বিশ্বকাপ

  • চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

    চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

    ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘এ’ গ্রুপের ম্যাচে ফেরার দুর্দান্ত গল্প লিখেছে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে এশিয়ার দলটি।

    ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। প্রথম ৪৫ মিনিটে দুই দলই উল্লেখযোগ্য কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দর্শকদের সামনে রোমাঞ্চকর লড়াই উপহার দেয় দুই দল।

    ম্যাচের ৫৯তম মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। লম্বা থ্রো থেকে আসা বলকে দারুণ এক হেডে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন লাডিস্লাভ ক্রেইচি। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি।

    তবে বেশিক্ষণ সেই আনন্দ ধরে রাখতে পারেনি চেক প্রজাতন্ত্র। মাত্র আট মিনিট পর সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। অসাধারণ স্থিরতা ও দক্ষতার পরিচয় দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে বল জালে পাঠান কোরিয়ার মিডফিল্ডার হোয়াং ইন-বিওম। গোলরক্ষককে পরাস্ত করে তার নেওয়া শট গোললাইন অতিক্রম করলে ম্যাচে ফিরে আসে দক্ষিণ কোরিয়া।

    ৭৭তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেক প্রজাতন্ত্র। ফ্রি-কিক থেকে টমাস সউচেক বল জালে জড়ান এবং সতীর্থরা উদযাপনও শুরু করেন। কিন্তু সহকারী রেফারি অফসাইডের সংকেত দিলে গোলটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে পুনঃপ্রদর্শনীতে দেখা যায় সিদ্ধান্তটি সঠিক ছিল।

    এই স্বস্তির সুযোগ কাজে লাগায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৮০তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত আক্রমণ গড়ে তোলেন হোয়াং। তার নিখুঁত ক্রস থেকে হিউন-গিউ ওহ কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠান। গোলরক্ষকের হাতে লেগেও বল দূরের কোণে ঢুকে পড়ে এবং ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।

    শেষ মুহূর্তে ছয় মিনিট অতিরিক্ত সময় যোগ করা হলেও সমতাসূচক গোল আদায় করতে পারেনি চেক প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।

    এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোর সঙ্গে সমানতালে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ কোরিয়া।

  • গত তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী

    গত তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী

    সেই অর্থনীতিবিদ জানালেন এবারে বিজয়ী নেদারল্যান্ডস!

    গত তিনটি বিশ্বকাপে সঠিক চ্যাম্পিয়ন ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা এক জার্মান অর্থনীতিবিদ এবারও তার নতুন পূর্বাভাস জানিয়েছেন। তার দাবি, ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিততে পারে নেদারল্যান্ডস।

    তিন বিশ্বকাপে টানা সঠিক পূর্বাভাস

    প্যানমিউর লিবারিয়াম ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট ২০১৪ সালে একটি পরিসংখ্যানভিত্তিক মডেল তৈরি করেন, মূলত অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী করার প্রবণতা নিয়ে ব্যঙ্গ করার জন্য।

    কিন্তু সেই মডেলই পরে বিস্ময়করভাবে সঠিক প্রমাণিত হয়—

    ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুটা ছিল মজা করে, কিন্তু টানা তিনবার সঠিক হওয়া সত্যিই অপ্রত্যাশিত।

    কীভাবে কাজ করে তার মডেল

    তার বিশ্লেষণ মডেলে কয়েকটি মূল ফ্যাক্টর ধরা হয়—

    জনসংখ্যা ও খেলোয়াড় তৈরির সম্ভাবনা

    ফুটবলের জনপ্রিয়তা

    গড় আবহাওয়া (প্রায় ১৪° সেলসিয়াস আদর্শ)

    মাথাপিছু জিডিপি

    ফিফা র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক ফর্ম

    তার মতে, এগুলোই দলগুলোর পারফরম্যান্সকে বড়ভাবে প্রভাবিত করে।

    কেন এবার এগিয়ে নেদারল্যান্ডস

    তার বিশ্লেষণে নেদারল্যান্ডস বেশ কয়েকটি কারণে এগিয়ে আছে—

    জনসংখ্যা: প্রায় ১ কোটি ৮৪ লাখ

    ফুটবল: অত্যন্ত জনপ্রিয় খেলা

    গড় তাপমাত্রা: ১০.৫° সেলসিয়াস

    মাথাপিছু জিডিপি: প্রায় ৭৭ হাজার ডলার

    ফিফা র‍্যাঙ্কিং: ৭

    সাম্প্রতিক ফর্ম: ২০২৫ সালের মার্চ থেকে অপরাজিত

    এই ভিত্তিতেই তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল।

    ভাগ্যই নির্ধারক

    ক্লেমেন্টের মতে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভাগ্যের ভূমিকা অনেক বড়। তার হিসাব অনুযায়ী, প্রায় ৪৫ শতাংশ ফলই নির্ভর করে ভাগ্যের ওপর।

    তিনি বলেন, শক্তির পার্থক্য খুব কম হলে সামান্য ভাগ্যই ম্যাচের ফল বদলে দিতে পারে।

    বাজির বাজারে ভিন্ন চিত্র

    যদিও তার মডেলে নেদারল্যান্ডস শীর্ষে, বাজিকরদের তালিকায় তারা এখনো অনেক পিছিয়ে। সম্ভাব্য ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে—

    স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগাল।

    পলিমার্কেটের পূর্বাভাসেও নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা মাত্র ৩ শতাংশের মতো।

    নেদারল্যান্ডসের গ্রুপ সূচি

    গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস খেলবে জাপান, সুইডেন ও তিউনিশিয়ার বিপক্ষে।

    ম্যাচ সূচি—

    ১৪ জুন: নেদারল্যান্ডস বনাম জাপান

    ২০ জুন: নেদারল্যান্ডস বনাম সুইডেন

    ২৫ জুন: তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস

  • বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না ইরান, ম্যাচের আগের দিন প্রবেশের অনুমতি

    বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না ইরান, ম্যাচের আগের দিন প্রবেশের অনুমতি

    ইরানের জাতীয় ফুটবল দল আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে মেক্সিকো পৌঁছেছে। বর্তমানে ইরানি দলটি মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলনরত। ইরানের তিনটি ম্যাচের সবগুলোই যুক্তরাষ্ট্র। কিন্তু তারা এখন থেকেই যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না। বরং, প্রতিটি ম্যাচের আগের দিন ইরানি দল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত সপ্তাহান্তে বিভিন্ন গণমাধ্যমে ইরানের মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহর উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছিল, ইরান দলকে কেবল ম্যাচের দিনেই যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে এবং একই দিনে আবার দেশটি ত্যাগ করতে হবে। এতে দলটির লজিস্টিক ব্যবস্থাপনা, যাতায়াত পরিকল্পনা এবং মাঠের পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্ন ওঠে।

    তবে ডিএইচএসের এক মুখপাত্র সেই দাবি নাকচ করে দেন। তিনি বলেন, ইরানকে ম্যাচের দিনই এসে আবার একই দিনে চলে যেতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ‘এই বক্তব্যগুলো সঠিক নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) উদারতার কারণে ইরানের দল তাদের ম্যাচের আগের দিনই পৌঁছাতে পারবে।’

    অন্যদিকে, রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ গত সোমবার তিজুয়ানায় রয়টার্সকে দোভাষীর মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সমালোচনা করেন। তিনি জানান, ইরান ফুটবল ফেডারেশনের কিছু স্টাফের ভিসা দেওয়া হয়নি। তবে যেসব ভিসা দেওয়া হয়েছে, সেগুলো রাতভর অবস্থানে কোনো বাধা সৃষ্টি করে না। তিনি বলেন, ‘তাদের ভিসায় নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ নেই যে তাদের কখন বেরিয়ে যেতে হবে।’

    দীর্ঘ অনিশ্চয়তার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্র ইরান দলের সব খেলোয়াড়কে ভিসা প্রদান করে। প্রথম ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এই অনুমোদন দেওয়া হয়। তবে ইরান ফুটবল ফেডারেশনের তথ্যমতে, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য ভিসা পাননি। এর মধ্যে আছেন ‘গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও প্রশাসনিক সদস্যরা।’ ইরানের মেক্সিকো দূতাবাস জানিয়েছে, এই তালিকায় রয়েছেন দলের ম্যানেজার, দুজন বিশ্লেষক, মিডিয়া পরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধি।

    ইরান বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন আবার লস অ্যাঞ্জেলেসেই বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ জুন সিয়াটলে, যেখানে প্রতিপক্ষ মিসর।

    প্রাথমিকভাবে ইরান দলের অনুশীলন ক্যাম্প অ্যারিজোনায় নির্ধারিত ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়। এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে স্বাগত জানাই। তবে তিনি একই সঙ্গে মন্তব্য করেন, ইরান দলের যুক্তরাষ্ট্রে অবস্থান তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত নয়।’

  • বিশ্বকাপ প্রস্তুতি সেরে ঐক্যের ডাক দিলেন মেসি

    বিশ্বকাপ প্রস্তুতি সেরে ঐক্যের ডাক দিলেন মেসি

    বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতিটা দারুণ হলো আর্জেন্টিনা। হন্ডুরাসের পর এবার আইসল্যান্ডকে হারিয়েছে লা আলবিসেলেস্তেরা। প্রস্তুতি ম্যাচে শতভাগ জয় তুলে নেওয়ার পর বিশ্বকাপের মূল পর্বেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান লিওনেল মেসি। এ জন্য সতীর্থদের দল হিসেবে খেলার আহ্বান জানালেন দশ নম্বর জার্সিধারী।

    হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। চোটজনিত ঝুঁকি এড়াতে সে ম্যাচে মাঠে নামেননি মেসি। তবে আজ ভোরে আইসল্যান্ড ম্যাচে ৬৯ তম মিনিটে মাঠে নামেন মেসি। মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ড পরই গোলের দেখা পান তিনি। আলাবামার অবার্ন ইউনিভার্সিটির জর্ডান-হেয়ার স্টেডিয়ামে পেনাল্টি থেকে নিখুঁত ফিনিশিংয়ে জালের দেখা পান আটবারের ব্যালন ডি’অর জয়ী। আর্জেন্টিনা ম্যাচটা জিতে নেয় ৩-০ গোলে। দলের জয়ে অবদান রাখার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব দেখা গেল মেসিকে।

    ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৭ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আইসল্যান্ডের বিপক্ষে এই জয়টা ছিল গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার আগে দলের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছেন মেসি।

    ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খেলার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মেসি। সেই পোস্টের শেষেই বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রতি ঐক্যের বার্তা দেন তিনি। মেসি লিখেছেন, ‘চলো এগিয়ে যাই, আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।’

    আইসল্যান্ডের বিপক্ষে করা গোলটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ১১৭ তম। একই সঙ্গে তিনি গড়েছেন নতুন এক রেকর্ডও। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে তিনি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলদাতা ফুটবলার হয়ে গেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল আঙ্গেল লাবরুনার দখলে। ‘এল ফেও’ নামে পরিচিত কিংবদন্তি এই ফরোয়ার্ড ১৯৫৭ সালে রোকা কাপে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন। আইসল্যান্ডের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন মেসি।

  • বিশ্বকাপের কারণে স্কুল বন্ধ

    বিশ্বকাপের কারণে স্কুল বন্ধ

    সবকিছু ঠিক থাকলে আগামীকাল উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘদিন পর আবার ফুটবল বিশ্বকাপের আয়োজক মেক্সিকো।

    বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চায় না মেক্সিকো। প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, সকল সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। স্কুলে অনলাইন ক্লাস চালু হবে কি না তা নিয়ে কিছু জানানো হয়নি।

    রাস্তাঘাটে গাড়ি চলাচল যাতে স্বাভাবিক থাকে এবং নিরাপত্তা সুষ্ঠ থাকে তার জন্যই এই ব্যবস্থা। বিশ্বকাপের খেলা উপলক্ষে বিভিন্ন দেশের প্রচুর সমর্থক মেক্সিকোয় আসবেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।

    বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

    তবে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো আপৎকালীন বিভাগকে ছাড় দেওয়া হয়েছে। পাবলিক এবং প্রাইভেট, প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও সরকার অনুরোধ করেছে, যাতে কর্মীরা বাড়ি থেকে কাজ করেন।

    বিশ্বকাপে ৪৮টি দেশের ১২৪৮ ফুটবলার অংশ নেবেন। এবার বৃহত্তম বিশ্বকাপ হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মেক্সিকোয়।

  • ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

    ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

    গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয় ‘শেকড়’ সিনেমার। সে সময় নির্মাতা প্রসূন রহমান জানিয়েছিলেন, কোনো এক ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এই কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন তিনি। শুরু করেছিলেন প্রচার। দুটি গান ও ট্রেলার প্রকাশ করেও সরে আসেন প্রসূন রহমান।

    শিগগির শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এক মাসের বেশি সময় ধরে চলবে এ উন্মাদনা। এ সময়টিকেও সিনেমা মুক্তির জন্য ভালো সময় মনে করছেন না প্রসূন। তাই এই নির্মাতা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই শেকড় সিনেমাটি মুক্তি দেবেন তিনি। প্রসূন রহমান বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল, এই ঈদে শেকড় সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু একসঙ্গে অনেক সিনেমার সমারোহ দেখে নিজেই এ সিদ্ধান্ত থেকে সরে আসি। সুস্থ প্রতিযোগিতায় আমার অস্বস্তি নেই, কিন্তু অতিরিক্ত ভিড়ে আমার অস্বস্তি হয়। পাশাপাশি মনে হয়েছে, শেকড়ের মতো পারিবারিক আবেগনির্ভর চলচ্চিত্রের জন্য একটু নিরিবিলি সময়ই বেশি উপযুক্ত। আমরা চাই, দর্শক তাড়াহুড়া বা কোলাহলের মধ্যে নয়, একটু স্থির হয়ে সিনেমাটি দেখবেন।’

    নির্মাতা প্রসূন আরও বলেন, ‘ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর আবেদন শেষ হওয়ার আগেই বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে।‌ ঈদের আমেজ এবং বিশ্বকাপ ফুটবলের এই দারুণ মৌসুমটি শেষ হওয়ার ঠিক পরপরই আমরা শেকড় নিয়ে আসব।’

    শেকড় সিনেমায় উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আবার সেই শেকড়ের সন্ধান, পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প থাকছে এই সিনেমায়।

    শেকড় সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান। আরও আছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে।

  • পবিত্র কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল ইরান

    পবিত্র কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল ইরান

    আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকোতে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। চলতি মাসের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ও অনুশীলনের জন্য দলটি মেক্সিকোতে অবস্থান করছে। যাত্রা শুরুর আগে দলটি তাদের দীর্ঘ দিনের ঐতিহ্য ধরে রাখতে কোরআন শরীফে চুমু খেয়ে, তার নিচ দিয়ে হেঁটে গিয়ে যাত্রা শুরু করে।

    মেক্সিকোর উদ্দেশে যাত্রার আগে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বিদায়ি অনুষ্ঠানে দেখা যায়, খেলোয়াড় ও কর্মকর্তারা পবিত্র কোরআনে চুম্বন দিচ্ছেন এবং কোরআনের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    ইরানি সংস্কৃতিতে এই রীতি দীর্ঘদিনের। গুরুত্বপূর্ণ কোনো সফর বা অভিযানের আগে কোরআন চুম্বন ও তার নিচ দিয়ে অতিক্রম করাকে আল্লাহর সুরক্ষা, দিকনির্দেশনা ও সফলতার আশীর্বাদ কামনার প্রতীক হিসেবে দেখা হয়। এটি ধর্মীয় আচারের পাশাপাশি জাতীয় ঐক্য, বিশ্বাস ও গর্বেরও বহিঃপ্রকাশ।

    যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই নানা জটিলতা তৈরি হয়েছে। যার মূল কারণ ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা। ভিসা প্রক্রিয়াকরণের সমস্যার কারণে ইরানকে তাদের প্রাথমিক প্রশিক্ষণ ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসন থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করতে হয়, যা ক্যালিফোর্নিয়া সীমান্তের খুব কাছে অবস্থিত। এর আগে দলটি তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্টালিয়াতে প্রশিক্ষণ নিচ্ছিল এবং সেখান থেকে একটি ব্যক্তিগত বিমানে করে সরাসরি মেক্সিকোতে এসে পৌঁছায়।

    চলতি বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার জন্য নিরুৎসাহিত করেছিলেন। খেলোয়াড়দের ‘জীবন ও নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মন্তব্য করেছিলেন এই পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া ‘উপযুক্ত’ বলে তিনি মনে করেন না।

    তবে ট্রাম্পের এই মন্তব্যের পরদিনই ইরানের জাতীয় দলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। তারা স্পষ্ট করে জানিয়ে দেয়, ইরানকে বিশ্বকাপ খেলা থেকে বাদ দেওয়ার বা ‘বর্জন করার ক্ষমতা কারো নেই’। সব বাধা পেরিয়ে ইরানি দল এখন মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে।

  • বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

    বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

    বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ভক্তদের জন্য একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

    নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ১৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, বিশ্বকাপ শিরোপা জিততে পারলে তিনি এই প্রতিশ্রুতি পূরণ করবেন। বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ।

    বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি ২০২৪ ইউরো জয়ের স্মৃতি তুলে ধরেন। ইয়ামালের মতে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ অনুভব করা স্বাভাবিক। তবে তিনি শিখেছেন, শুরুটা প্রত্যাশামতো না হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং নিজের খেলায় মনোযোগ রাখতে হয়, কারণ একটি বড় আসর দীর্ঘ সময়ের লড়াই।

    ব্যালন ডি’অর প্রসঙ্গেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন ইয়ামাল। তিনি স্বীকার করেন, একসময় মনে হয়েছিল পুরস্কারটি তার হাতেও উঠতে পারে। কিন্তু পরে উপলব্ধি করেন, তখনো তিনি যথেষ্ট পরিণত ছিলেন না এবং পুরস্কারটির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে পারতেন না। তাই উসমান দেম্বেলের জয়কে তিনি ইতিবাচকভাবেই দেখেন।

    দেম্বেলের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে ইয়ামাল বলেন, ফরাসি এই তারকা তাকে নিয়মিত পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়গুলোতে মানসিক সমর্থন জুগিয়েছেন। তার ব্যক্তিগত ও পেশাদার উন্নতিতে দেম্বেলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

    বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্পেনের। এরপর মূল আসরে গ্রুপ এইচে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে খেলবে দলটি।

  • বিশ্বকাপ ফুটবল দেখাতে এবার খরচ হবে ৭৩ কোটি টাকা

    বিশ্বকাপ ফুটবল দেখাতে এবার খরচ হবে ৭৩ কোটি টাকা

    ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখানোর সম্প্রচারস্বত্ব কিনছে সরকার। ফিফা থেকে কোনো দরপত্র ছাড়া অর্থাৎ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য এ স্বত্ব কেনা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। আগেরবারের চেয়ে এবার খরচ কমল ২৫ কোটি টাকা।

    আজ রোববার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রথমে বিষয়টির নীতিগত অনুমোদন হয়। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপস্থাপন করা এ প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। ১১ জুন শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট এ আসর। এটি বিশ্বকাপের ২৩তম আসর, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। উত্তর আমেরিকার কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—এ তিন দেশের ১৬টি শহরে যৌথভাবে এ আয়োজন করা হচ্ছে।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বিটিভিতে বিশ্বকাপের সব খেলা দেখানোর জন্য সব ধরনের স্বত্ব কেনা হচ্ছে ৩৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে। প্রতি ডলার ১২২ টাকা ৭৭ পয়সা দরে হিসাব করে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ঠিক করেছে ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকা। মূল্য সংযোজন কর (ভ্যাট), করসহ এতে মোট খরচ হবে ৭২ কোটি ৭০ লাখ টাকা। ফলে কোনো ধরনের কেব্‌ল নেটওয়ার্ক বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই বিটিভিতে এবারের বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

    আগের বারের অর্থাৎ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের প্রচারস্বত্ব কিনতে বিটিভি অনেক জটিল প্রক্রিয়া অনুসরণ করেছিল। সেবার এ স্বত্ব কেনা হয়েছিল ৯৮ কোটি টাকায়। বিটিভির কাছে তা বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।

  • বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে

    বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে

    সবকিছু ঠিক থাকলে ১১ জুন তথা বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফিফার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী ৪৮টি দল।

    বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে অসলোর সমুদ্রসৈকতে অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়ে বিপাকে নরওয়ে ফুটবল টিম।

    নরওয়ে টিম আসলে পশুর চামড়া দিয়ে তৈরিয়ে ‘ভাইকিং’ পোশাকে ফটোশুটে অংশ নেয়। যে কারণে দেশবাসীর রোষানলে পড়ে। সেই পোশাক যে নরওয়ের মানুষকেই দুইভাগে বিভক্ত করে দেবে, কে জানত!

    এমন পোশাকে ফটোশুট করায় দেশটির এক সংবাদপত্রে তীব্র সমালোচনা করা হয়েছে। বলা হচ্ছে, ‘ভাইকিং’ পোশাক পরে ফোটোশুট করা উগ্র দেশাত্মবোধের পরিচয়। নরওয়ে টিমের এমন আচরণকে ‘নিও নার্থস’ গোত্রীয় বলেও অভিহিত করা হয়েছে।

    শুধু নরওয়ের সংবাদপত্রই নয়। জেন হং স্কোলদিনামক সে দেশের এক রিসার্চার হালান্ডদের কৃতকর্মকে ‘উগ্র পুরুষত্ব প্রদর্শন’ হিসেবে অভিহিত করেছেন। বলে দিয়েছেন, “এটা আসলে ডানপন্থী মানসিকতার উদাহরণ।”

    ফোটোশুটকে ঘিরে উত্তেজনা এতই বেড়েছে যে, নরওয়ে কোচ স্টেল সোলবাকেনকে পর্যন্ত সাংবাদিক সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও তিনি বলেন, “ফোটোশুট নিয়ে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না।”

    ১৯৯৮ সালের পর এই প্রথম ফিফা বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে নরওয়েকে। মাঝের ছয় বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলেও এবার সেই খরা কাটিয়ে বিশ্ব ফুটবলের মহারণে নামছে আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ডদের দল।

  • বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাতে পারে বিটিভি

    বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাতে পারে বিটিভি

    সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বিটিভি সরাসরি খেলা সম্প্রচার করবে। ফলে বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাওয়া নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটেছে।

    আজ বুধবার তথ্য মন্ত্রণালয় ও বিটিভির দুটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

    জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রথম আলোকে বলেন, ‘পাবলিক মানি (জনগণের টাকা) খরচ না করে পাবলিককে খেলা দেখানোর জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।’

    ১১ জুন পর্দা উঠছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। বাংলাদেশে এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকে স্বত্ব কিনে বাংলাদেশে খেলা সম্প্রচার করার কথা ছিল।

    প্রতিষ্ঠানটি সম্প্রচারস্বত্ব বাবদ বিটিভির কাছে প্রায় ১৫১ কোটি টাকা চেয়েছিল। করসহ তা দাঁড়াত ২০০ কোটি টাকার কাছাকাছিতে। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি হয়নি।

    এদিকে বিক্রি করতে না পারায় স্বত্ব ছেড়ে দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক ওই প্রতিষ্ঠান।

    এরপর বাংলাদেশ সরকার বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। গতকাল মঙ্গলবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে জানায়, বিনা মূল্যে সম্প্রচারস্বত্ব পেতে সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বিটিভির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ আলোচনার সঙ্গে যুক্ত রয়েছেন।

    তথ্য মন্ত্রণালয়ের ওই সূত্র প্রথম আলোকে বলেছে, আশা করা যায়, দর্শকেরা খেলা দেখতে পারবেন। আলোচনা চূড়ান্ত হলে বিটিভি বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব নেবে। বেসরকারি পর্যায়ে যারা খেলা দেখাবে, তারা বিটিভি থেকে স্বত্ব নেবে। দুই–এক দিনের মধ্যে হয়তো আলোচনা চূড়ান্ত হবে।

    এদিকে খেলা সরাসরি সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম টফিও। প্রতিষ্ঠানটি প্রথম আলোকে জানায়, বিশ্বকাপ ফুটবলের ডিজিটাল সম্প্রচারস্বত্ব পেয়েছে বাংলালিংক ও টফি। বাংলালিংকসহ সব ফুটবলপ্রেমীরা টফিতে খেলা দেখতে পারবেন।

    বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনের কোটি কোটি ফুটবল সমর্থকও সম্প্রচারস্বত্ব জটিলতার কারণে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। তবে সম্প্রতি ফিফা চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে ২০২৬ ও ২০৩০ পুরুষ বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ নারী বিশ্বকাপের সম্প্রচার চুক্তি নিশ্চিত করেছে।

    আর ভারতের গণমাধ্যম প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে ফিফা।

    বিটিভি সূত্র বলছে, ২০১৮ সালে ‘প্যাকেজ নীতিমালা’–এর (যারা সম্প্রচারস্বত্ব পেত, তারা বিটিভির মাধ্যমে সম্প্রচার করত) আওতায় কোনো খরচ ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করেছিল বিটিভি।

    তবে ২০২২ সালে এই নীতিমালা বাতিল হয়ে যায়। ফলে ওই বছর বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে অর্থ বরাদ্দ পায় বিটিভি। তখন ‘বিশেষ বাজেটে’ ৯৮ কোটি টাকা খরচ করে সম্প্রচারস্বত্ব কিনেছিল তারা।

  • বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

    বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

    বিশ্বকাপ শুরুর আগেই সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে পরাজিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দলের হয়ে ছয়টি গোলই করেছেন ছয় ভিন্ন খেলোয়াড়- ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো, রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো।

    ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ১৪তম মিনিটে ফ্রি-কিক থেকে আসা বল ম্যাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করলে সমতায় ফেরে পানামা।

    প্রথমার্ধে চার রক্ষণভাগ, দুই মধ্যমাঠ ও চার আক্রমণভাগের বিন্যাসে দলকে খেলান আনচেলত্তি। তবে এ সময়ে মধ্যমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারাইসকে বেশ চাপে পড়তে হয়। আক্রমণে প্রত্যাশিত ধারও দেখা যায়নি।

    দ্বিতীয়ার্ধে একসঙ্গে ১০ জন খেলোয়াড় পরিবর্তনের পর ব্রাজিলের খেলায় নতুন গতি দেখা যায়। এ সময় রায়ান, পাকেতা, থিয়াগো ও দানিলো গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। পানামার হয়ে কার্লোস হার্ভি একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধান কমাতেই সাহায্য করে। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    তবে বড় জয়ের পরও দলের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, দ্বিতীয়ার্ধের খেলা তার মনে কিছু ইতিবাচক সংশয়ের জন্ম দিয়েছে। তবে তার মতে, দলের ভেতরে সুস্থ প্রতিযোগিতা ও নিজেদের জায়গা ধরে রাখার লড়াই থাকাটা গুরুত্বপূর্ণ।

    বিশ্বকাপে ব্রাজিল কোন কৌশল বা বিন্যাসে খেলবে এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি হাস্যরসের সুরে বলেন, তিনি বিশ্বকাপ শুরুর আগে কিছু রহস্য বজায় রাখতে চান। এতে সমর্থক ও গণমাধ্যমের আগ্রহও বজায় থাকবে বলে মন্তব্য করেন তিনি।

    এদিকে ম্যাচের আগে ও পরে মাঠে উপস্থিত ছিলেন নেইমার। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না হওয়ায় তিনি প্রস্তুতি ম্যাচগুলোতে অংশ নিচ্ছেন না।

    ম্যাচ শেষে খেলোয়াড়দের স্বল্প সময়ের জন্য পরিবারের সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়েছে। পরে পুরো দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। সেখানে তাদের সঙ্গে যোগ দেবেন সাম্প্রতিক মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার ফাইনালে অংশ নেওয়া মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

    বিশ্বকাপের আগে এই বড় জয় ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস বাড়ালেও দলকে আরও পরিপূর্ণ করতে কিছু জায়গায় কাজ করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন কোচ আনচেলত্তি।

  • আয়োজক মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

    আয়োজক মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

    এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকো ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মেক্সিকো। স্কোয়াডের সবচেয়ে বড় চমক হলেন গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সী এই তারকা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার কীর্তি গড়েদুই মহাতারকা মেসি-রোনাল্ডোর পাশে নিজের নাম লিখালেন। মেসি ও রোনালদো এবারের আসর নিয়ে ৬টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন।

    গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথমবার জাতীয় দলে সুযোগ পান ওচোয়া। এরপর বিশ্বকাপ মঞ্চে তার একাধিক স্মরণীয় পারফরম্যান্স মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিয়মিত না খেললেও অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণেই আগিররের পরিকল্পনায় জায়গা পেয়েছেন তিনি।

    বিশ্বকাপে মেক্সিকোর নেতৃত্ব দেবেন অধিনায়ক এডসন আলভারেজ। গেল মৌসুমে ওয়েস্ট হ্যাম থেকে ধারে ফেনারবাহচেতে খেলেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। , কোচ জাভিয়ের আগুইরে ২৬ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন ইংলিশ ক্লাব ফুলহ্যামের স্ট্রাইকার রাউল হিমেনেজ।

    দলে অভিজ্ঞদের পাশাপাশি রাখা হয়েছে বেশ কয়েকজন তরুণকেও। দলে সুযোগ পেয়েছে ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। এতে তিনি হতে চলেছেন দেশটির সর্বকনিষ্ঠ খেলোয়াড়। অন্যদিকে দলে জায়গা করে নিয়েছে আরেক উদীয়মান প্রতিভা ২৩ বছর বয়সী আরমান্দো গঞ্জালেজ।

    মেক্সিকোর হয়ে ষষ্ঠবারের মতেো বিশ্বকাপের আসরে খেলবেন ৪০ বছর বয়সী গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া

    মেক্সিকোর কোচ হিসেবে আগুইরের এটি তৃতীয় বিশ্বকাপ হবে। এর আগে তিনি ২০০২ এবং ২০১০ সালের আসরেও দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন।

    ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। ঘরের মাঠে মেক্সিকো সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৮৬ সালে, যেখানে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এবারও সেই সাফল্য ছুঁয়ে দেখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।

    বিশ্বকাপ শুরুর আগে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর ১১ জুন ঐতিহাসিক এস্তাদিও আজতেকা-তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

    মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড

    গোলরক্ষক : রাউল রাঙ্গেল (গুয়াদালাহারা), গিয়েরমো ওচোয়া (এএল লিমাসোল), কার্লোস অ্যাসেভেডো (সান্তোস লাগুনা)।

    ডিফেন্ডার : হোর্হে সানচেজ (পিএওকে), ইজরায়েল রেয়েস (ক্লাব আমেরিকা), সিজার মন্টেস (লোকোমোটিভ মস্কো), জোহান ভাসকেজ (জেনোয়া), জেসুস গ্যালার্দো (টোলুকা), মাতেও শ্যাভেজ (এজেড)।

    মিডফিল্ডার : এরিক লিরা (ক্রুজ আজুল), অরবেলিন পিনেদা (এইকে অ্যাথেন্স), আলভারো ফিডালগো (রিয়াল বেটিস), রবার্তো আলভারাদো, ব্রায়ান গুতেরেস, লুইস রোমো (গুয়াদালাজারা), এডসন আলভারেজ (ওয়েস্ট হ্যাম), ওবেদ ভার্গাস (অ্যাটলেটিকো মাদ্রিদ), গিলবার্তো মোরানা (তিউনি) লুইজোয়ানা (তবে)।

    ফরোয়ার্ড : সেজার হুয়ের্তা (আন্ডারলেখ্ট), অ্যালেক্সিস ভেগা (টোলুকা), জুলিয়ান কুইনোনেস (আল-কাদসিয়া), গুইলারমো মার্টিনেজ (ইউএনএএম), আরমান্দো গঞ্জালেজ (গুয়াদালাজারা), সান্তিয়াগো গিমেনেজ (এসি মিলান), রাউল জিমেনেজ (ফুলহাম)।

  • ফ্রান্স কিংবদন্তি জিদানের ছেলে বিশ্বকাপে খেলবেন আলজেরিয়া দলের হয়ে

    ফ্রান্স কিংবদন্তি জিদানের ছেলে বিশ্বকাপে খেলবেন আলজেরিয়া দলের হয়ে

    ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান এবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। আলজেরিয়া তাকে তাদের বিশ্বকাপ দলে ডেকেছে।

    ২৮ বছর বয়সী লুকা আফ্রিকান কাপ অফ নেশনসে আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। কিন্তু এপ্রিলে স্পেনের ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় চোয়াল ও থুতনি ভেঙে যায় তার। সেই চোট সারিয়ে এখন তিনি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

    লুকা ফ্রান্সের হয়ে অনূর্ধ্ব-২০ পর্যন্ত খেলেছেন। পরে আলজেরিয়াকে বেছে নেন, কারণ তার দাদা-দাদি সেখানকার মানুষ।

    তার বাবা জিনেদিন জিদান ১৯৯৮ সালে ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে দুই গোল করে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান। ২০০৬ সালের ফাইনালেও গোল করেন, তবে সেই ম্যাচে লাল কার্ড দেখেন।

    আলজেরিয়ার এই দলে আরও ফিরেছেন সাবেক ম্যানচেস্টার সিটি ও লেস্টার ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। ৩৫ বছর বয়সী মাহরেজ এখন সৌদি আরবের আল-আহলিতে খেলছেন।

    সাবেক টটেনহাম মিডফিল্ডার নাবিল বেনতালেব সাত মাস পর দলে ফিরেছেন। হুসেম আউয়ার ও আমিন গুইরিও ফিরেছেন। দুজনই চোটের কারণে এই বছরের শুরুতে আফ্রিকান কাপ অফ নেশনস খেলতে পারেননি।

    ৩১ বছর বয়সী বেনতালেব গত তিন মৌসুম ধরে ফ্রান্সের লিলে খেলছেন। তিনি ২০১৪ সালে ব্রাজিলে আলজেরিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, যেটাই আলজেরিয়ার সর্বশেষ বিশ্বকাপ ছিল।

    আলজেরিয়া গ্রুপ জে-তে খেলবে। তাদের সামনে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।

    আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
    গোলরক্ষক: উসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।
    ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রাফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির শেরগুই, জাউয়েন হাজাম, আইসা মান্দি, মোহাম্মদ আমিন তুগাই।
    মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস চাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরৌকি।
    ফরোয়ার্ড: মোহাম্মদ আমিন আমুরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।

  • বিশ্বকাপের আগে চোটাক্রান্ত আর্জেন্টিনার তারকা

    বিশ্বকাপের আগে চোটাক্রান্ত আর্জেন্টিনার তারকা

    বিশ্বকাপের আগে প্রস্তুতির সময় চোট পেয়েছেন আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

    যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে পারেদেসের চোটের খবর আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। তবে এই দুই ম্যাচে পারেদেসের খেলার সম্ভাবনা নেই।

    ম্যাচ শেষে বোকা জুনিয়র্স অধিনায়ক বলেন, ‘পুরো সপ্তাহজুড়েই আমি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলাম। কিন্তু কোনোভাবেই এই ম্যাচটি মিস করতে চাইনি। মাঠ ছেড়ে আসার প্রশ্নই ছিল না।’

    তিনি আরও বলেন, ‘কোচ আমাকে সত্যিটা বলতে বলেছিলেন এবং নিজের যত্ন নিতে বলেছেন। কারণ সামনে আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে। তারপরও এই ম্যাচে না খেলে বসে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না।’

    বিশ্বকাপের আগে পারেদেসের চোট কতটা গুরুতর এবং তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি আর্জেন্টিনা দল বা বোকা জুনিয়র্স।

  • বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার মুসলিম ইয়ামাল?

    বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার মুসলিম ইয়ামাল?

    বিডিটািইমস ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে ১১ দিন পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আসন্ন এই বিশ্বকাপে সবচেয়ে দামি ফুটবলার কে, তার পারিশ্রমিক কত?

    সাম্প্রতিক পরিসংখ্যান বলছে—বিশ্ব ফুটবলের নতুন তারকারা বয়সে যত তরুণ হচ্ছেন, দামের দিক দিয়ে ততটাই ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে।

    এর সবচেয়ে বড় ও চমকপ্রদ উদাহরণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ২০ বছর না পেরোতেই এই বার্সেলোনা উইঙ্গারের বাজারমূল্য এখন ৪০১ মিলিয়ন (৪০ কোটি ১০ লাখ) ডলারেরও বেশি! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার কোটি টাকা। বিশ্বজুড়ে দামি খেলোয়াড়দের তালিকায় তিনি এখন সবার ওপরে। সমবয়সী অন্য যেকোনো ফুটবলারের চেয়ে তার দাম প্রায় তিন গুণ।

    ইয়ামালের ঠিক পরেই আছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির ‘গোলমেশিন’ আরলিং হালান্ড। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বয়স ২৭ পেরিয়ে গেলেও এই তালিকার শীর্ষ তিনে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

    আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া শীর্ষ ১০ দামি ফুটবলারের তালিকাটি দেখলে ইউরোপের বড় পরাশক্তিগুলোর একচেটিয়া আধিপত্যই চোখে পড়বে। এই তালিকায় রিয়াল মাদ্রিদের তিনজন, বার্সেলোনার দুজন এবং ফরাসি ক্লাব পিএসজির দুজনের জায়গা হয়েছে।

    তবে তালিকায় ফ্রান্সের উসমান দেম্বেলের নাম নেই! অথচ পিএসজির হয়ে সম্প্রতি সব শিরোপাই জিতেছেন তিনি, এমনকি ২০২৫ সালের ব্যালন ডি’অরও উঠেছে তার হাতে।

    ব্যক্তিগত এত বড় অর্জনের পরও দেম্বেলের না থাকার কারণটা বেশ পরিষ্কার। বর্তমান ফুটবল বাজার খেলোয়াড়দের অতীত বা বর্তমানের ব্যক্তিগত অর্জনের চেয়ে তাদের বয়স, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপরই বেশি জোর দিচ্ছে। আর সে কারণেই সেরাদের এই তালিকায় রাজত্ব করছেন তরুণেরাই।

    ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার

    ১. লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪০১.৩১ মিলিয়ন ডলার

    ২. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) – ২৯৮.৩৭ মিলিয়ন ডলার

    ৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ২৩৫.২৩ মিলিয়ন ডলার

    ৪. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৭৯.০৮ মিলিয়ন ডলার

    ৫. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) – ১৬০.১০ মিলিয়ন ডলার

    ৬. ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) – ১৫৮.৭৬ মিলিয়ন ডলার

    ৭. দেজিরে দুয়ে (পিএসজি) – ১৫৭.৩৪ মিলিয়ন ডলার

    ৮. জোয়াও নেভেস (পিএসজি) – ১৫২.৭৮ মিলিয়ন ডলার

    ৯. আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) – ১৫২.৪৩ মিলিয়ন ডলার

    ১০. পেদ্রি (বার্সেলোনা) – ১৫২.০৫ মিলিয়ন ডলার।

  • কূটনৈতিক চাপের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু ইরানের

    কূটনৈতিক চাপের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু ইরানের

    ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরের পর্দা উঠছে ১১ জুন, যেখানে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান জাতীয় ফুটবল দল।

    তবে এবারের বিশ্বকাপ অভিযানে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক উত্তেজনা এবং লজিস্টিক নিরাপত্তা ইস্যু।

    ১৩ মে (বুধবার) তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব স্কোয়ারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় দলকে বিদায় জানানো হয়। হাজারো সমর্থকের উপস্থিতিতে দলের নতুন জার্সি এবং একটি থিম সং উন্মোচন করা হয়।

    অনুষ্ঠানে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে মিশ্র আবেগ দেখা যায়। কেউ কেউ এই সফরকে শুধুই ফুটবল হিসেবে দেখলেও, অনেকের কাছে যুক্তরাষ্ট্রে ইরানের অংশগ্রহণকেই এক ধরনের প্রতীকী সাফল্য হিসেবেও দেখা হচ্ছে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, বিশ্বকাপের মূল পর্বের আগে কন্ডিশনিং ক্যাম্প করতে ইরান দল আগামী ১৮ মে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা দেবে। সেখানে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে, যার মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রেও একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

    কূটনৈতিক জটিলতার কারণে ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ভিসা ও যাতায়াত সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে ফিফা দুঃখ প্রকাশ করে আলাদা বৈঠকের আশ্বাস দিয়েছে।

    ফেডারেশন প্রধান মেহদি তাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক বিরোধ নেই এবং ইরান বিশ্বকাপে যাচ্ছে যোগ্যতা অর্জনের ভিত্তিতে। তিনি আরও বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করতে ও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।

    আসন্ন বিশ্বকাপে ইরানকে গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে দেখা যাবে।

    তাদের প্রথম ম্যাচ ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

    বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক পরিস্থিতি খেলোয়াড়দের ওপর বাড়তি মানসিক প্রভাব ফেলতে পারে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, এমন প্রতিকূলতা অনেক সময় ইরান দলের মধ্যে আরও ঐক্যবদ্ধ ও লড়াকু মনোভাব গড়ে তুলবে।