কৃষি

  • বাংলাদেশের আনারস প্রথমবার পাকিস্তানের বাজারে

    বাংলাদেশের আনারস প্রথমবার পাকিস্তানের বাজারে

    পাকিস্তানের বাজারে প্রথমবারের মতো তাজা আনারস রফতানি শুরু করেছে বাংলাদেশ। টাঙ্গাইলের মধুপুরে উৎপাদিত প্রায় দুই টন (এক দশমিক ৮৩ মেট্রিক টন) আনারসের প্রথম চালান শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সরাসরি ঢাকা-করাচি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে পাঠানো হয়েছে। এই চালানের মধ্য দিয়ে পাকিস্তানে বাংলাদেশী আনারসের নতুন বাজার উন্মোচিত হলো।

    দু’টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৪২ টন আনারস রফতানির অর্ডার পাওয়ার তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব অর্ডার বাস্তবায়িত হলে নতুন এই বাজারে বাংলাদেশের আনারস রফতানি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

    সামিন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান প্রথম চালানটি রফতানি করছে। পাকিস্তানের লাহোরভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান প্রাইম টেক এসব আনারস আমদানি করছে।

    রফতানির আগে রাজধানীর শ্যামপুর প্যাকিং হাউজে আনারসগুলো বাছাই, গ্রেডিং ও মান নিয়ন্ত্রণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রফতানিযোগ্য মান নিশ্চিত করার পর চালানটি পাঠানো হয়েছে। এটি আগামীকাল পাকিস্তানে পৌঁছানোর কথা।

    কৃষি সম্প্রসারণ অধিদফতরের রাজধানীর শ্যামপুর প্যাকিং হাউজের উপপরিচালক মো: আমিনুর রশিদ মুকুল জানান, মধুপুর থেকে সংগ্রহ করা এক দশমিক ৮৩ মেট্রিক টন আনারস বাছাই, গ্রেডিং ও মান নিয়ন্ত্রণের পর পাকিস্তানে পাঠানো হয়েছে। বাংলাদেশের আনারস রফতানির ইতিহাসে পাকিস্তানে এটিই প্রথম চালান।

    তিনি বলেন, প্যাকিং হাউজে আনারসগুলোর বাছাই, গ্রেডিং ও মান নিয়ন্ত্রণ করা হয়েছে। পাকিস্তানের বাজারে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। প্রথম চালানের পর আরো আনারস রফতানির অর্ডার পাওয়া গেছে।

    রফতানিতে নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা সামিন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জুয়েল আহমেদ। তিনি নয়া দিগন্তকে বলেন, আমার ব্যবসায়িক জীবনে প্রথমবারের মতো আনারস রফতানি।

    তিনি জানান, ভারতে তার প্রতিষ্ঠানের তৈরি পোশাক ও রাইস ব্র্যান অয়েল-সংশ্লিষ্ট পণ্য রফতানির ব্যবসা রয়েছে। তবে আনারস রফতানি এবারই প্রথম। এছাড়া এর আগে পাকিস্তান ও ভারত থেকে পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনা বরইসহ বিভিন্ন পণ্য আমদানি করেছেন তারা।

    জুয়েল আহমেদ বলেন, পাকিস্তানে আনারসের প্রচুর চাহিদা রয়েছে। আমাদের আরেকটু সহযোগিতা করা হলে আরো অনেক কৃষিপণ্য রফতানি করা সম্ভব। মরিঙ্গা পাউডার, পান, সুপারি, নারিকেল, কাঁঠাল ও ড্রাগন ফলের মতো পণ্যেরও সেখানে ভালো বাজার রয়েছে বলে আমরা মনে করি।

    পাকিস্তানে কৃষিপণ্য রফতানি বাড়াতে সরকারি উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিলে বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিপণ্যগুলো বিদেশের বাজারে আরো ভালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

    তার ভাষ্য অনুযায়ী, আনারস রফতানির উদ্যোগ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় ও পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা ছিল।

    জুয়েল আহমেদ জানান, মধুপুরের ক্যালেন্ডার জাতের আনারস পাঠানো হয়েছে। তার প্রতিষ্ঠানের জন্য পাকিস্তানে ২২ টন আনারস রফতানির অর্ডার রয়েছে।

    অন্য একজন রফতানিকারকেরও ২০ টন আনারস রফতানির অর্ডার রয়েছে। সব মিলিয়ে বর্তমানে প্রায় ৪২ টন আনারস রফতানির অর্ডার পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

    রফতানির গন্তব্য বাড়ানোর সুযোগ সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য ও প্রতিবেশী ভারতে সীমিত পরিসরে তাজা আনারসসহ বিভিন্ন কৃষিপণ্য রফতানি হয়ে থাকে। তবে পাকিস্তানের বাজারে প্রবেশের এ উদ্যোগ দেশের আনারস রফতানির গন্তব্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

    দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে কৃষিপণ্যের রফতানি বাড়ানোর ক্ষেত্রেও এটি ভূমিকা রাখতে পারে। পাকিস্তান বিভিন্ন দেশ থেকে ফল ও মসলাজাতীয় পণ্য আমদানি করে থাকে। এ অবস্থায় বাংলাদেশ থেকে তাজা আনারস রফতানির উদ্যোগ দেশটির বাজারে নতুন সরবরাহের সুযোগ তৈরি করতে পারে।

  • বাঁওড়ের উন্নয়ন ও জেলেদের জীবিকায় ৪৭ কোটি টাকার প্রকল্প

    বাঁওড়ের উন্নয়ন ও জেলেদের জীবিকায় ৪৭ কোটি টাকার প্রকল্প

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ের মৎস্যসম্পদ উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রকৃত মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করেছে মৎস্য অধিদফতর।

    পাঁচ বছর মেয়াদি ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক এ প্রকল্পের মাধ্যমে বাঁওড় খনন, মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা, পোনা উৎপাদন অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ ও সমাজভিত্তিক ব্যবস্থাপনা জোরদারের পরিকল্পনা রয়েছে। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বাঁওড়গুলোতে মাছের উৎপাদন অন্তত ১০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যশোরের জেলা প্রশাসক ওই অঞ্চলের বাঁওড়গুলোতে মাছের উৎপাদন বাড়াতে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, মৎস্য বিভাগের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। সভায় প্রকল্প গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন পায়। পরে প্রকল্পের জনবল কাঠামো অনুমোদনের জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়। বর্তমান সরকারের সময়ে জনবল কাঠামোর অনুমোদন পাওয়ার পর প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। বর্তমানে প্রকল্পটির ব্যয় ও কার্যক্রম মূল্যায়নের অপেক্ষায় রয়েছে।

    জানা গেছে, প্রকল্পের আওতায় পলি জমে ভরাট হয়ে যাওয়া বাঁওড়ের নির্বাচিত অংশ খনন করে গভীরতা ও পানি ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ খাতে ১১ কোটি ২১ লাখ ৯৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এর ফলে শুষ্ক মৌসুমেও মাছের বসবাস ও বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

    দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ২৯টি বাঁওড়ে অভয়াশ্রম প্রতিষ্ঠায় ২ কোটি ৩২ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিদ্যমান ৩৫টি পোনা উৎপাদন পুকুর সংস্কারে ১ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার টাকা, খামার যান্ত্রিকীকরণে ১ কোটি ৪০ লাখ টাকা এবং পানি সরবরাহের জন্য ছয়টি গভীর নলকূপ স্থাপনে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

    বাঁওড় ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, পোনা সরবরাহ ও সম্প্রসারণসেবার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে জরাজীর্ণ ছয়টি বাঁওড় ব্যবস্থাপকের অফিস ভবন পুনর্নির্মাণে ৭ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পাঁচ বছরে ২৯০টি বিল নার্সারি স্থাপনে ২ কোটি ৯০ লাখ টাকা এবং রুইজাতীয় ও দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণে পৃথকভাবে ৭ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে। বিল নার্সারির মাধ্যমে পোনা লালন-পালন ও উৎপাদন কার্যক্রম বাড়ানোর পাশাপাশি নির্ধারিত জলাশয়ে পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। প্রকল্পের সরঞ্জাম খাতে আট লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এ খাতে চারটি ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি দুটি ল্যাপটপ, চারটি প্রিন্টার ও আনুষঙ্গিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

    প্রস্তাবিত প্রকল্পে জলাশয় খনন, অভয়াশ্রম প্রতিষ্ঠা, পোনা উৎপাদন, পানি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে শুধু মাছের উৎপাদন বাড়ানো নয়, বরং বাঁওড়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

    জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন বলেন, বাঁওড়গুলোতে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের সম্পৃক্ত করে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য। নির্বাচিত জলাশয় চিহ্নিত করে অভয়াশ্রম প্রতিষ্ঠা, মাছের নিরাপত্তায় নজরদারি এবং স্থানীয় মানুষকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে।

    তিনি বলেন, অভয়াশ্রমের নির্ধারিত এলাকায় মাছ আহরণ নিয়ন্ত্রিত থাকবে, যাতে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। বর্ষা মৌসুমে মাছ আশপাশের নদী ও বিলে ছড়িয়ে পড়লে সেখান থেকে স্থানীয় জেলেরা মাছ আহরণ করতে পারবেন। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবিকায় দীর্ঘমেয়াদি সুফল পাওয়ার প্রত্যাশা রয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ও বিভিন্ন কার্যক্রমের প্রয়োজনীয়তা বর্তমানে মূল্যায়নাধীন। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব বিষয় পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: খালেদ কনক বলেন, ‘এটি একটি সমাজভিত্তিক মৎস্য উন্নয়ন প্রকল্প। দীর্ঘদিন ধরে বাঁওড়ের জেলেদের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রকল্পের ঘাটতি রয়েছে। অনেক বাঁওড় অগভীর হয়ে যাওয়ায় মাছের বসবাস ও উৎপাদনের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পের মাধ্যমে জলাশয়ের উন্নয়ন এবং সমাজভিত্তিক ব্যবস্থাপনার কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।’

    তিনি বলেন, বাঁওড়ের প্রকৃত মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ করাও প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ। নব্বইয়ের দশকে গঠিত মৎস্যজীবী সমিতিগুলোর সদস্যতালিকা দীর্ঘদিন ধরে হালনাগাদ হয়নি। প্রকল্পের মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের অন্তর্ভুক্তি, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং মাছ আহরণের সুফল সুষমভাবে বণ্টনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রকল্পের উল্লিখিত অঙ্কগুলো প্রস্তাবিত ব্যয়। অবকাঠামোর প্রয়োজনীয়তা, সরঞ্জামের স্পেসিফিকেশন ও দর এবং জনবলের যথার্থতা মূল্যায়ন ও যৌক্তিকীকরণের বিষয় রয়েছে।

    সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাঁওড়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জেলেদের জীবিকা ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। মাছের উৎপাদন অন্তত ১০ শতাংশ বাড়ানোর লক্ষ অর্জিত হলে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এর সুফল অব্যাহত রাখার সম্ভাবনা রয়েছে।

  • প্রাণিসম্পদ পণ্য রফতানি বাড়ল ২১৭ শতাংশ

    প্রাণিসম্পদ পণ্য রফতানি বাড়ল ২১৭ শতাংশ

    এ বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে দেশের গবাদিপশু পণ্যের রফতানি ২১৭ শতাংশ বেড়ে ১০৪.৬৪ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের ছয় মাসে, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই রফতানির পরিমাণ ছিল ৩২.৯৯ লাখ মার্কিন ডলার।

    প্রাণিসম্পদ অধিদফতরের (ডিএলএস) তথ্য অনুযায়ী, দেশে গোশত ও ডিমের উৎপাদন জাতীয় চাহিদাকে ছাড়িয়ে গেছে। ফলে মাথাপিছু সরবরাহের পরিমাণ এখন ন্যূনতম পুষ্টি চাহিদার চেয়েও বেশি।

    দেশে বর্তমানে বছরে প্রায় ৯০.৭০ লাখ টন গোশত এবং দুই হাজার ৫০৯.৪১ কোটি ডিম উৎপাদিত হয়। এর বিপরীতে বছরে আনুমানিক ৭৮.১৪ লাখ টন গোশত এবং এক হাজার ৮৫৫.৩৬ কোটি ডিমের চাহিদা রয়েছে।

    তবে প্রাণিসম্পদ অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে দুধের উৎপাদন এখনো চাহিদার তুলনায় কম।

    উৎপাদন বাড়ার কারণে বর্তমানে প্রতিদিন গোশত পাওয়া যাচ্ছে মাথাপিছু ১৩৯.২৯ গ্রাম, যা ন্যূনতম ১২০ গ্রামের চাহিদার চেয়ে বেশি। বর্তমানে বাৎসরিক মাথাপিছু গোশতের প্রাপ্যতা ৫০.৮৪ কেজি, যেখানে ন্যূনতম চাহিদা ৪৩.৮ কেজি।

    তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, বাৎসরিক মাথাপিছু গোশত খরচের পরিমাণ মাত্র ১৪ কেজি।

    একইভাবে, বাৎসরিক মাথাপিছু ডিমের প্রাপ্যতা ১৪০টি ছাড়িয়ে গেছে, যেখানে চাহিদা প্রায় ১০৪টি।

    ২০১৬-১৭ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এই এক দশকে গোশত ও ডিমের উৎপাদন যথাক্রমে ২৬.৭৮ শতাংশ এবং ৬৮.০৪ শতাংশ বেড়েছে।

    গোশত উৎপাদনের প্রায় ৪০ শতাংশই আসে ব্রয়লার মুরগি থেকে, যা এখন জাতীয় চাহিদা মেটাতে সক্ষম। অন্যদিকে ডিমের উৎপাদনও জাতীয় চাহিদা পূরণের পর্যায়ে পৌঁছেছে।

    গত এক দশকে দুধের উৎপাদন ৬৯.৭১ শতাংশ বেড়ে প্রায় ১৫৭.৫৩ লাখ টনে পৌঁছালেও, তা এখনো বছরে ১৬২.৭৯ লাখ টনের বার্ষিক চাহিদার চেয়ে কম। প্রতিদিন মাথাপিছু দুধের প্রাপ্যতা প্রায় ২৪১ মিলিমিটার, যেখানে আনুমানিক চাহিদা ২৫০ মিলিমিটার।

    ২০২৫-২৬ অর্থবছরে গোশতের উৎপাদন পূর্ববর্তী অর্থবছরের ৮৯.৫৪ লাখ টন থেকে ১.১৬ লাখ টন বেড়ে ৯০.৭০ লাখ টনে দাঁড়িয়েছে। ডিমের উৎপাদনও ২.৮৩ শতাংশ বেড়ে দুই হাজার ৪৪০.৬৫ কোটি থেকে দুই হাজার ৫০৯.৪১ কোটি পিসে পৌঁছেছে।

    প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খানের সাথে আলাপকালে এই উৎপাদন বৃদ্ধির পেছনে সরকারের নীতিগত সহায়তা, উদ্যোক্তা তৈরি এবং গরু ও পোল্ট্রির জাত উন্নয়নকে মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

    তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার সব পর্যায়ে অ্যান্টিবায়োটিক-মুক্ত উৎপাদন নিশ্চিত করার প্রচেষ্টাও এই খাতের অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

    রফতানি পরিস্থিতির বিষয়ে শাহজামান জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) গবাদিপশু পণ্য রফতানি করে ১৫৪.৪৭ লাখ মার্কিন ডলার বা ১৯৩.০৮ কোটি টাকা আয় হয়েছে। যেখানে পুরো ২০২৫-২৬ অর্থবছরে আয়ের পরিমাণ ছিল ৮২.০৬ লাখ মার্কিন ডলার বা ১০২.৫৭ কোটি টাকা।

    তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদফতর পণ্যের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) প্রয়োজনীয়তা পূরণ, হিমাগার সুবিধার উন্নয়ন এবং রফতানি মূল্য প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে সংস্থাটি কাজ চালিয়ে যাচ্ছে। এই ধারা চলমান রাখতে নতুন নতুন রফতানি বাজার খোঁজার কাজও চলছে।

    এই খাতের উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, দেশের গবাদিপশু উৎপাদন বর্তমান স্তরের চেয়ে অন্তত তিন গুণ বাড়ানো প্রয়োজন।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষ বছরে গড়ে ১৪০টির মতো ডিম খায়, অথচ উন্নত দেশগুলোতে এই সংখ্যা প্রায় ৪০০। বাংলাদেশে মুরগির গোশত খাওয়ার হারও উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম।

    বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম গবাদিপশু পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

    তিনি বলেন, প্রধানত অদক্ষ উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশে গোশত, দুধ ও ডিমের দাম প্রতিবেশী ভারতের চেয়ে বেশি।

    তিনি তৃণমূল উদ্যোক্তাদের সহায়তা দিতে এবং করপোরেট গোষ্ঠী যাতে বাজার নিয়ন্ত্রণ বা দাম কারসাজি করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

    পশুপালন, দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের মধ্যে আধুনিক যন্ত্রপাতির বিস্তৃত বিতরণের তাগিদ দেন। এর মধ্যে রয়েছে মিল্কিং মেশিন, ঘাস কাটার যন্ত্র, ট্রাক্টর, খড় কাটার যন্ত্র, মিল্ক ক্যান, ক্রিম সেপারেটর ও পাস্তুরাইজেশন প্ল্যান্ট।

    ড. আলম বলেন, কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাওয়ায় যান্ত্রিকীকরণ এখন অপরিহার্য হয়ে পড়েছে। প্রতিটি খামারকে আধুনিক উৎপাদন ইউনিট হিসেবে গড়ে তোলা উচিত।

    বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ড. শহিদুল হক কৃষি খাতের মতো গবাদিপশু খামারিদেরও প্রণোদনা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

    তিনি পশু শনাক্তকরণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা চালু, প্রাণিসম্পদ নীতি ও আইন আরো শক্তিশালী করা এবং প্রান্তিক খামারিদের সুরক্ষায় বিমা সুবিধার ওপর গুরুত্ব দেন।

    গবেষণা এবং বিদেশ থেকে উপযুক্ত জাতসহ উচ্চফলনশীল ও সংকর জাত আনার মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়নের পরামর্শ দেন তিনি।

    ড. হক বলেন, খামারি ও ভোক্তা উভয় পক্ষ যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্য সরকারের একটি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা এবং মধ্যস্বত্বভোগীদের দাপট কমানো উচিত।

    বিপণন চ্যালেঞ্জ মোকাবেলা এবং খামারিদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তিনি প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে একটি প্রাণিসম্পদ বিপণন বিভাগ গড়ে তোলার প্রস্তাব দেন।

    তিনি উল্লেখ করেন, বছরে প্রায় এক শতাংশ হারে কৃষিজমি অকৃষি খাতে চলে যাওয়া সত্ত্বেও বাংলাদেশে গবাদিপশু উৎপাদন সম্প্রসারণের এখনো যথেষ্ট সুযোগ রয়েছে।

    তিনি বলেন, গ্রামীণ পরিবারগুলো ব্রয়লার, লেয়ার, গরু, ছাগল ও ভেড়া পালন করে এই খাতের প্রসারে অবদান রাখতে পারে। যা গোশত, দুধ ও ডিমের রফতানি সম্ভাবনা নতুন খামার গড়ে তুলতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করবে।

    ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১.৮১ শতাংশ এবং কৃষি জিডিপিতে এর অবদান ছিল ১৬.৫৬ শতাংশ। দেশের প্রায় ৪৩.৬৪ শতাংশ পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সাথে যুক্ত।

    দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ প্রত্যক্ষভাবে এবং প্রায় ৫০ শতাংশ পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল।

    ২০২৬-২৭ অর্থবছরে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য সম্মিলিতভাবে ৪৩,৩৫৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির ০.৬৩ শতাংশ। বাসস

  • লবণাক্ত জমিতে ফলবে বেশি ধান

    লবণাক্ত জমিতে ফলবে বেশি ধান

    দেশের উপকূলীয় লবণাক্ততাপ্রবণ অঞ্চল ও প্রতিকূল পরিবেশে চাষাবাদের উপযোগী ধান আবাদে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত নতুন জাত ‘ব্রি ধান-১১৯’-এর মাধ্যমে।

    সম্প্রতি জাতীয় বীজ বোর্ডের ১১৬তম সভায় রোপা আমন মৌসুমে চাষাবাদের জন্য এ জাতটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন ব্রি’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো: আল আমিন।

    ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ এখলাছুর রহমানের নেতৃত্বে একটি গবেষক দল এ ‘ব্রি ধান-১১৯’- নতুন জাতটি উদ্ভাবন করেছেন।

    লোকেশন স্পেসিফিক টেকনোলজি ডেভেলপমেন্ট (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে পরিচালিত এ গবেষণায় আরো যুক্ত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিনা খাতুন, সিনিয়র প্ল্যান্ট ব্রিডার নুসরাত জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা আরমিন আক্তার সেতু এবং বৈজ্ঞানিক কর্মকর্তা (সিআরসিআইএল) রিবেত ফারজানা দিশা।

    উদ্ভাবিত এ জাতটির জীবনকাল প্রায় ১১৫ দিন। লবণাক্ত উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের অলবণাক্ত অঞ্চলেও এটি চাষ করা সম্ভব। এর ফলে রোপা আমন কেটে নেয়ার পর একই জমিতে সরিষা কিংবা সূর্যমুখীর মতো রবি ফসল ফলানোর সুযোগ তৈরি হবে।

    গবেষকদের দেয়া তথ্য অনুযায়ী, রোপা আমন মৌসুমে ১ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে এর বীজ বপন করতে হবে। মাঝারি উঁচু থেকে উঁচু জমিতে ২৫ থেকে ৩০ দিন বয়সের চারা সারি ও গোছার নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে (সারি ২০ সেমি ও গোছা ১৫ সেমি) প্রতি গর্তে দুই থেকে তিনটি করে রোপণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

    এছাড়া বীজ প্রত্যয়ন অ্যাজেন্সির তত্ত্বাবধানে দেশের ২০টি ভিন্ন ভিন্ন স্থানে লবণাক্ত ও অলবণাক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার পর বোরো মৌসুমে চাষাবাদে লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় কারিগরি কমিটির সুপারিশও লাভ করেছে এ জাতটি। জাতীয় বীজ বোর্ডের চূড়ান্ত অনুমোদন মিললে আমন ও বোরো উভয় মৌসুমেই এটি চাষ করা যাবে।

    কৃষি তথ্য অনুযায়ী, উপযুক্ত পরিচর্যা পেলে এ ধানের গড় ফলন হেক্টরপ্রতি ৫.৭ টন পর্যন্ত হয়ে থাকে, যেখানে পরিবেশ ও লবণাক্ততার তারতম্য ভেদে ফলন ৪.৮ থেকে ৭.৬ টন পর্যন্ত হতে পারে। প্রচলিত ‘ব্রি ধান-৭৩’-এর তুলনায় এ জাতের ফলন হেক্টরপ্রতি প্রায় এক টন বেশি। এ জাতের গাছগুলোর গড় উচ্চতা ১১৩ সেন্টিমিটার এবং কাণ্ড বেশ শক্ত হওয়ায় এগুলো সহজে হেলে পড়ে না। বিশেষ করে চারা অবস্থায় একটানা তিন সপ্তাহ পর্যন্ত ১২ ডেসিসিমেন্স/মিটার এবং অঙ্গজ থেকে প্রজনন পর্যন্ত সংবেদনশীল বিভিন্ন ধাপে ৮ থেকে ১০ ডেসিসিমেন্স/মিটার মাত্রার লবণাক্ততা সহ্য করার বিশেষ ক্ষমতা রয়েছে এ জাতটির।

    ‘ব্রি ধান-১১৯’-এর প্রতিটি শীষে প্রায় ২১৫টি পুষ্ট ধান পাওয়া যায়, যা ব্রি ধান ‘৭৩-এর তুলনায় ৭০ থেকে ৮০টি বেশি। পাশাপাশি শীষ থেকে ধান সহজে ঝরে যায় না। এর চাল মাঝারি চিকন ও সাদা রঙের হয়ে থাকে এবং রান্নার পর ভাত ঝরঝরে হয়; এতে অ্যামাইলোজের পরিমাণ রয়েছে ২৫.৯ শতাংশ।

    নতুন এ জাতটির বিষয়ে ব্রি’র মহাপরিচালক মো: রফিকুল ইসলাম বলেন, ‘ব্রি ধান-১১৯’ জাতটির উদ্ভাবন দেশের কৃষি গবেষণাক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। এটি উপকূলীয় অঞ্চলের কৃষকদের ধান উৎপাদনে সহায়তা জোগানোর পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা সুদৃঢ় করতে বড় ধরনের ভূমিকা পালন করবে।

    অন্যদিকে, দীর্ঘ গবেষণার প্রতিটি স্তরে তাদের পুরো দল অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে প্রধান গবেষক মোহাম্মদ এখলাছুর রহমান জানান, কৃষকদের মাঠে এই জাতের সুফল পৌঁছে যাওয়াটাই তাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।

    বিভিন্ন অঞ্চলে মাঠপরীক্ষা
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতটির উপযোগিতা যাচাইয়ে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাঠপরীক্ষা চালানো হয়েছে। কক্সবাজারে ফসলের বৃদ্ধিকালে লবণাক্ততার ওঠানামার মধ্যেও কৌলিক সারিটির সক্ষমতা মূল্যায়ন করা হয়। সাতক্ষীরার লবণাক্ত অঞ্চল এবং অলবণাক্ত অনুকূল পরিবেশেও পর্যায়ক্রমে ফলন পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় কৃষকের অংশগ্রহণে মাঠপর্যায়ে এর উপযোগিতা যাচাই করা হয়। গবেষণায় দেখা গেছে, লবণাক্ততার মাত্রা, স্থায়িত্ব, গাছের বৃদ্ধিপর্যায় এবং পরিচর্যার ওপর ফলন নির্ভর করে।

    আমনের পর বাড়তি ফসলের সুযোগ
    স্বল্প জীবনকালের কারণে ব্রি ধান১১৯ উপকূলীয় অঞ্চলের প্রচলিত শস্যবিন্যাসেও পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে। রোপা আমন কাটার পর মধ্যম উঁচু থেকে উঁচু জমিতে সূর্যমুখী ও লবণসহিষ্ণু সরিষা চাষের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেতে পারে। এতে উপযোগী এলাকায় একই জমিতে বছরে অতিরিক্ত একটি ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।

    অন্যদিকে, বোরো ধান কাটার পর জমিতে সবুজ সার হিসেবে ধইঞ্চা চাষের সম্ভাবনাও রয়েছে। এতে মাটির জৈব পদার্থ ও উর্বরতা বাড়ানো সম্ভব। অর্থাৎ ধানের ফলন বৃদ্ধির পাশাপাশি জমির উৎপাদনক্ষমতা ধরে রাখার ক্ষেত্রেও জাতটি ভূমিকা রাখতে পারে।

    বোরো মৌসুমেও জাতটির চাষোপযোগিতা যাচাই করা হয়েছে। বীজ প্রত্যয়ন অ্যাজেন্সির তত্ত্বাবধানে দেশের ২০টি স্থানে অলবণাক্ত পরিবেশে কৌলিক সারিটির ফলন মূল্যায়ন পরীক্ষা (পিভিটি) সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোরো মৌসুমে চাষের জন্য জাতীয় কারিগরি কমিটির সুপারিশ পাওয়া গেছে। জাতীয় বীজ বোর্ডের চূড়ান্ত অনুমোদন মিললে একই জাত আমন ও বোরো—উভয় মৌসুমে চাষ করা যাবে। এতে উপকূলীয় অঞ্চলে ফসলের নিবিড়তা ও শস্যবিন্যাসের বৈচিত্র্য বাড়ার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

    চাষাবাদ ও সার ব্যবস্থাপনা
    রোপা আমন মৌসুমে ব্রি ধান১১৯ চাষের জন্য ১ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে বীজ বপনের নির্দেশনা রয়েছে। ২৫-৩০ দিন বয়সী চারা প্রতি গোছায় দুই থেকে তিনটি করে রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব ২০ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছার দূরত্ব ১৫ সেন্টিমিটার রাখতে হবে। মাঝারি উঁচু থেকে উঁচু জমি এ জাতের জন্য উপযুক্ত।

    হেক্টরপ্রতি প্রস্তাবিত সারের পরিমাণ ইউরিয়া ২৩৪ কেজি, টিএসপি ৮৭ কেজি, এমওপি ১১৭ কেজি, জিপসাম ৭৮ কেজি এবং জিংক সালফেট ১২ কেজি। শেষ জমি চাষের সময় সম্পূর্ণ টিএসপি, জিপসাম ও জিংক সালফেটের সাথে অর্ধেক এমওপি প্রয়োগ করতে হবে।

    ইউরিয়া সমান তিন কিস্তিতে দিতে হবে। রোপণের ১০-১৫ দিন পর প্রথম কিস্তি, ৩০ দিন পর দ্বিতীয় কিস্তি এবং কাইচথোড় আসার পাঁচ থেকে সাত দিন আগে তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক এমওপি শেষ কিস্তির ইউরিয়ার সাথে দিতে হবে।

    রোগ ও পোকামাকড়ের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বালাইনাশক ব্যবহারের আগে আক্রমণ শনাক্ত করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ অথবা কৃষি সম্প্রসারণকর্মীর পরামর্শ অনুসরণ করা প্রয়োজন। জাতটির বীজ উৎপাদনের দায়িত্বে রয়েছে ব্রি’র কৌলিক সম্পদ ও বীজ বিভাগ, গাজীপুর। কৃষকপর্যায়ে সম্প্রসারণের ক্ষেত্রে মানসম্পন্ন বীজের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

  • নকল সার-কীটনাশকের কারাখানায় অভিযান

    নকল সার-কীটনাশকের কারাখানায় অভিযান

    নওগাঁর মহাদেবপুরের নকল সার ও কীটনাশকের কারখানায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও দুটি কারখানাকে এক লাখ টাকা করে জরিমানা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি।

    শনিবার (৭ নভেম্বর) ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

    জানা গেছে, উপজেলার শিবগঞ্জ গ্রামের মরহুম মোতার হোসেনের মৃত্যুর পর এসডি এগ্রোভেট নামে পৃথক দুটি কারখানা তার দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন পরিচালনা করেন। নকল সার ও কীটনাশক উৎপাদনের অভিযোগে এসডি এগ্রোভেটের মালিক শাহিনুরের অনুপস্থিতিতে তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই নামে আরেকটি কারখানা চালানোয় তার ভাই দেলোয়ারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, ‘তাদের বরুণ, জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক বানানোর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাদের অনুমোদন প্রাপ্ত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।’

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, ‘প্রতিষ্ঠান দুটি মালিককে দুই লাখ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। কৃষকদের স্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।’

  • কৃষক ও শিক্ষার্থীদের সাহায্যার্থে  করপোরেট প্রতিষ্ঠানগুলোকেএগিয়ে আসার আহ্বান

    কৃষক ও শিক্ষার্থীদের সাহায্যার্থে করপোরেট প্রতিষ্ঠানগুলোকেএগিয়ে আসার আহ্বান

    নীলফামারীর ডিমলা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও অবহেলিত অঞ্চলের বৈষম্য দূরীকরণে কৃষক ও শিক্ষার্থীদের সাহায্যার্থে ব্যাংকসহ দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজ মাঠে ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল বোরো ধানের (ব্রী-ধান ১০৩) উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

    সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংক পিএলসি এই কৃষি সহায়তা বিতরণের আয়োজন করে।

    প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তুহিন বলেন, ‘উত্তরাঞ্চল বিশেষ করে নীলফামারী ও রংপুর বিভাগের মানুষ দীর্ঘকাল ধরে অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে বৈষম্যের শিকার। আমাদের অঞ্চলকে মঙ্গাপীড়িত বা পিছিয়ে পড়া হিসেবে দেখার দিন শেষ করতে হবে। আমাদের সন্তানেরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ জন্য এনসিসি ব্যাংকের মতো অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকেও মেধাভিত্তিক বৃত্তির সুযোগ তৈরি করে ও শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় এগিয়ে আসতে হবে।’

    কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের এলাকা কৃষিনির্ভর। কৃষকের মুখে হাসি না ফুটলে জাতীয় অর্থনীতি কখনোই টেকসই হবে না। এনসিসি ব্যাংক নিরলস চেষ্টা করে যেভাবে দেড়-দুই মাস ধরে প্রস্তুতি নিয়ে কৃষকদের হাতে সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করে উন্নত জাতের বীজ ও উপকরণ পৌঁছে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। দেশের সবগুলো ব্যাংক যদি এভাবে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে এবং মেহনতি মানুষের সুবিধায় এগিয়ে আসতো, তবে দেশে কোনো অভাবই থাকতো না।’

    এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে বর্তমান সরকারের গৃহীত কৃষি নীতিমালার আলোকে এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে সারা বাংলাদেশের ২০ থেকে ৩০টি উপজেলায় সরাসরি কৃষি সহায়তার কাজ করছে। প্রান্তিক কৃষকদের শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।

    অনুষ্ঠানে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা মোছা. সেতারা সুলতানা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৫০০ কৃষকের হাতে বোরো চাষের বিভিন্ন উপকরণ তুলে দেন।

  • ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের

    ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের

    সুপারি উৎপাদন ও বাণিজ্য ঘিরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবছরই তৈরি হয় বড় অর্থনৈতিক কর্মযজ্ঞ। উপজেলার বিভিন্ন হাটবাজারে এখন চলছে সুপারির জমজমাট কেনাবেচা। এ বছর ফলন কিছুটা কম হওয়ায় গত বছরের তুলনায় প্রতি পোন সুপারির দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। বর্তমানে আকার ও মানভেদে প্রতি পোন (৮০টি) সুপারি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়। উপজেলা কৃষি বিভাগের প্রাক্কলন অনুযায়ী, চলতি মৌসুমে পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।

    উপজেলার মীরগঞ্জ, রাখালিয়া, মোল্লার হাট, বাসাবাড়ি, মিতালি বাজার, বাবুর হাট ও হায়দরগঞ্জ হাটে সুপারির বড় বাজার রয়েছে। এর মধ্যে মীরগঞ্জ ও হায়দরগঞ্জ অন্যতম প্রধান বাজার। মৌসুমে এসব বাজারে কৃষক, পাইকার, মজুতদার ও খুচরা ব্যবসায়ীদের পদচারণে মুখর হয়ে ওঠে।

    রায়পুরে উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাইকার ও ব্যবসায়ীদের মাধ্যমে এসব সুপারি দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পৌঁছে যাচ্ছে। ফলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় পর্যায়েও সুপারি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রায়পুর।স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাগানের সুপারি পেকে ওঠে। নভেম্বরে পুরোপুরি পেকে যায়। এ সময় কৃষকেরা বাগান থেকে সুপারি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। পাইকার ও মজুতদারেরা এসব সুপারি কিনে একাংশ পানিতে ভিজিয়ে রাখেন, অন্য অংশ শুকিয়ে সংরক্ষণ করেন। পরবর্তী সময়ে বাজারের চাহিদা ও দাম অনুযায়ী সেগুলো বিক্রি করা হয়।

    উপজেলার বামনী ইউনিয়নের সুপারি পাইকার জামাল হোসেন বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে সুপারি কেনাবেচার মূল মৌসুম। এ সময় ভেজানো সুপারির মজুতদারেরা বিভিন্ন বাজার থেকে দলবদ্ধভাবে সুপারি কেনেন। জানুয়ারি থেকে মার্চ মাসে বাজারে সুপারির দাম বাড়তে থাকে। তখন ভেজানো সুপারির চাহিদা ও বিক্রি বেশি থাকে।’

    এ বছর ফলন কম হলেও দাম বাড়ায় কিছুটা স্বস্তিতে রয়েছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি, সুপারি সংগ্রহ ও পরিবহন ব্যয় বাদ দিলে তাদের প্রকৃত লাভের পরিমাণ বাগানভেদে ভিন্ন হচ্ছে।

    কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রায়পুর উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়। তবে আবাদি জমির বাইরে বাড়ির আঙিনা, উঁচু জমি ও বসতভিটাসহ বিভিন্ন স্থানে রয়েছে সুপারির বাগান। এসব বাগান উপজেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    শুধু সুপারি নয়, নারিকেল ও ডাব উৎপাদনেও রায়পুরের রয়েছে উল্লেখযোগ্য সম্ভাবনা। এসব কৃষিপণ্য উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, ‘লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত সুপারির অর্ধেকের বেশি আসে রায়পুর উপজেলা থেকে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার সুপারি বিক্রির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নারিকেল ও ডাব বিক্রি থেকেও বড়ো অংকের আয়ের সম্ভাবনা রয়েছে।’

    তিনি বলেন, ‘সুপারি, নারিকেল ও ডাবের মতো কৃষিপণ্যের উৎপাদন ও বিপণনব্যবস্থা আরও উন্নত করা গেলে রায়পুরের অর্থনীতিতে এর অবদান বাড়বে। বিশেষ করে আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা গেলে এ খাতের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে।’

  • ধান-চালে আর্সেনিকের ঝুঁকি থাকায় নিরাপদ চাল উৎপাদনে উদ্যোগ

    ধান-চালে আর্সেনিকের ঝুঁকি থাকায় নিরাপদ চাল উৎপাদনে উদ্যোগ

    যশোরের চৌগাছা উপজেলায় গড়ে ২০ মিলিগ্রাম আর্সেনিকের উপস্থিতি বিদ্যমান। পানির ক্ষেত্রে আর্সেনিকের ভয়াবহতার জন্য প্রতিনিয়ত চলছে গবেষণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানব দেহের জন্য আর্সেনিকের সর্ব্বোচ্চ সহনীয় মাত্রা ০.০১ মিলিগ্রাম প্রতি লিটার পানিতে। বাংলাদেশে পানিতে সরকারি মানদন্ডে ০.০৫ মিলিগ্রাম সহনীয় মাত্রা ধরা হয়। কিন্তু একটি উপজেলার চিত্র সম্পূর্ণ ভিন্ন।

    এই পরিস্থিতির মধ্যে ধানে সহনশীল মাত্রার চেয়ে অধিক মাত্রায় আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এ থেকে পরিত্রণের জন্য জাপানের জাইকা ও জেএসটির কারিগরি ও আর্থিক সহায়তায় বে-সরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক সেচ পদ্ধতি নিয়ন্ত্রনের মাধ্যমে আর্সেনিক মুক্ত ধান উৎপাদনে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে।

    তথ্য সূত্রে প্রকাশ, আন্তর্জাতিক সংস্থা সিএসি (কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশন) কর্তৃক ঘোষণা অনুযায়ী ধানের ক্ষেত্রে আর্সেনিকের সহনশীল মাত্রা ধরা হয় ০.৩৫ পিপিএম। যা মানব দেহের জন্য ক্ষতিকর না। অথচ এ উপজেলাতে এই মাত্রার চেয়ে অধিক পরিমান আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। ৫৬ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ধানে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে।

    এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক জানিয়েছে, ধান ও ভাতে আর্সেনিকের উপস্থিতি সহনশীল রাখতে সেচ নিয়ন্ত্রণের বিকল্প নেই। তারা থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি ব্যবহারে কৃষকদের সচেতন করছেন। এই পদ্ধতি উদ্ভাবন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

    নিরাপদ ও পুষ্টিকর ধান (সানরাইজ) প্রকল্পের অধীনে এই পদ্ধতি উদ্ভাবন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে জাপানের জাইকা ও জেএসটি (জাপান সাইন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় অত্র উপজেলায় আর্সেনিক সহনশীল মাত্রায় নিরাপদ ধান উৎপাদনে কাজ করছে সংস্থাটি।

    উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন গ্রামে ১২টি মডেল প্লট তৈরি করা হয়েছে। পৌরসভার হুদোপাড়া, চৌগাছা ইউনিয়নের কয়ারপাড়া, সিংহঝুলী ইউনিয়নের মাজালি, ফুলসারা ইউনিয়নের আড়ারদহ, জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া, পাতিবিলা ইউনিয়নের সাদিপুর, হাকিমপুর ইউনিয়নের বকশিপুর, নারায়ণপুর ইউনিয়নের নারায়নপুর, স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ, সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর, ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া রামভাদ্রপুর ও পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠে ধানে আর্সেনিক প্রতিরোধে প্লট তৈরি করা হয়েছে।

    এ সমস্ত প্লটে ১৪৪ জন কৃষক এই কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬০ জন সেচপাম্প মালিকদের অধীনে তাদের নিজ উদোগে আর্সেনিক মুক্ত ধান উৎপাদনে থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি আগামী ইরি-বোরো মৌসুমে ব্যবহার করবেন। ইতোমধ্যে তাদের সচেতন করার লক্ষ্যে সভা, সেমিনার ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।

    সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর আমিরুল ইসলাম জানান, আমাদের নিরাপদ ও পুষ্টিকর চাল দিয়ে ভাত খেতে হবে। সে কারনে আর্সেনিক মুক্ত বা সহনশীল মাত্রায় ধান উৎপাদন করা জরুরি। তিনি বলেন, ‘দু’টি পদ্ধতির মাধ্যমে আমরা কাজ করছি। তবে মূল বিষয় হচ্ছে ধানের আবাদি জমিতে পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা। এটা করতে কৃষক পদ্ধতি ও ত্রিএফফোরডি চালু করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করে ২০ শতাংশ পানি সাশ্রয় হচ্ছে।’

    এই পদ্ধতি ব্যবহার করে ৮ শতাংশ বেশী ফলন পাওয়া সম্ভব বলে তিনি জানান। সংস্থার পক্ষ থেকে আরো বলা হয়, ইরি-বোরো মৌসুমে উপরিভাগে সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা হয়। ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে গেলে আর্সেনিকের ঘনোত্ব বেড়ে যায়। ফলে ধানে অধিক পরিমান আর্সেনিক থাকার ঝুঁকি থাকে।

    আড়ারহদ গ্রামের প্লটের কৃষক ইমদাদুল হক ও মাজালি গ্রামের কৃষক হাফিজুর রহমান তপন জানায়, ধানে আর্সেনিক থাকতে পারে তা আগে কখনো ধারনা ছিল না। আমরা ধানের জমিতে যেভাবে পানি দিতাম এখন সেভাবে দিইনা। আমরা থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাচ্ছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, ‘থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি ব্যবহার করলে ভালো ফল পাবেন কৃষক। এই পদ্ধতির মূল কাজ হলো প্রচলিত জলাবদ্ধতার পরিবর্তে তিন দিন জমিতে পানি ধরে রেখে চার দিন শুকানো। এতে মাটির রেডক্স পটেনশিয়াল বেড়ে অক্সিডেটিভ পরিবেশ তৈরি হয়। সেকারণে ধান গাছের আর্সেনিক শোষণ কমে যায়। একই সাথে চালে অজৈব আর্সেনিক মাত্রা উল্লেখযোগভাবে হ্রাস পায়।

    উপজেলা জনস্বাস্থ্য অধিদফতরের সহকারী প্রকৌশলী ফেরদৌসী খাতুন জানান, ধান বা চালে আর্সেনিকের বিষয়ে সরকারি কোনো উদ্যোগ নেই। তবে পানিতে আর্সেনিক নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ আছে। আমরা বর্তমানে ১১টি ইউনিয়নে ৯০ টি অগভীর নলকুপ দিয়েছি। নলকুপ থেকে পানি সংগ্রহ করে আঞ্চলিক পানি পরীক্ষাগারে পাঠাচ্ছি। যেখনে আর্সেনিকের মাত্রা বেশী পাচ্ছি, সেখানে পানি পরিশোধনের ভ্যাসেল দিচ্ছি। তিনি বলেন, ‘অত্র উপজেলা আর্সেনিকের আধিক্য রয়েছে। বিগত রিপোর্টে গড়ে ২০ মিলিগ্রাম আর্সেনিকের উপস্থিতি ধরা পড়ে।’

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসানুল মিজান রুমী বলেন, ‘আর্সেনিকের রোগীর সংখ্যা বিষয়ে আপডেট তথ্য নেই। তবে ইতোপূর্বে বিভিন্ন জরিপে আমরা জানতে পারি উপজেলায় আর্সেনিক রোগী রয়েছে প্রায় এক হাজার ৫০০ জন। উপজেলা হাসপাতালে এখনো রোগীরা আসছেন। তাদেরকে নিয়মিত চিকিৎসা দেয়া হয়। প্রাথমিকভাবে এই রোগ ধরা পড়লে চিকিৎসার পাশাপাশি আর্সেনিকমুক্ত পানি পান করলে রোগ ভাল হওয়া সম্ভব। এই রোগ অবহেলা করলে জীবন ঝুঁকি হতে পারে।’

    উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, ‘ধানে আর্সেনিকের বিষয়ে একটি সংস্থা কাজ করছে বলে জেনেছি। এ বিষয়ে সরকারি পর্যায়ে এখনো কোনো উদ্যোগ শুরু হয়নি। পানিতে আর্সেনিক নিয়ন্ত্রণের জন্য অগভীর নলকূপ দেয়া হচ্ছে। নলকূপে আর্সেনিক ধরা পড়লে পানি শোধনে সরকারিভাবে ভ্যাসেল দেয়া হচ্ছে। তিনি আরো বলেন আর্সেনিক সমস্যা এ অঞ্চলে অনেক দিনের। আমরা যে টিউবওয়েলের পানি ব্যবহার করছি, তার অধিকাংশই এখন নিরাপদ নয়। পানি ব্যবহারে আমাদের সতর্ক হতে হবে।’

  • ফটিকছড়িতে মরুর দেশের ফলের আবাদ

    ফটিকছড়িতে মরুর দেশের ফলের আবাদ

    চট্টগ্রামের ফটিকছড়িতে শাকসবজির বিপরীতে এখন চাষাবাদ হচ্ছে মরুর দেশের ফল। খালের পাড়ে বিস্তৃত চরের জমিতেই এবার ফলেছে মরুভূমির ফল সাম্মাম। ইউটিউবে ভিডিও দেখে ৪০ শতক জমিতে এ ফলের চাষ করেন ৪২ বছর বয়সী কৃষক মো. এখলাস। প্রথমবারেই ভালো ফলন পেয়েছেন।

    ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর বাইন্যাচোলা ব্রিজ সংলগ্ন ধুরুং খালের চরে এ চাষাবাদ করেন তিনি। ওই গ্রমের মৃত আবুল কাশেমেরে ছেলে এখলাস।

    কৃষিকাজে আগে থেকেই যুক্ত ছিলেন। সাম্মাম চাষের আগে কলা, বরইসহ বিভিন্ন ধরনের ফল ও কৃষিপণ্য চাষ করতেন। এর আগে গাছের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। নতুন কিছু করার আগ্রহ এবং বেশি লাভের আশায় এবার প্রচলিত ফসলের বাইরে গিয়ে সাম্মাম চাষের সিদ্ধান্ত নেন তিনি। গত ২২ আগস্ট ৪০ শতক জমিতে মালচিং পেপার ব্যবহার করে ২ হাজার ৪০০টি চারা রোপণ করেন। প্রথমবারের এই চাষে তার ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। চারা রোপণের দেড় মাস পর থেকে গাছে ফল আসতে শুরু করে। প্রায় সব গাছেই ফল এসেছে। সাম্মামের বাইরের অংশ হালকা সবুজ। ভেতরের শাঁস হলুদ রঙের। ফলটি খেতে মিষ্টি, তবে বিশেষ কোনো গন্ধ নেই। পাইকারি বাজারে প্রতি কেজি সাম্মাম ৬৫ টাকা দরে বিক্রি করছেন এখলাস। পাইকাররা সরাসরি তার ক্ষেত থেকে ফল কিনে নিয়ে যাচ্ছেন। ফটিকছড়ি সদর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন। এ পর্যন্ত ১ হাজার ৮০০ কেজি সাম্মাম বিক্রি করেছেন তিনি। এতে আয় হয়েছে ১ লাখ ৮ হাজার টাকা। আরও প্রায় ১ হাজার ৫০০ কেজি ফল বিক্রির আশা করছেন। সেগুলো বিক্রি হলে আরও প্রায় ১ লাখ টাকা আয় হতে পারে। সব মিলিয়ে প্রথমবারের এই চাষে প্রায় ২ লাখ ৮ হাজার টাকার ফল বিক্রির প্রত্যাশা করছেন তি

    সাম্মাম চাষি মো. এখলাস কালবেলাকে বলেন, আমাকে সহযোগিতা করছেন চার শ্রমিক। তারা সাম্মাম চাষের পাশাপাশি তার অন্যান্য কৃষিকাজেও সহযোগিতা করেন।

    ভালো ফলন পেতে জৈব সার, সালফারসহ পোকামাকড় দমনে প্রয়োজীয় কীটনাশক প্রয়োগ করতে হয় বলে জানান এ কৃষক।

    ফটিকছড়িতে সাম্মাম চাষে এখলাস একা নন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও পাঁচ কৃষক এ ফল চাষ করেছেন। তবে কাঞ্চননগর ইউনিয়নে প্রথমবারের মতো ধুরুং খালের চরে সাম্মাম চাষ করেছেন এখলাস। তার উৎপাদিত ফলের সাফল্য দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যেও এ ফল চাষে আগ্রহ তৈরি হয়েছে।

    কৃষি উপসহকারী কর্মকর্তা শিবুরাম কৃষ্ণ দে কালবোলকে বলেন, ইউটিউব দেখে এখলাস সাম্মাম চাষের পরিকল্পনা করেন। চাষের শুরু থেকেই তার উদ্যোগের খোঁজ-খবর রাখতাম। মাঝে মধ্যে ক্ষেতে গিয়ে ফসলের অবস্থা দেখেছি। তাকে প্রয়োজনীয় সময় ও পরামর্শ দিয়েছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক কালবেলাকে বলেন, মরু অঞ্চলের ফল হিসেবে পরিচিত সাম্মাম ফটিকছড়িতে কয়েক বছর ধরে চাষ হচ্ছে। এবার কাঞ্চননগরের কৃষি উদ্যোক্তা এখলাসের হাত ধরে ধুরুং খালের চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফলটির চাষ হয়েছে।

  • সমন্বিত চাষে সফল জোৎস্না

    সমন্বিত চাষে সফল জোৎস্না

    বিয়ের পর স্বামীর সংসারে এসে অভাব-অনটনে দিন কাটছিল জোৎস্না রায়ের। স্বামী উত্তম রায় অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করেন। বাড়তি আয়ের জন্য জোৎস্না অন্যের বাড়িতে কাজ করতে থাকেন। তবুও সংসারে অভাব যাচ্ছিল না। বছর সাতেক আগে বাড়ির পাশে পুকুরে মাছ ও পাড়ঘেঁষে সবজি চাষ শুরু করেন। পরিবারের প্রয়োজন মিটিয়ে এসব মাছ-সবজি বিক্রি করে বাড়তি আয়ও করেন তিনি। এর মাধ্যমে তার সংসারে সচ্ছলতা এসেছে।

    সাতবিঘা জমির ওপর গড়ে তোলা আটটি পুকুরে মাছ চাষের সঙ্গে করা হয়েছে মৌসুমভিত্তিক শাকসবজির চাষ। সমন্বিত-এই পদ্ধতিতে সারা বছর মাছ-সবজি চাষ করে জোৎস্না রায়ের ভাগ্য ফিরেছে। এখন তিনি এই খামারে মাছ ও সবজি চাষ করেন। উত্তম রায় স্থানীয় বাজার ও আড়তে ঘেরের উৎপাদিত মাছ-সবজি বিক্রি করেন।

    খুলনার দাকোপ উপজেলার তিলডাঙা গ্রামের এই দম্পতি পৈতৃক সূত্রে পাওয়া ২০ শতাংশ জমিতে তারা মাছ ও সবজি চাষ শুরু করেছিলেন। এখন তারা ২৩১.৪ শতাংশ জমির মালিক। রয়েছে চারটি গাভী ও দুটি বাছুর। তাদের সাফল্যে অন্যরাও সমন্বিত-এই পদ্ধতিতে মাছ ও সবজি চাষে আগ্রহী হয়েছেন। ওই গ্রামের অন্তত ৮-১০ জন এই পদ্ধতিতে সবজি চাষ করে পরিবারে সচ্ছলতা এনেছে। উপজেলা মৎস্য দপ্তর থেকে তাদের মাছের পোনা-খাদ্য ও সবজি চাষের সার-বীজ প্রণোদনাসহ চাষাবাদে পরামর্শ দেওয়া হচ্ছে।জোৎস্না রায় জানান, ১৪ বছর বয়সে বিয়ে হওয়ার পর স্বামীর সংসারে এসে অভাব-অনটনে দিন কাটছিল। পারিবারিক কাজের ফাঁকে হঠাৎ একদিন বাড়ির পাশে অনুষ্ঠিত একই জমিতে মাছের সঙ্গে সবজি চাষের ওপর প্রশিক্ষণে অংশ নেন। ওই প্রশিক্ষণের ধারণা থেকে স্বামীর সঙ্গে পরামর্শ করে স্বল্প পরিসরে মাছ ও সবজি চাষ শুরু করেন। পরে প্রশিক্ষণ দেওয়া ওই বেসরকারি উন্নয়ন সংস্থার মাঠকর্মী একদিন তার খামার দেখতে আসেন। তাদের কাছ থেকে সবজি চাষের পরামর্শও পান। ওই সংস্থার কর্মীরাই সবজি বীজ দেন। আর নিজ উদ্যোগে পুকুরে পোনামাছ ছাড়েন।

    ঘেরের আইলে সবজির ক্ষেত পরিচর্যার ফাঁকে ফাঁকে জোৎস্না জানান, প্রথমে অল্প জমিতে মাছের সঙ্গে লাউ ও মিষ্টিকুমড়া চাষ করেন। পরে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, ঝিঙে, মরিচ, পেঁপে, ঢ্যাঁড়সসহ নানা শাকসবজি চাষ করতে থাকেন। গত বছর ঘেরের আইলে তরমুজের আবাদও করছেন তিনি। এখান থেকে প্রতিবছর তার প্রায় ১০-১২ লাখ টাকা আয় হচ্ছে। ঘেরে সংরক্ষণ করা মিঠা পানিতে কার্প জাতীয় মাছ ও জৈব সার ব্যবহার করে বিষমুক্ত সবজি ফলাচ্ছেন তিনি।

    উত্তম রায় জানান, সবজির ক্ষেত পরিচর্যা এবং ঘেরে মাছের খাবার দেওয়ায় স্ত্রীকে সহায়তা করেন তিনি। প্রতিদিন সকালে ঘেরের টাটকা শাকসবজি বাজারে বিক্রি করতে যান। বাড়তি আয়ে সংসারে সচ্ছলতা এসেছে। তারা এই কাজ করে জমিও কিনেছেন। পরিবারের দৈনন্দিন খরচসহ সন্তানদের পড়াশোনা করাচ্ছেন।

    জানতে চাইলে দাকোপ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক কালবেলাকে বলেন, লবণাক্ততার কারণে এক সময় এ অঞ্চলে কার্প জাতীয় মাছসহ সবজি চাষ করা ছিল অনেকটাই প্রতিকূলতা। নিরলস শ্রমের মধ্যদিয়ে সেই প্রতিকূলতাকে অতিক্রম করে দাকোপের চাষিরা একই সঙ্গে মাছ ও সবজি চাষ করে সফল।

    তিনি আরও জানান, পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় উপজেলার ১০ চাষিকে এই প্রদর্শনী দেওয়া হয়। এর মধ্যে সাতজন নারীর অন্যতম জোৎস্না একজন সফলচাষি। মূলত এই প্রদর্শনীর মাধ্যমে এ অঞ্চলের চাষিদের মাঝে আগ্রহ সৃষ্টি করে পারিবারিক সচ্ছলতা ফিরে আনাই হলো লক্ষ্য।