বিশেষ পরীক্ষা অংশ নেবে অকৃতকার্য ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী

Uniformed college students checking examination updates together on a smartphone

প্রতিবেদন:

·

,

এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যে বিশেষ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরীক্ষায় প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, এক বা দুটি বিষয়ে ফেল করার কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে না থাকে, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারা যেন হতাশ হয়ে মাদকাসক্তি কিংবা মোবাইল আসক্তির দিকে ঝুঁকে না পড়ে, সে জন্যই বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি জানান, দেশে উচ্চশিক্ষায় ভর্তির জন্য ১৫ লাখ আসন রয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীদের সুযোগ করে দিতে বিশেষ পরীক্ষা নেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তবে গোপালগঞ্জে এ পরীক্ষা আয়োজন নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও তুলে ধরেন তিনি।

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের মান নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পুনর্নিরীক্ষণের পর এসএসসির ৫২ হাজার এবং এইচএসসির ২৩ হাজার উত্তরপত্রের গ্রেড পরিবর্তন হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের খাতা মূল্যায়নের পদ্ধতির ওপর আরও নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন। অতীতে কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। আগামী বছর সেসব জায়গায় আরও নির্ভুলভাবে কাজ করার চেষ্টা থাকবে। দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার অসামঞ্জস্যের বিষয়টিও সম্মিলনে উঠে আসে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু কলেজে শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক পাওয়া যাচ্ছে না। তিনি জানান, সরকার এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে দেশের বিভিন্ন অঞ্চলের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষরা অংশ নেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ