিদা বাড়ার বিষয়ে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, চিনির তুলনায় খেজুর গুড়ে বিভিন্ন খনিজ উপাদান ও আয়রন রয়েছে। এতে থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরিতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে খেজুর গুড়েও শর্করা থাকে, তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।

  • ব্রাহ্মণপাড়ায় কেমিক্যালে পাকানো কলা বিক্রি

    ব্রাহ্মণপাড়ায় কেমিক্যালে পাকানো কলা বিক্রি

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে পাকানো কলা দেদারসে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে পাকা কলার চাহিদা বাড়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও আড়তদার অতিরিক্ত মুনাফার লোভে দ্রুত কলা পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করছেন। বাইরে থেকে আকর্ষণীয় হলুদ দেখালেও ভেতরে কাঁচা ও শক্ত থেকে যাওয়া এসব কলা খেয়ে শিশু, বৃদ্ধসহ সাধারণ ক্রেতারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

    এক দিনেই কলা পাকাতে চলছে রাসায়নিকের ব্যবহার

    উপজেলার বিভিন্ন হাটবাজার ও কলার আড়ত সরেজমিনে ঘুরে দেখা যায়, অপরিপক্ব কাঁচা কলা দ্রুত পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। আড়তগুলোতে কলার কাঁদি সাজিয়ে বিশেষ ধরনের রাসায়নিক স্প্রে বা মিশ্রণ প্রয়োগ করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

    নাম প্রকাশ না করার শর্তে একাধিক কলা ব্যবসায়ী জানান, বাগান থেকে কাঁচা কলা সংগ্রহের পর দ্রুত বাজারে বিক্রির উপযোগী করতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এতে মাত্র এক দিনের মধ্যেই কলার ছাল হলুদ ও নরম হয়ে যায়।

    এক আড়তদারের কর্মচারীর ভাষ্য, রাসায়নিক ব্যবহার না করলে কলা স্বাভাবিকভাবে পাকতে সময় লাগে। কিন্তু রাসায়নিক প্রয়োগ করলে এক দিনেই আকর্ষণীয় রং ধারণ করে, যা সহজে বিক্রি করা যায়।

    বাইরে চকচকে হলুদ, ভেতরে কাঁচা ও শক্ত

    বাস্তবে দেখা গেছে, রাসায়নিক প্রয়োগে পাকানো এসব কলার বাইরের অংশ আকর্ষণীয় হলুদ হলেও ভেতরের অংশ কাঁচা ও শক্ত থেকে যায়।

    উপজেলার প্রধান প্রধান বাজার, ফুটপাত, স্কুল-কলেজের সামনের দোকান এবং ভ্যানগাড়িতে করে গ্রামে গ্রামে বাসাবাড়ির সামনে এসব কলা বিক্রি করা হচ্ছে। আকর্ষণীয় রং ও বাহ্যিক সৌন্দর্যে প্রলুব্ধ হয়ে ক্রেতারা না জেনেই এসব বিষাক্ত কলা কিনে প্রতারিত হচ্ছেন।

    লিভার ও কিডনি বিকলের ঝুঁকি: চিকিৎসকদের উদ্বেগ

    কেমিক্যালযুক্ত ফল বিক্রি ও গ্রহণের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, ‘বিষাক্ত কেমিক্যাল ও দাহ্য পদার্থযুক্ত ফলমূল গ্রহণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি খাওয়ার পরপরই বমি ভাব, পেটের পীড়া ও ডায়রিয়া হতে পারে।’

    তিনি আরো জানান, রাসায়নিক মিশ্রিত খাদ্য গ্রহণের ক্ষতিকর প্রভাব সরাসরি লিভার ও কিডনির ওপর পড়তে পারে। খাদ্য হজম ও বিপাক প্রক্রিয়ায় শরীরের এসব সংবেদনশীল অঙ্গ জটিলতায় পড়ে। দীর্ঘমেয়াদে রাসায়নিকযুক্ত খাদ্য গ্রহণের ফলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

    বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের দাবি

    অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে স্থানীয় সচেতন মহল উপজেলার বিভিন্ন কলার আড়ত ও বাজারে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘আমি অচিরেই বাজার মনিটরিং করে যারা কেমিক্যাল দিয়ে কলা পাকায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

  • কৃষকের ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে

    কৃষকের ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে

    ঝড় ও শিলাবৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাকা আমন ধান, ভুট্টা, মরিচের ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন এক রাতের ঝড় ও শিলা বৃষ্টিতে ৩০ হেক্টর অমন ধান, ৫ হেক্টর ভুট্টা ও ১০ হেক্টর মরিচসহ বিভিন্ন সবজিক্ষেতের ক্ষতি হয়েছে।কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বালিজুড়ি, গুনারীতলা, চরপাকেরদহ, জোড়খালী ইউনিয়নের বিভিন্নস্থানে পাকা আমন ধান, ভুট্টা, মরিচ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে কয়েকশ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

    বালিজুড়ি ইউনিয়নের কৃষক রাসেল মিয়া জানান, চরাঞ্চলে খানসহ মরিচ ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত নয়। সকালে উঠে দেখি পাকাধানগুলো মাটির সঙ্গে মিশে গেছে, তেমনি মরিচ গাছ বাতাসে উপড়ে পড়ে নষ্ট হয়ে গেছে।

    গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ মালি পাড়ার বহু কৃষকের স্বপ্নের ভুট্টা ফসল বিনষ্ট হয়ে গেছে।

    ওই এলাকার ভুট্টাচাষি সবুজ জানান, তারসহ ওই এলাকার ৪০/৫০ জন কৃষকের জমির ভুট্টার বড় বড় গাছ ঝড়ো বাতাসে ভেঙে গিয়ে মাটিতে পড়ে আছে। অনেক কষ্ট করে উচ্চ মূল্যের সার, কীটনাশক, ডিজেল কিনে কৃষকরা ফসল ফলিয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়েছে।

    চাঁদপুর গ্রামের কৃষক দেলোয়ার জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা আমন ধানসহ মরিচ, ভুট্টা ফসলের ক্ষতি হয়েছে কৃষকরা তা পুষিয়ে উঠতে পারবে না।

    মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় ও শিলা বৃষ্টিতে ৩০ হেক্টর অমন ধান, ৫ হেক্টর ভুট্টা ও১০ হেক্টর মরিচসহ সবজির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।

    ঝড় ও শিলাবৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাকা আমন ধান, ভুট্টা, মরিচের ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন এক রাতের ঝড় ও শিলা বৃষ্টিতে ৩০ হেক্টর অমন ধান, ৫ হেক্টর ভুট্টা ও ১০ হেক্টর মরিচসহ বিভিন্ন সবজিক্ষেতের ক্ষতি হয়েছে।

    কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বালিজুড়ি, গুনারীতলা, চরপাকেরদহ, জোড়খালী ইউনিয়নের বিভিন্নস্থানে পাকা আমন ধান, ভুট্টা, মরিচ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে কয়েকশ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

    বালিজুড়ি ইউনিয়নের কৃষক রাসেল মিয়া জানান, চরাঞ্চলে খানসহ মরিচ ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত নয়। সকালে উঠে দেখি পাকাধানগুলো মাটির সঙ্গে মিশে গেছে, তেমনি মরিচ গাছ বাতাসে উপড়ে পড়ে নষ্ট হয়ে গেছে।

    গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ মালি পাড়ার বহু কৃষকের স্বপ্নের ভুট্টা ফসল বিনষ্ট হয়ে গেছে।

    ওই এলাকার ভুট্টাচাষি সবুজ জানান, তারসহ ওই এলাকার ৪০/৫০ জন কৃষকের জমির ভুট্টার বড় বড় গাছ ঝড়ো বাতাসে ভেঙে গিয়ে মাটিতে পড়ে আছে। অনেক কষ্ট করে উচ্চ মূল্যের সার, কীটনাশক, ডিজেল কিনে কৃষকরা ফসল ফলিয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়েছে।

    চাঁদপুর গ্রামের কৃষক দেলোয়ার জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা আমন ধানসহ মরিচ, ভুট্টা ফসলের ক্ষতি হয়েছে কৃষকরা তা পুষিয়ে উঠতে পারবে না।

    মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় ও শিলা বৃষ্টিতে ৩০ হেক্টর অমন ধান, ৫ হেক্টর ভুট্টা ও১০ হেক্টর মরিচসহ সবজির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।

  • যশোরে মাশরুম ও কলা চাষের প্রদর্শনীতে কৃষকের সর্বনাশ

    যশোরে মাশরুম ও কলা চাষের প্রদর্শনীতে কৃষকের সর্বনাশ

    নথিপত্রে সার, চারা ও উৎপাদন উপকরণসহ বিভিন্ন খাতে হাজার হাজার টাকা ব্যয়ের হিসাব দেখানো হলেও বরাদ্দের এক-চতুর্থাংশও পাননি বলে অভিযোগ করেছেন কৃষকেরা। প্রদর্শনীর সহায়তা পেয়ে লাভবান হওয়ার প্রত্যাশায় মাশরুম ও কলা চাষে নেমে উল্টো লোকসানের মুখে পড়েছেন তাঁরা। কৃষকদের অভিযোগ, ‘টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় প্রয়োজনীয় উপকরণ ও কারিগরি সহায়তা না পেয়ে তাঁদের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। অথচ উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তর করাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।

    কৃষকেরা জানান, চারা, সার ও চাষের প্রয়োজনীয় উপকরণ পেলে উৎপাদন খরচ কমবে এবং লাভবান হওয়া যাবে—এমন প্রত্যাশা থেকেই তাঁরা প্রকল্পের আওতায় প্রদর্শনী গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ না পেয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের অভিযোগ, নামমাত্র কিছু উপকরণ সরবরাহ করে চাষাবাদের বিষয়ে আর কোনো খোঁজখবর নেওয়া হয়নি। তদারকি ও কারিগরি সহায়তার অভাবে দুটি প্রদর্শনীতে তাঁদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা।

    যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের উদ্যোক্তা আব্দুল আহাদ। রসায়নে অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির পেছনে না ছুটে যুক্ত হন কৃষিকাজে। তরুণ এই কৃষি উদ্যোক্তাকে উৎসাহিত করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের’ মাঠপর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় তাঁকে মাশরুম চাষের একটি প্রদর্শনী দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ১০০টি মাশরুম ‘স্পন’, তাক তৈরির জন্য ১ হাজার ৫০০ টাকা এবং একটি ছোট হ্যান্ড স্প্রে মেশিন দেওয়ার কথা ছিল।

    ক্ষোভ প্রকাশ করে আব্দুল আহাদ বলেন, ‘কৃষি কর্মকর্তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, তার কিছুই পাইনি। মাশরুমের স্পন ধরিয়ে দিয়েই তাঁরা দায় সেরেছেন, এরপর আর কোনো দিন কেউ খোঁজ নেননি। শেষ পর্যন্ত চাষে ব্যর্থ হয়ে বড় ধরনের লোকসানে পড়েছি।’

    তবে প্রকল্পের ব্যয় বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, আহাদের মাশরুম প্রদর্শনীর বিপরীতে মোট ১১ হাজার ২০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। এর মধ্যে ১০০টি স্পনের দাম ৩ হাজার টাকা, বাঁশের খুঁটি দিয়ে তাক নির্মাণে ৪ হাজার ২০০ টাকা, ১০টি স্প্রেয়ার বাবদ ১ হাজার টাকা, সাইনবোর্ড ও রেজিস্টারে ১ হাজার টাকা এবং শ্রমিক ও অন্যান্য খাতে আরও ২ হাজার টাকা খরচের উল্লেখ রয়েছে।

    আহাদ জানান, স্পন সরবরাহের পর কোনো কৃষি কর্মকর্তা তাঁর খামার পরিদর্শন করেননি কিংবা নিয়মিত খোঁজখবর নেননি। প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও তদারকির অভাবে শেষ পর্যন্ত তাঁর মাশরুম চাষ পণ্ড হয়ে যায়। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

    একই প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে কলা চাষের প্রদর্শনী গ্রহণ করেন মহসিন কবিরসহ কয়েকজন কৃষক। জমি লিজ নিয়ে বেসরকারি চাকরির পাশাপাশি কৃষিকাজে যুক্ত হন মহসিন। তবে প্রকল্পের সহায়তা ও মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কৃষকেরা জানান, কেবল কলা চাষেই তাঁদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

    প্রকল্পের নথি অনুযায়ী, গত মার্চ মাসে উচ্চমূল্যের ফল উৎপাদন কর্মসূচির আওতায় কলা চাষের এই প্রদর্শনীতে মোট ২০ হাজার টাকা ব্যয় দেখানো হয়। এর মধ্যে ১২০টি কলাগাছের চারা বাবদ ১ হাজার ২০০ টাকা, ৫০ কেজি ডিএপি সার বাবদ ১ হাজার ৫০ টাকা, ৩০ কেজি এমওপি সার বাবদ ৬০০ টাকা, ৫ কেজি জিপসাম বাবদ ৭৫ টাকা, ৫ কেজি দস্তা বাবদ ১ হাজার ২৫০ টাকা, ৫ কেজি বোরন বাবদ ৪০০ টাকা এবং ১০০ কেজি ভার্মি কম্পোস্ট বা জৈব সার বাবদ ১ হাজার ৫০০ টাকা খরচ দেখানো হয়েছে। এ ছাড়া খুঁটি বা পিলার বাবদ ২ হাজার ২৫ টাকা, কলার ব্যাগিংয়ে ৫ হাজার টাকা, জৈব বালাইনাশক ও বালাই ব্যবস্থাপনায় ৩ হাজার টাকা, সাইনবোর্ডে ৮০০ টাকা এবং পরিবহন খরচ বাবদ ১ হাজার ৫০০ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে।

    তবে ভুক্তভোগী মহসিন কবিরের দাবি, সার ও কলাগাছ বাবদ তাঁকে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকার কিছু উপকরণ দেওয়া হয়েছে। তালিকায় থাকা বাকি কোনো উপকরণই তিনি পাননি। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছিল নিম্নমানের চারা নিয়ে। তাঁর অভিযোগ, সরবরাহ করা কলার চারার বেশির ভাগই ছিল রোগাক্রান্ত। গাছগুলো বড় হওয়ার আগেই মারা যায়। বাধ্য হয়ে অবশিষ্ট চারাগুলোও কেটে ফেলতে হয় তাঁকে।

    কান্নাজড়িত কণ্ঠে মহসিন বলেন, ‘জমি লিজ নিয়ে বড় আশা করে চাষ শুরু করেছিলাম। কিন্তু সাত মাসের মাথায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। যে চারা দেওয়া হয়েছিল, তার বেশির ভাগই মরে গেছে। চারাই যদি ত্রুটিপূর্ণ হয়, তবে কৃষক চাষ করবে কীভাবে? সার আর কিছু চারা ছাড়া আর কোনো সহযোগিতা পাইনি। বহুবার কৃষি কর্মকর্তাদের ফোন করেও তাঁদের মাঠে পাওয়া যায়নি।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের মতো প্রান্তিক কৃষকেরা এভাবে ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষ কীভাবে কৃষিকাজে উদ্বুদ্ধ হবে? সরকারি প্রকল্পের সঠিক তদারকি না থাকলে কৃষকদের এই লোকসান কেউ রোধ করতে পারবে না।’

    প্রকল্পের বরাদ্দ ও বাস্তবে উপকরণ সরবরাহের হিসাবের মধ্যে পার্থক্যের অভিযোগ ওঠায় এর বাস্তবায়ন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রদর্শনী খামারে বরাদ্দের কত টাকা ব্যয় হয়েছে, প্রকৃত উপকরণ কৃষকদের হাতে কেন পৌঁছায়নি এবং মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা কী ভূমিকা পালন করেছেন, তা তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

    এ বিষয়ে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ‘ফতেপুরে মাশরুম চাষের প্রকল্পের সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে বিষয়টি যেহেতু সামনে এসেছে, আমি খোঁজখবর নেব এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে দেখব।’

    অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘আমি সবেমাত্র এক মাস হলো এখানে যোগদান করেছি। এ বিষয়ে আমি পুরোপুরি অবগত নই। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    তিনি আরও বলেন, ‘মাশরুম চাষ প্রকল্পে বরাদ্দকৃত সব উপকরণ ও সুবিধা কৃষকদের পাওয়ার কথা। এ ছাড়া বরাদ্দকৃত অর্থ থেকে কোনো টাকা অব্যয়িত থাকলে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। তবুও পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
    যশোরে কৃষি বিভাগের মাশরুম ও কলা চাষের প্রদর্শনীতে কৃষকের সর্বনাশ

    নথিপত্রে সার, চারা ও উৎপাদন উপকরণসহ বিভিন্ন খাতে হাজার হাজার টাকা ব্যয়ের হিসাব। অথচ বরাদ্দের এক-চতুর্থাংশ উপকরণও পাননি বলে অভিযোগ কৃষকদের। সরকারি সহায়তায় লাভের আশায় মাশরুম ও কলা চাষে নেমে উল্টো লোকসানে পড়েছেন তাঁরা।

    যশোরে ‘টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় দুটি প্রদর্শনীতে এমন অনিয়ম ও তদারকির অভাবের অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, প্রয়োজনীয় উপকরণ ও কারিগরি সহায়তা না পাওয়ায় তাঁদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা।

    যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের তরুণ উদ্যোক্তা আব্দুল আহাদকে চলতি বছরের ফেব্রুয়ারিতে মাশরুম চাষের প্রদর্শনী দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ১০০টি মাশরুম স্পন, তাক তৈরির উপকরণ ও একটি হ্যান্ড স্প্রে মেশিন দেওয়ার কথা ছিল।

    আহাদের অভিযোগ, স্পন ছাড়া প্রয়োজনীয় উপকরণ পাননি তিনি। সরবরাহের পর কৃষি কর্মকর্তারাও আর খোঁজ নেননি। কারিগরি সহায়তা ও তদারকির অভাবে মাশরুম চাষে ব্যর্থ হয়ে প্রায় ৬০ হাজার টাকা লোকসান হয়েছে তাঁর।

    অথচ প্রকল্পের নথিতে তাঁর প্রদর্শনীর বিপরীতে ১১ হাজার ২০০ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে। এর মধ্যে স্পন, তাক নির্মাণ, স্প্রেয়ার, সাইনবোর্ড ও শ্রমিকের খরচও রয়েছে।

    একই প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে কলা চাষের প্রদর্শনী নেন মহসিন কবিরসহ কয়েকজন কৃষক। তাঁদের অভিযোগ, সার ও কিছু চারা ছাড়া তালিকাভুক্ত অধিকাংশ উপকরণই দেওয়া হয়নি। সরবরাহ করা চারার বেশির ভাগ ছিল রোগাক্রান্ত। ফলে গাছ বড় হওয়ার আগেই মারা যায়। শেষ পর্যন্ত অবশিষ্ট চারাও কেটে ফেলতে হয়।

    মহসিনের দাবি, কলা চাষে তাঁদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা। অথচ প্রকল্পের নথিতে এই প্রদর্শনীর বিপরীতে ২০ হাজার টাকা ব্যয়ের হিসাব রয়েছে।

    কৃষকদের অভিযোগ, বরাদ্দের অর্থ ব্যয়ের হিসাব থাকলেও বাস্তবে সেই অনুযায়ী উপকরণ তাঁরা পাননি। মাঠপর্যায়ে তদারকি ও কারিগরি সহায়তা না থাকায় সরকারি প্রকল্পের সুবিধার বদলে লোকসান গুনতে হয়েছে তাঁদের।

    এ বিষয়ে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ফতেপুরে মাশরুম চাষের প্রদর্শনীর সময় তিনি দায়িত্বে ছিলেন না। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলবেন।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দের সব উপকরণ কৃষকদের পাওয়ার কথা বলেও জানান তিনি।

  • ৪৭৪ কোটি টাকার কৃষি প্রকল্পে   ভুট্টাবীজ নিয়ে আলোচনা

    ৪৭৪ কোটি টাকার কৃষি প্রকল্পে ভুট্টাবীজ নিয়ে আলোচনা

    ভুট্টাবীজের মজুত ও গুণগত মান নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এবং নানা প্রতিকূলতার মধ্যেও স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কৃষকের কাছে মানসম্মত বীজ পৌঁছে দিতে কাজ করছেন ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) প্রকল্প পরিচালক।

    কৃষির উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাতের বীজের বিকল্প নেই। বিশেষ করে ধান, গম ও ভুট্টার মতো প্রধান ফসলের ক্ষেত্রে মানসম্মত বীজের প্রাপ্যতা সরাসরি প্রভাব ফেলে কৃষকের উৎপাদন, উৎপাদন খরচ এবং খাদ্যনিরাপত্তার ওপর। এই বাস্তবতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে প্রকল্পটি। ৪৭৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

    প্রকল্পটির মূল লক্ষ্য উন্নত ও উচ্চফলনশীল জাতের ধান, গম ও ভুট্টার বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং কৃষকের কাছে সরবরাহের সক্ষমতা বাড়ানো। প্রকল্পের আওতায় ধান, গম ও হাইব্রিড ভুট্টার উন্নত বীজ উৎপাদন ও সরবরাহের পাশাপাশি বীজ সংরক্ষণব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষকের উৎপাদনঝুঁকি কমানোর ক্ষেত্রেও উন্নত জাতের বীজের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে প্রকল্পটির কার্যক্রম কেবল একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক বা আর্থিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে দেশের কৃষি উৎপাদন ও বীজের বাজারব্যবস্থার প্রশ্নও জড়িত।

    তবে প্রকল্পের আওতায় আমদানি করা হাইব্রিড ভুট্টাবীজের মজুত, গুণগত মান এবং পরবর্তী সময়ে বীজ সংগ্রহের প্রক্রিয়া নিয়ে কিছু অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের কারণে প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

    কিন্তু প্রকল্পের সামগ্রিক প্রশাসনিক কাঠামো, বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্ত এবং মাঠপর্যায়ের দায়িত্ব বিবেচনায় না নিয়ে শুধু প্রকল্প পরিচালকের পদকে কেন্দ্র করে সব দায় নির্ধারণের সুযোগ নেই।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে ভারত থেকে বি-৩৩৫৫ জাতের ২০০ মেট্রিক টন হাইব্রিড ভুট্টাবীজ আমদানি করা হয়। এর মধ্যে রবি মৌসুমে কৃষকদের কাছে ২২ মেট্রিক টন বিক্রি হয়। অবশিষ্ট ১৭৮ মেট্রিক টন বীজ পরবর্তী মৌসুমের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভার কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে। অর্থাৎ, অবশিষ্ট বীজ সংরক্ষণের বিষয়টি প্রকল্প পরিচালকের একক সিদ্ধান্ত হিসেবে উপস্থাপনের সুযোগ নেই; সভার সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল পক্ষের সম্পৃক্ততা ছিল।

    খোঁজ নিয়ে জানা যায়, প্রকৃত সত্য হচ্ছে, ভুট্টাবীজ আমদানির সময় কাস্টমসের নেটওয়ার্কিং ও সফটওয়্যারে সমস্যা থাকায় বীজ খালাসে কিছুটা বিলম্ব হয়। এ কারণে সব বীজ বিক্রি করা সম্ভব হয়নি, যদিও জাতটি খুবই জনপ্রিয়। জাতটির প্রদর্শনী ও মাঠ দিবসে কৃষকদের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়, যা বিভিন্ন জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার পায়। পরবর্তী সময়ে বীজ প্রযুক্তির সব ধাপ অনুসরণ করে অবশিষ্ট বীজ ডিহিউমিডিফায়ারযুক্ত গুদামে সংরক্ষণ করা হয়েছে এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ৯০ শতাংশের বেশি রয়েছে।

    এদিকে, ২০২৬ সালের ৮ অক্টোবরের একটি প্রাক্‌সভা কার্যপত্রে বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ও প্রাথমিক মজুতের হিসাবে ২৬৩ মেট্রিক টন বীজের উল্লেখ পাওয়া গেছে। জানুয়ারির পিআইসি সভার কার্যবিবরণীতে থাকা ১৭৮ মেট্রিক টনের সঙ্গে এই হিসাবের পার্থক্য ৮৫ মেট্রিক টন। এ হিসাবের অমিলকে কেন্দ্র করে বীজের মজুত ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

    তবে দুটি নথির হিসাবের মধ্যে পার্থক্য থাকলেই তা সরাসরি বীজ আত্মসাৎ বা প্রকল্প পরিচালকের ব্যক্তিগত দায় প্রমাণ করে না। গত বছরের সমাপনী (এ বছরের প্রারম্ভিক) মজুত, এ বছরের উৎপাদন, এ বছরের আমদানির পরিমাণ, চূড়ান্তভাবে বীজ গ্রহণের পরিমাণ ইত্যাদি সব বিষয় বিবেচনায় নিয়েই চলতি বছরের মোট মজুতের হিসাব করা হয়।

    বিএডিসির মাঠপর্যায়ের বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণকেন্দ্রগুলোতে বাস্তব মজুত ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর থাকে। গুদামের স্টক রেজিস্টার, বিন কার্ড, দৈনিক মজুতের হিসাব, বীজ গ্রহণ ও বিতরণের নথি এবং সংরক্ষণ কার্যক্রম স্থানীয় পর্যায়ে পরিচালিত হয়।

    অন্যদিকে, প্রকল্প পরিচালক হিসেবে কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের দায়িত্বের মধ্যে রয়েছে প্রকল্পের সামগ্রিক পরিকল্পনা, বাজেট, ক্রয় কার্যক্রমের সমন্বয়, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং বাস্তবায়নের অগ্রগতি তদারক করা। ফলে প্রকল্প পরিচালকের প্রশাসনিক তদারকির দায়িত্ব এবং গুদামের দৈনন্দিন ভৌত মজুত সংরক্ষণের দায়িত্ব এক বিষয় নয়।

    এ ছাড়া আমদানি করা বি-৩৩৫৫ জাতের ভুট্টাবীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নিয়েও অভিযোগ রয়েছে।

    অভিযোগে বলা হয়েছে, কোনো কোনো পরীক্ষায় বীজের অঙ্কুরোদ্গমের হার ৫০ থেকে ৬০ শতাংশ পাওয়া গেছে এবং পরবর্তী সময়ে সংরক্ষিত কিছু লটে তা আরও কমে ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে এসেছে। অথচ বীজের মান নিয়ে আলোচনায় জাতীয় মানদণ্ডে অঙ্কুরোদ্গমের হার ৮০ শতাংশের বিষয়টি সামনে এসেছে।

    আমদানিকৃত বীজের গুণগত মান ও সংরক্ষণব্যবস্থা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। কারণ, বীজ প্রত্যয়ন এজেন্সি, ডিএই, স্থানীয় বিএডিসি কর্মকর্তা এবং বিএডিসির কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারের একাধিক পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতেই আমদানিকৃত বীজ গ্রহণ করা হয়েছে।

    তবে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা শুধু আমদানির সময়কার মানের ওপর নির্ভর করে না। সংরক্ষণের পরিবেশ, তাপমাত্রা, আর্দ্রতা, বাতাস চলাচল এবং সময়ের ব্যবধানও বীজের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। ফলে কোনো একটি পর্যায়ের পরীক্ষার ফল দিয়ে পুরো আমদানি কার্যক্রম কিংবা প্রকল্প পরিচালকের ব্যক্তিগত ভূমিকা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একইভাবে, বীজের মান নিয়ে অভিযোগ থাকলে সেটিকে উপেক্ষা করারও সুযোগ নেই। কৃষকের কাছে সরবরাহ করা বীজের গুণগত মান নিশ্চিত করা বিএডিসির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    ঠাকুরগাঁও এবং চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের গুদামে সংরক্ষিত বীজের হিসাব নিয়েও আলোচনা রয়েছে। অভিযোগের একটি অংশে বলা হয়েছে, ঠাকুরগাঁও কেন্দ্রে বি-৩৩৫৫ জাতের বীজের সঙ্গে দেশীয় হাইব্রিড বীজ মেশানোর ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, এটি কখনোই সম্ভব নয়। কারণ, চুয়াডাঙ্গায় গত বছর কোনো বীজ মজুত ছিল না।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে অভিযোগের ভিত্তিতে কোনো কর্মকর্তা বা প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত দায় আরোপের সুযোগ নেই। বীজের বিশুদ্ধতা, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের প্রতিটি পর্যায়ে দায়িত্ব বণ্টনের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ।

    অন্যদিকে, প্রকল্পের আওতায় নতুন করে ১০০ মেট্রিক টন হাইব্রিড ভুট্টাবীজ সংগ্রহের জন্য ৪ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকার একটি ক্রয়চুক্তি হয়েছে।

    ই-জিপি দরপত্রের তথ্য অনুযায়ী, টেন্ডার আইডি ১৩০৪৮০৪-এর আওতায় ২০২৬ সালের ২৮ জুন দরপত্র আহ্বান করা হয়। ১২ আগস্ট নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) দেওয়া হয় এবং ১৯ আগস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। প্যাকেজ নম্বর RWMP/2025-26/GD-33-এর সরবরাহকারী প্রতিষ্ঠান বঙ্গ অ্যাগ্রিটেক লিমিটেড। আসন্ন রবি মৌসুমে বগুড়া, ময়মনসিংহ, ফেনী, চুয়াডাঙ্গা ও রংপুর অঞ্চলের কৃষকদের চাহিদা পূরণের লক্ষ্যেই পিপিআর ২০২৫ বিধিমালা এবং ডিপিপি শতভাগ অনুসরণ করে এই বীজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্পসংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।

    বীজ সংগ্রহের ক্ষেত্রে কৃষকের মৌসুমি চাহিদা, সময়মতো সরবরাহ এবং মানসম্মত বীজের প্রাপ্যতা গুরুত্বপূর্ণ বিষয়। নির্ধারিত মৌসুমে কৃষকের হাতে বীজ পৌঁছাতে না পারলে উৎপাদন পরিকল্পনা ব্যাহত হতে পারে।

    প্রকল্প দপ্তর নতুন বীজ সংগ্রহের কার্যক্রমটি সঠিক সময়ে, স্বচ্ছতা ও নিয়ম অনুসরণ করে সম্পন্ন করেছে।

    ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন খানের ২০২৬ সালের ৮ সেপ্টেম্বরের ১৫৫ নম্বর স্মারক নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে নথিতে উল্লিখিত তারিখ অনুযায়ী, ১৯ আগস্টের ক্রয়চুক্তির ২০ দিন পর স্মারকটি জারি করা হয়। ফলে ওই স্মারকের বিষয়বস্তু ও ক্রয়চুক্তির সময়ক্রমকে এক করে দেখার সুযোগ নেই। প্রকল্পের বিভিন্ন পর্যায়ে জারি করা প্রশাসনিক চিঠিপত্রের উদ্দেশ্য ও প্রেক্ষাপট আলাদা হতে পারে।

    বিএডিসি দেশের কৃষি খাতে দীর্ঘদিন ধরে বীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বেসরকারি বীজবাজারের পাশাপাশি সরকারি পর্যায়ে মানসম্মত বীজের সরবরাহ বজায় রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা কৃষকের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের কাছে উন্নত বীজ পৌঁছে দেওয়া, মৌসুমি চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা এবং বীজের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বিএডিসির কার্যক্রমের প্রভাব রয়েছে।

    এই বাস্তবতায় চলমান প্রকল্পের কোনো একটি উপাদান নিয়ে অভিযোগ উঠলেই পুরো প্রকল্পের উদ্দেশ্য কিংবা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা যুক্তিসংগত নয়। আবার প্রকল্পের বড় লক্ষ্য ও জনস্বার্থের কথা বলে মজুত বা বীজের মানসংক্রান্ত অভিযোগকে পাশ কাটানোরও সুযোগ নেই। অভিযোগের দায় নির্ধারণে প্রকল্প পরিচালকের প্রশাসনিক দায়িত্ব, কমিটির সিদ্ধান্ত, মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম এবং সংশ্লিষ্ট নথির ভূমিকা আলাদাভাবে বিবেচ্য।

    প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের ভূমিকা নিয়ে আলোচনার ক্ষেত্রেও এই পার্থক্য গুরুত্বপূর্ণ।

    একটি সরকারি প্রকল্পের পরিচালক পুরো প্রকল্পের বাস্তবায়ন সমন্বয় ও তদারকির দায়িত্বে থাকলেও প্রতিটি গুদামের দৈনন্দিন কার্যক্রম, বীজের ভৌত অবস্থান এবং স্থানীয় পর্যায়ের প্রতিটি কাজে সরাসরি তাঁর একক নিয়ন্ত্রণে থাকে—এমন ধারণা প্রশাসনিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে প্রকল্প পরিচালকের তদারকি ও জবাবদিহির দায়িত্বও অস্বীকার করার সুযোগ নেই। দায়িত্বের প্রকৃত পরিধি বিবেচনা করেই তাঁর ভূমিকা মূল্যায়ন করা প্রয়োজন।

    বিশেষজ্ঞদের মতে, ৪৭৪ কোটি টাকার এই প্রকল্পের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে কৃষকের হাতে সময়মতো মানসম্মত বীজ পৌঁছানোর ওপর। বিএডিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম, প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক সমন্বয় এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ই এখানে গুরুত্বপূর্ণ।

    ভুট্টাবীজের মজুত ও গুণগত মান নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি প্রকল্পের বৃহত্তর কৃষি-উৎপাদন লক্ষ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বের প্রকৃত পরিধিও আলোচনায় থাকা প্রয়োজন। কারণ, একটি প্রকল্পের সাফল্য যেমন একক ব্যক্তির কৃতিত্ব নয়, তেমনি কোনো অনিয়মের অভিযোগের দায়ও প্রমাণ ছাড়া একজনের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত হতে পারে না।

  • বেরিয়ে আসা হবে কৃষি পণ্য আমদানি থেকে

    বেরিয়ে আসা হবে কৃষি পণ্য আমদানি থেকে

    কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষি পণ্য আমদানি থেকে বেরিয়ে আসা হবে। মন্ত্রী আজ রাজশাহী অঞ্চলের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আম, লিচুবাগান, আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচামরিচ ও টমেটো চাষ উৎপাদন এলাকা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শনকালে কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিকে আমদানিনির্ভরতা থেকে রপ্তানিমুখী খাতে পরিণত করতে সরকার কাজ করছে। যে সকল কৃষি পণ্য আমদানি করা হয় সেগুলোর উৎপাদন বাড়িয়ে পর্যায়ক্রমে আমদানি থেকে বেরিয়ে আসা হবে।

    মন্ত্রী বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের কৃষকরা অত্যন্ত পরিশ্রমী ও কৃষির প্রতি আন্তরিক। এ অঞ্চলে আম উৎপাদনের পাশাপাশি ধান ও সবজি চাষেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কৃষির সম্ভাবনা আরও কাজে লাগাতে আমবাগানের গাছের মধ্যবর্তী অব্যবহৃত জমিতে আদা চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

    তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি কৃষকের অতিরিক্ত আয় হবে। এ জন্য মাটির উপযোগিতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

    ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদীর পানি সেচকাজে ব্যবহারের উদ্যোগ সম্প্রসারণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে একটি বড় প্রকল্প ইতোমধ্যে তাঁর কাছে এসেছে। তিনি প্রকল্পটি অনুমোদনের পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে বলে জানান।

    রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আমের সংরক্ষণকাল বাড়ানো গেলে মৌসুমে দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়া রোধ করা সম্ভব হবে। এতে কৃষকও উৎপাদিত আমের ন্যায্যমূল্য পাবেন।

    পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আদা, রসুন ও বর্ষাকালীন টমেটোর উৎপাদন বাড়াতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী মৌসুম থেকে বর্ষাকালীন টমেটো চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। কৃষিপণ্য আমদানির পরিবর্তে বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

    সফরকালে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন-এর হোসেনডাঙ্গায় রোপা আমন ধান কর্তন উদ্বোধন করেন।

    এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএমডিএর প্রতিনিধি এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

  • আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের দাম ও লক্ষ্যমাত্রা নির্ধারণ

    আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের দাম ও লক্ষ্যমাত্রা নির্ধারণ

    চলতি আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় কেজিপ্রতি এক টাকা বাড়িয়ে ধান এবং এক টাকা কমিয়ে সিদ্ধ ও আতপ চাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

    তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

    অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে একই সময় পর্যন্ত।

    এ বছর সংগ্রহ অভিযানে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৩ লাখ টন আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা বাড়তে পারে। কৃষকরা যদি নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ধান বিক্রি করতে চান, সেই সুযোগও রাখা হয়েছে। কৃষকের যেন কোনো ক্ষতি না হয়, প্রধানমন্ত্রী সে নির্দেশনাই দিয়েছেন। ’

    মন্ত্রী আরও জানান, সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, মজুত, সরকারি বিতরণ ও আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকের ফসলের ন্যায্যমূল্য দেয়াকেই মূল লক্ষ্য রাখা হয়েছে।

    সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • হিমাগারে রাখা আলু নিতে  মাইকিং

    হিমাগারে রাখা আলু নিতে মাইকিং

    হিমাগার গেটে সংরক্ষিত আলু বিক্রি করে ঋণসহ ভাড়ার টাকা পরিশোধ হচ্ছে না। সে কারণে সংরক্ষিত আলু নিতে আসছেন না চাষি ও ব্যবসায়ীরা। আলু সংরক্ষণের পর থেকে বাজারে দর পতন অব্যাহত আছে। ফলে হিমাগারগুলোতে মৌসুমের শুরু থেকে চাষি ও ব্যবসায়ীদের আনাগোনা কম ছিল। যার ফলে এখনও হিমাগারগুলোতে সংরক্ষণের প্রায় অর্ধেক পরিমাণ আলু রয়ে গেছে।

    সংরক্ষিত আলু নিতে হিমাগার মালিকরা বেশ কয়েকবার নোটিশ পাঠানোর পরও চাষি ও ব্যবসায়ীদের সাড়া পাচ্ছেন না। মৌসুম শেষ, বাজারে নতুন আলু আসার সম্ভাবনা দেখা দিয়েছে। সংরক্ষিত আলু বের করতে ১৫ নভেম্বর সময় বেঁধে বিভিন্ন পত্র-পত্রিকায় গণবিজ্ঞপ্তির পাশাপাশি এলাকায় মাইকিং করছে কর্তৃপক্ষ। হিমাগারের মেশিন বন্ধ করা হবে, নির্ধারিত সময়ে আলু নিতে না এলে পরবর্তী সময় ওই আলুর দায় কর্তৃপক্ষ নেবে না বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে আলু বিক্রির টাকায় হিমাগার থেকে নেওয়া ঋণ ও ভাড়া পরিশোধ না হওয়ায় হিমাগারে আসছেন না চাষি ও ব্যবসায়ীরা। গত দুই মাস ধরে নোটিশ করেও তাদের হিমাগারমুখী করতে পারেননি কর্তৃপক্ষ।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জয়পুরহাটের ২২টি হিমাগারে এবার দুই লাখ ৩৭ হাজার ২১২ টন আলু সংরক্ষণ ছিল। দাম কম হওয়ায় সংরক্ষণের প্রায় অর্ধেক আলু আজও হিমাগারেই রয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই বিপুল পরিমাণ আলু বাজারে বের করতে হলে সরবরাহের পরিমাণ বৃদ্ধি করতে হবে। এতে করে আলুর দাম আরও কমার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, নতুন আলু বাজারে আসার সময় হয়েছে। নতুন আলু পুরোদমে বাজারে আসার আগেই পুরোনো আলুর বিক্রি নিয়ে শঙ্কায় চাষি ও ব্যবসায়ীরা।

    চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ বছরের তুলনায় এবার বিভিন্ন জাতের আলু বছর শেষে প্রতি বস্তা (৬০ কেজি) ৪৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে চাষিদের হিমাগারের ভাড়াসহ ঋণের টাকা পরিশোধ সম্ভব হবে না। সব মিলিয়ে সংরক্ষণের আলু নিয়ে বড় বিপদে পড়েছেন চাষি, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা।

    জানা গেছে, ধারণক্ষমতা অনুযায়ী জেলার ২২টি হিমাগারেই এবার আলু সংরক্ষণ ছিল পরিপূর্ণ। মৌসুমে আলুর দাম কম বলে চাষি-ব্যবসায়ীরা হিমাগারে সংরক্ষণ করেন। জেলায় খাবার আলুর প্রয়োজন ছিল ৪০ হাজার টন। সিংহভাগ আলু বিভিন্ন জেলায় বিক্রি হয়। মৌসুমের শুরু থেকে দাম কম হওয়ায় হিমাগারে সংরক্ষণের অর্ধেক আলু এখনও মজুত আছে। এর মধ্যে বাজারে নতুন আলুর আমদানি শুরু হতে চলেছে। হিমাগার গেটে পুরোনো আলু ৭ থেকে ৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    চাষিরা জানান, মৌসুমে এক কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ১৯ থেকে ২০ টাকা। হিমাগারে সংরক্ষণ করতে গিয়ে ভাড়া বাবদ ৬.৭৫ টাকা এবং লেবার, সুতলি, পরিবহন ও লোড-আনলোড মিলে আরও ২ টাকা। সব মিলে প্রতি কেজিতে খরচ পড়েছে ২৮ টাকা। বর্তমানে দাম মিলছে কেজিতে ৭ থেকে ৮ টাকা। আলু সংরক্ষণ করে লাভ তো নয়ই, মূলধনও হারিয়ে গেছে। আলু নিতে হলে হিমাগার থেকে নেওয়া ঋণসহ ভাড়ার টাকা দিতে হবে। সে কারণেই আলু নিতে হিমাগারে আসছেন না কেউ।

    কালাই পৌরশহরের দোকানদারপাড়া মহল্লার আলু চাষি জয়েন মিয়া বলেন, মৌসুমে দাম কম হওয়ায় ৫০ বস্তা আলু হিমাগারে রেখেছি। আলু হিমাগারে না রেখে যদি বিক্রি করতাম, তাও কয়েক টাকা পেতাম। এখন আলু বিক্রি করলে বাড়ি থেকে আরও বস্তাপ্রতি ৪৫০ টাকা করে যোগ দিয়ে হিমাগারের ভাড়াসহ ঋণের টাকা পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, আলুর ওপর ১৫ হাজার টাকা ঋণ নিয়েছি, সেই টাকা শোধ করব কীভাবে, সেই চিন্তায় আছি। আলু নিতে বারবার হিমাগার থেকে মোবাইলে কল করছে। বলে দিয়েছি, আলু এবার নেব না। তার পরও তারা কল করেই যাচ্ছে।

    পুনট হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন বাগইল গ্রামের কৃষক মোকলেছুর রহমান। গতকাল শুক্রবার আলু বিক্রি করতে এসে হিমাগারের ভাড়ার কথা ভেবে তিনি আলু বিক্রি না করে ফিরে যাচ্ছিলেন। এ সময় তিনি বলেন, তখন আলু বিক্রি করলে আজ হিমাগারের ভাড়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতো না। শুধু যে তিনিই বিপদে পড়েছেন তা নয়, জয়পুরহাটের অসংখ্য আলুচাষি ও ব্যবসায়ী এবার একই সংকটে পড়েছেন।

    আঁওড়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, কয়েক দিন ধরে আলু ওঠানোর জন্য হিমাগারের পক্ষ থেকে মাইকিং করছে। ১৫ নভেম্বরের মধ্যে আলু না ওঠালে তারা আর আলুর দায় নেবে না। আবার দাম কম হলে ভাড়ার টাকাও নেবে। কী করব ভেবে পাচ্ছি না। তিনি আক্ষেপ করে বলেন, আগে বিক্রি করলে যেটুকু দাম পাওয়া যেত, নতুন আলু আসাতেই পুরোনো আলু আর কেউ নিচ্ছেই না।
    পুনট বাজারের ব্যবসায়ী মিঠু ফকির বলেন, ১৭ হাজার বস্তা আলু কয়েকটি হিমাগারে রেখেছিলাম। কম দামেই প্রায় ৯ হাজার বস্তা আলু বিক্রি করেছি। ইতোমধ্যে প্রায় এক কোটি টাকা লোকসান হয়েছে। আবার যদি এই ৮ হাজার বস্তার ভাড়া দিতে হয়, তাহলে বর্তমান দামে আলু বিক্রি করে কত টাকা যে লোকসান হবে, তার হিসাব নেই। সে কারণে হিমাগারে যাতায়াত ছেড়ে দিয়েছি। তিনি বলেন, ‘এভাবেই গত তিন বছর ধরে লোকসান গুনছি। কোমর-মাঝা ভেঙে গেছে। ঋণের বোঝাও বেড়ে গেছে। সিসি ঋণ এবার নবায়নই করতে পারিনি। ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে গেছে।’
    পুনট কোল্ডস্টোরেজের সহকারী ব্যবস্থাপক এনামুল হক বলেন, গড়ে এখনও সংরক্ষণের ৪৩ শতাংশ আলু মজুত আছে। গত এক সপ্তাহে মাত্র ২ শতাংশ আলু বিক্রি হয়েছে। নতুন আলু বাজারে আসার সময়ও হয়েছে। মালিকদের নির্দেশে আগামী ১৫ নভেম্বরের মধ্যে আলু নিতে মাইকিং করা হচ্ছে।

    জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আলু সংরক্ষণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়ে অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট হিমাগারগুলোতে চিঠি দেওয়া হয়েছে।
    জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ‘বিষয়টি শুনেছি। কেন ১৫ নভেম্বর উল্লেখ করে হিমাগার কর্তৃপক্ষ মাইকিং করছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’